ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিরকালের যে দুর্নাম, তা ঘুচাতে এবার তারা উঠে-পড়ে লেগেছে। এবার অন্তত ম্যাচ গড়া জেতার ব্যাপারে অনমনীয় আচরণ দেখাতে চায়। ফলে ঝড়ের গতিতে একটার পর একটা ব্যবস্থা কার্যকর করে চলেছে তারা।
আইপিএলের মান বাঁচাতে হোক আর সত্যিই দুর্নীতির বিরোধিতার জন্য হোক ইতিমধ্যে আইপিএলের চলতি আসরের শেষ চার দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দিয়ে ফেলেছে তারা। দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব তদন্ত শেষ করতে তদন্ত কমিটির প্রধান ও বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের চিফ রবি সাওয়ানি গতকালই দিল্লী পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষ করেছেন। ইতিমধ্যে বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত ও তালিকায় থাকা সব ক্রিকেটারকে যার যার এজেন্টের নাম জমা দিতে বলা হয়েছে।
এদিকে নতুন করে আইপিএলে এই ম্যাচ পাতানোর বিতর্ক ও ভারত জুড়ে বাজিকরদের গ্রেপ্তার নিয়ে ব্যাপক উদ্বিগ্ন দেশটির সরকার। সরকারের আইনমন্ত্রী কপিল সিবাল ইতিমধ্যে ফিক্সিংয়ে জড়িত খেলোয়াড়ের চূড়ান্ত শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের চিন্তার কথা জানিয়েছেন। অন্যদিকে ক্রিকেট মহল থেকে সুপারিশ করা হচ্ছে, সংশ্লিষ্ট ক্রিকেটাররা দোষী প্রমাণিত হলে তাদের সব ধরনের রেকর্ড মুছে ফেলার আইন করা হোক।
সর্বশেষ এতো কিছু করে বিসিসিআই শেষ রক্ষা নাও করতে পারে। কারণ আইপিএলের চলতি আসরের ওপরেই নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে জনস্বার্থে আবেদন করা হয়েছে। একই সঙ্গে চেন্নাইয়ের আদালতে বিচার বিভাগীয় তদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন আরেক ভক্ত।
আর যাদের নিয়ে এতো কাণ্ড হচ্ছে ১৬ মে গ্রেপ্তার হওয়া সেই ক্রিকেটারদের ল্যাপটপ ও মোবাইল থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে দাবি করছে দিল্লী পুলিশ। চলতি আইপিএলের কমপক্ষে তিনটি ম্যাচে অর্থের বিনিময়ে নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান দেয়ার অভিযোগে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথম তিন ক্রিকেটারকে এবং ১১ জন বাজিকরকে। পরে দফায় দফায় অভিযানে এই বাজিকর সংখ্যা বেড়েছে এবং আরও এক সাবেক ক্রিকেটার গ্রেপ্তার হয়েছেন; আবিষ্কার হয়েছে ওই বাজিকরদের মধ্যে ছিলেন আরেক সাবেক ক্রিকেটার।
এরপরই দিল্লী পুলিশ সবাইকে পাঁচ দিনের রিমান্ডে নেয় এবং ক্রিকেটার ও বাজিকরদের ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব-প্যাড দখলে নেয়। আর এসব থেকেই পুলিশ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সব তথ্য পেয়েছে বলে জানাচ্ছে। ইতিমধ্যে অপরাধের স্বীকৃতি দেয়া শ্রীশান্থের ল্যাপটপ থেকে বাজিকরদের সঙ্গে ছবি ও মেইল পাওয়া গেছে। তবে আলোচিত বাজিকর জিজু জনার্ধনের সঙ্গে কথোপকথন শ্রীশান্থ মুছে ফেলেছেন বলে বলা হচ্ছে। দিল্লী পুলিশের সাইবার বিভাগ এ নিয়ে কাজ করছে।
দিল্লী পুলিশ যখন তার মতো কাজ করছে, বিসিসিআইয়ের তদন্ত কমিটিও মাঠে নেমে পড়েছে। রবি সাওয়ানির নেতৃত্বাধীন এই কমিটি অল্প সময়ের মধ্যে রিপোর্ট দেবে বলে আশা করছে বিসিসিআই। কারণ, সাওয়ানিতে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। অবশ্য দিল্লী পুলিশের কমিশনারের সঙ্গে সাওয়ানির প্রথম বৈঠকে তার ধাক্কা খাওয়ার কথা।
সাওয়ানি সব প্রয়োজনীয় প্রমাণাদির অনুলিপি চেয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু কমিশনার নিরাজ কুমার বলেছেন, আদালতের অনুমতি লাগবে। একই সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের নিরাজ কুমার বলেছেন, রাজস্থান রয়্যালস ক্রিকেটার নামে মামলা করলে সেটি মূল তদন্তের সঙ্গেই সম্ভবত যুক্ত হবে।
তদন্তের যখন এই অবস্থা, তখন দুটো সতর্কতামূলক পদক্ষেপ কার্যকর করার পথে বিসিসিআই। তারা ইতিমধ্যে আইপিএলের শেষ চার দলের সঙ্গে চার জন দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দিয়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, সানরাইজ হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস দলের হোটেলেও অবস্থান নেবেন এই চার কর্মকর্তা।
