বোর্ড সভাপতিকে চিঠি দিচ্ছেন মুশফিকরা
ক্রিকেটারদের মধ্যেই বিভাজনের শঙ্কা
আবার অনিশ্চয়তায় প্রিমিয়ার লিগ
সংকট নিরসনে আজ ক্লাব-বিসিবি বৈঠক
গ্রেডিং পদ্ধতিতে খেলবে না জাতীয় দলের ক্রিকেটাররা
বাংলাদেশ ক্রিকেটে এখন সবচে আলোচিত নাম মুশফিকুর রহিম জিম্বাবুয়েতে অধিনায়কত্ব কাণ্ডের পর আবারো নতুন করে আলোচনায় এসেছেন গতকাল হঠাত্ করেই জাতীয় দলের ২২ ক্রিকেটারকে ‘দাওয়াত’ দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৈঠক করার কারণে। জানা গেছে, অধিনায়কত্ব বা জাতীয় দল নয়, তাদের আলোচনার বিষয় ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে। উপস্থিত খেলোয়াড়রা কিছু না বললেও তাদের ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা গেল, তারা একমত হয়েছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো গ্রেডিং পদ্ধতিতে প্রিমিয়ার ক্রিকেট খেলবেন না।
ক্রিকেটারদের কেউই অবশ্য গতকালকের এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খুলতে রাজি হননি। নজিরবিহীনভাবে মুখে তালা দিয়ে রাখলেন সব ক্রিকেটার। অনেকে সৌজন্য করে বলেছেন, এটা পুনর্মিলনী ছিল! বৈঠক শেষে অধিনায়ক মুশফিক বেরিয়ে শুধু বললেন, ‘সবকিছু সময় হলে জানতে পারবেন’। তামিম ইকবালের কাছ থেকেও শোনা গেল একই কথা, ‘দুই- তিনদিনের মধ্যে সব জানাবো’।
ক্রিকেটাররা মুখে তালা দিয়ে রাখলেও তাদের কিছু ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বৈঠকে জাতীয় দলের ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গ্রেডিং পদ্ধতি বাতিল না করলে এই মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট খেলবে না জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটাররা এ সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বরাবর একটি চিঠি পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। গতকালই এ চিঠি পাঠানোর কথা শোনা গেলেও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন এ ধরনের কোন চিঠি পাওয়ার কথা জানেন না বলে উল্লেখ করেন।
এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের এই অবস্থান তাদের সঙ্গে প্রিমিয়ারের বাকি সব ক্রিকেটারের এবং তাদের প্রতিনিধিত্বকারী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাথে একটা টানাপোড়েন তৈরি করতে যাচ্ছে। সে ইঙ্গিত পাওয়া গেছে গতকালই। কাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল এ প্রসঙ্গে শুধু বলেন, ‘আজ (কাল) তারা বৈঠকে বসেছে এ ব্যাপারে আমরা কিছুই জানি না।’
এমন পরিস্থিতিতে আজ বিসিবি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে ক্রিকেটারদের এই দাবি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তবে উদ্ভূত পরিস্থিতিতে প্রিমিয়ারের শীর্ষ কয়েকটি ক্লাবও লিগ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। বৃষ্টির মৌসুম হওয়ায় তারা সেপ্টেম্বরের আগে লিগ খেলতে চায় না।
গত মার্চে প্রিমিয়ার লিগের দলবদল এবং লিগ শুরু করার কথা থাকলেও ক্লাবগুলো বেঁকে বসার কারণে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) সময়মত লিগটি আয়োজন করতে পারেনি। ক্লাবগুলো অভিযোগ করে, জাতীয় দলের ক্রিকেটাররা না থাকায় অন্যান্য ক্রিকেটাররা বেশি পারিশ্রমিক দাবি করেছে। তাই মার্চ-এপ্রিলে প্রিমিয়ার লিগ খেলতে অস্বীকৃতি জানায় ক্লাবগুলো। এদিকে লিগ নিয়ে অনিশ্চয়তা দেখে মিরপুরে রাস্তায় বসে আন্দোলনও করেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের আশ্বাস দিয়ে ফেরত পাঠায় বিসিবি।
সর্বশেষ এ মাসে ক্লাবগুলোর সাথে বৈঠক করে বিসিবি লিগের সম্ভাব্য তারিখ নির্ধারণ করলেও প্রিমিয়ার লিগের দলবদলে নিয়ে আসে নতুন নিয়ম। বিপিএলের মত প্রিমিয়ার লিগেও খেলোয়াড়দের নিলামে তোলার প্রস্তাব করা হয়। নিলামের জন্য গ্রেডিং পদ্ধতিও ঠিক করে বিসিবি। গোল বেঁধেছে সেখানেই।
কোয়াবের দেয়া তালিকা অনুযায়ী ১৮১ জন খেলোয়াড়কে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এভাবে নিলামে উঠলে ক্ষতিগ্রস্ত হবেন জাতীয় দলের ক্রিকেটাররা। গ্রেডিংয়ে সর্বোচ্চ পারিশ্রমিক রাখা হয়েছে ৩৫ লাখ টাকা। এটাই মানতে পারছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। ক্লাব ও বিসিবির ফলপ্রসূ আলোচনার পর প্রিমিয়ার লিগের নতুন আলো দেখা গেলেও শীর্ষ ক্রিকেটারদের এই দাবির মুখে ফের অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকার সবচে জমজমাট এ ক্রিকেট লিগ।
ধারণা করা যাচ্ছে, জাতীয় দলের ক্রিকেটারদের এমন সিদ্ধান্তের ফলে অন্যান্য ক্রিকেটারদের সাথে তাদের সম্পর্কের একটা ফাটল দেখা দিতে পারে। কারণ, ‘যে কোনোভাবেই হোক লিগ আয়োজন করার স্বার্থে’ এ গ্রেডিং পদ্ধতি মেনে নেয়ার কথা বলেছিলেন জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার। এখন জাতীয় দল ক্রিকেটারদের আপত্তিতে লিগ আদৌ না হলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন বেশি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা সম্মিলিত আন্দোলনের যে প্রস্তাব বিকল্প হিসেবে দিয়েছিলেন, তাতেও মুশফিকরা রাজী নন বলে জানা গেছে। ফলে একটা বিভাজনের সুর এখন পরিষ্কার।
