নির্বাচন পদ্ধতি নির্ধারণে গণভোট হতে পারে

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৩১
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে কথা বলেন তার পরিবর্তন করতে হবে। অন্যথায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার পদ্ধতি নির্ধারণে প্রধান দলগুলোর মধ্যে সমঝোতা হবে না। সমঝোতার জন্য সংলাপ প্রয়োজন। আর সংলাপের জন্য প্রস্তুতিও দরকার। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘শর্তহীন সংলাপ ও নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক ছায়া সংসদে সোমবার ড. আকবর আলি খান এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত এই ছায়া সংসদে স্পিকার হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’—এ শ্লোগানে অনুষ্ঠিত ছায়া সংসদে সরকারি দল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয়।