তলবে হাজির না হওয়ায় সি. সহকারী সচিবের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৩১
হাইকোর্টে হাজির হয়ে নি:শর্ত ক্ষমা চাইলেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মুজিবুর রহমান। তলব আদেশে রবিবার যথাসময়ে আদালতে হাজির না হওয়ায় বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ ওই সিনিয়র সহকারি সচিবকে গ্রেফতার করে ২৭ মে আদালতে হাজির করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। আদালতের এই আদেশ জানতে পেরে বিকালেই হাইকোর্টের ওই বেঞ্চে হাজির হয়ে নি:শর্ত ক্ষমা চান মুজিবুর রহমান। এরপর তার আইনজীবী এডভোকেট এএম আমিনউদ্দিন আদালতে বলেন, যথাসময়ে তলব আদেশ হাতে না পাওয়ায় তিনি আদালতে হাজির হতে পারেননি। আদেশের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি হাজির হয়েছেন। আদালত অবমাননার কোনো অভিপ্রায় তার ছিলো না। এই বক্তব্যে সন্তুষ্ট হয়ে ইতিপূর্বে দেয়া গ্রেফতারের আদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট। তবে আগামী ২৭ মে তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত গত ৫ মার্চ বরিশালের সহকারি জজ আদালত মেহেন্দিগঞ্জে স্থানান্তরে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। ওই গেজেটে স্বাক্ষর করেন মুজিবুর রহমান। গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কবির বাদল হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট ওই গেজেটের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি ওই আদালত স্থানান্তর কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। গত ৬ মে রুল শুনানিতে সিনিয়র সহকারি সচিবকে তলবের আদেশ দেয়া হয়।