মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই সবুজ খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা পেয়েছে পুলিশ। প্রতিপক্ষ গ্রুপ তাকে পথের কাঁটা ভেবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। গত শনিবার দুপুরে রাজধানীর কদমতলীর দক্ষিণ ধনিয়ার পাটেরবাগে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা মফিজুর রহমান ওরফে সবুজকে (৩৫) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী কদমতলী থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত দুই বছর আগে সিঙ্গাপুর ফেরত সবুজ এলাকায় ‘খান এন্টারপ্রাইজ’ নামে ইট-বালুর দোকান দেয়। ওই দোকানে বেচাকেনা না হলেও এর আড়ালে মাদক ব্যবসা চলত। অন্যদিকে কদমতলী এলাকার একজন ছাত্রনেতার নামে আরেকটি গ্রুপ ওই এলাকায় মাদক ব্যবসা করত। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েকবার বৈঠক হলেও তারা মীমাংসায় আসতে পারেনি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের হাতে খুন হন সবুজ। সবুজের ছোট ভাই সুজন জানান, তার ভাই মাদক ব্যবসা তো দূরের কথা সে উল্টো স্থানীয় মাদক ব্যবসা এবং চাঁদাবাজিতে বাধা দিতেন। এ কারণে তার ভাইকে খুন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক সারোয়ার আলম জানান, এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি আছে আরো ৫/৬ জন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, আসামিদের সঙ্গে সবুজের ঘটনার দুই দিন আগে সংঘর্ষ হয়েছিল। ধারণা করা হচ্ছে সংঘর্ষের কারণেই তাকে খুন করা হয়েছে।
