‘বেটার ওয়ার্ক’ কর্মসূচির আবেদন বিশ্বব্যাংক ও আইএলওতে নাকচ

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৩১
বাংলাদেশের পোশাকশিল্পের গুণগত মান উন্নয়নে ‘গ্লোবাল বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ পরিচালনার আবেদন নাকচ করে দেয়া হয়েছে। বিশ্ববাংক ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালিত এই কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলো বাংলাদেশ। আইএলওর এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট শনিবার এ খবর জানায়। তৈরি পোশাক শিল্পে পর্যবেক্ষণে আন্তর্জাতিক এই প্রকল্পে যোগ দেয়ার জন্য গত বছর আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের শ্রম আইন অত্যন্ত দুর্বল এবং শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের অবস্থাও শোচনীয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই কর্মসূচির আওতায় কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের পোশাক শিল্প ও কারখানা পর্যবেক্ষণ করা হয়। কারখানার মালিক ও ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতা দেয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের শ্রম আইনের একটি বড় ধরনের সংস্কার প্রস্তাব আগামী জুনে পার্লামেন্টে ওঠার কথা আছে। যুক্তরাষ্ট্রসহ অন্যদের চাপেই এটা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বাইরের চাপ দেশটির ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। তবে এ নিয়ে খুব বেশি চাপ দেয়ার বিষয়েও দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। কেননা এর ফলে এ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। যেখানে লাখ লাখ শ্রমিক রয়েছে, যাদের বেশির ভাগ নারী। গ্লোবাল বেটার ওয়ার্ক প্রোগ্রাম-এর পরিচালক ড্যান রিস জানিয়েছেন, শ্রম আইন ও শ্রমিকদের অবস্থার উন্নতি হওয়ার আগে সেখানে প্রকল্পের কাজ শুরু করা হলে ব্যর্থ হওয়ার ঝুঁকি আছে। তাছাড়া সেখানকার শ্রম আইনে স্পষ্টতার অভাব রয়েছে। এই অবস্থায় সেখানকার কারখানা পর্যবেক্ষণ এবং দ্বন্দ্ব নিরসনের সঙ্গে আমরা জড়িত হতে পারি না। কেননা এমন ক্ষমতা আমাদের দেয়া হয়নি।