টানা ১৬তম বার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে সমর্থকদের স্বস্তি দিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ও তার দল। টটেনহ্যামও গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিনের খেলায় জয়ী হয়। কিন্তু গানার্সদের চাইতে এক পয়েন্ট পেছনে থাকায় চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পারেনি। এর চাইতেও চমকপ্রদ ব্যাপার ছিল কোচ হিসেবে স্যার অ্যালেক্স ফার্গুসনের শেষ ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের সাথে ম্যানচেষ্টার ইউনাইটেডের ৫-৫ গোলে ড্র করা।
আর্সেনালকে জেতান লরেন্ট কোসিয়েনলির ভলি শট থেকে পাওয়া গোলটি। তার গোলেই স্বাগতিক নিউ ক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ওয়েঙ্গারের দল। অভিন্ন লক্ষ্যে থাকা টটেনহ্যাম হটস্পারও একই ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারায়। কিন্তু দলটি পঞ্চমস্থানে থেকে মৌসুম শেষ করতে বাধ্য হয়। টটেনহ্যামের একমাত্র গোলটি করেন গ্যারেথ বেল।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের রবিন ফন পার্সি ২৬ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। লিভারপুলের লুইজ সুয়ারেজ ২৩ গোল করে দ্বিতীয় এবং টটেনহ্যামের গ্যারেথ বেল ২১ গোল করে তৃতীয়স্থানে থাকলেন।
চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী ম্যাচে ৫-৫ গোলে ড্র করে স্বাগতিক ওয়েস্টব্রমউইচ আলবিয়নের সাথে। ৩৮ খেলা শেষে ইউনাইটেড ৮৯ পয়েন্ট পেয়ে মৌসুম শেষ করল।
গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি অবশ্য নরউইচ সিটির সাথে ৩-২ গোলে পরাস্ত হয়। এরপরও সিটি ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থেকে মৌসুম শেষ করল। চেলসি ২-১ গোলে এভারটনকে হারিয়ে তৃতীয়স্থানে থেকেই মৌসুম শেষ করে। তাদের অর্জন ৭৫ পয়েন্ট।
ইউনাইটেড, সিটি এবং চেলসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলবে। চতুর্থস্থান অধিকার করা আর্সেনালকে প্লে অফ খেলতে হবে। লিভারপুল শেষ ম্যাচে ১-০ গোলে হারায় কুইন্স পার্ক রেঞ্জার্সকে।
প্রিমিয়ার লিগে এই মৌসুমে অবনমনে গিয়েছে এফএ কাপ চ্যাম্পিয়ন উইগান অ্যাথলেটিক, রিডিং এবং কুইন্স পার্ক রেঞ্জার্স।
