জাতীয় মহিলা ক্রিকেট লিগ ফের শুরু হচ্ছে ২৪ মে

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
স্পোর্টস রিপোর্টার রাজনৈতিক অস্থিরতার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া জাতীয় মহিলা ক্রিকেট লিগ আবার শুরু হতে যাচ্ছে। কয়েক দফা তারিখ পরিবর্তন করে অবশেষে ২৪ মে থেকে লিগের অবশিষ্ট খেলাগুলো শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে ফাইনালসহ অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। বাকি চারটি সিলেটের জেলা স্টেডিয়ামে। লিগের ফাইনাল ৩০ মে। সাত বিভাগের চারটি দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে খুলনা বিভাগ। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১০। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা, রংপুর ও সিলেট বিভাগ। ঢাকা ও সিলেট ম্যাচের ভেতর দিয়ে আবার শুরু হবে খেলা।