থাইল্যান্ডের সাথে বাংলাদেশের মেয়েরা যে কুলিয়ে উঠতে পারবে না সেটা বোঝা যাচ্ছিল বিশ্ব র্যাংকিংয়ের সূত্র ধরেই। কারণ শুধু এশিয়াতেই নয় মহিলা ফুটবলের বিশ্ব অঙ্গনেও থাইরা অনেক শক্তিশালী। এরই প্রমাণ মিললো থাইল্যান্ডের কাছে এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় ৯-০ গোলের শোচনীয় হারে।
বাংলাদেশের সাবিনা, ইতি, বিথি, মিরোনাদের চেয়ে থাই মেয়েরা অনেক এগিয়ে। তারপরও গত দুই বছরে দুটি সাফ চ্যাম্পিয়নশীপে তাদের মধ্যে যে লড়াকু মনোভাব দেখা গিয়েছিল তা খুঁজে পাওয়া গেল না কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে থাইল্যান্ডের বিরুদ্ধে।
দৃশ্যত সাবেক এশীয় চ্যাম্পিয়ন ও চারবারের ফাইনালিস্টদের বিরুদ্ধে মাঠে নামার আগেই হেরে বসে ছিল অধিনায়ক সুইনু প্রু মারমার দলটি। প্রতিপক্ষকে কৌশল করে খেলার কোনো পরিকল্পনা ছিল না। কোচ গোলাম জিলানী আগেরদিন জানিয়েছিলেন তারা প্রথম ১০ মিনিট দেখে নিজেদের কৌশল ঠিক করবেন। কী কৌশল নিলেন তা বুঝা গেল না। তবে ১৬, ১৮ এবং ২৯ মিনিটে তিন গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। ৪৫ মিনিটে চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধে আরো পাঁচ গোল হজম করে। ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন নিসা রোমিয়েন। অন্য গোলগুলোর মধ্যে বোনটান অনঙ্গনাথ দুটি একটি করে গোল দেন তংসংবাট, সিসরাম ও সুনিসা।
মূলত বিশ্ব র্যাংকিংয়ে ২৯ আসনের দল থাইল্যান্ডের বিরুদ্ধে গুছিয়ে খেলতে পারেনি ১০৮ নম্বরে থাকা বাংলাদেশের মেয়েরা। দলটাকে গুছিয়ে রণক্ষেত্রে পাঠাতে পারেননি কোচ। বুঝা গেল না তার কৌশল। রক্ষণভাগে ছয় ফুটবলারকে খেলানোর পরও তাদেরকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশের জালে বল পাঠিয়েছেন থাইরা। গোলকিপার মাঝে মাঝে এমনসব বোকামি করেছেন যা দেখে মনে হলো পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব।
মাঠের দর্শকরা বাংলাদেশের মেয়েদের দুয়ো ধ্বনি দিচ্ছিলেন। কিন্তু সাবেক ফুটবলার ও জাতীয় দলের সাবেক সহকারী কোচ আব্দুস সালাম বাংলাদেশের খেলা দেখে মেয়েদের প্রশংসা করে বলেন,‘একটা সময় মেয়েরা দাঁড়াতেই পারতো না। এখন তো অনেক ভালো খেলছে।’
বাংলাদেশের পরের খেলাটি বৃহস্পতিবার, ইরানের বিরুদ্ধে।
বাংলাদেশ ঃ সাবিনা আক্তার, খালেদা খাতুন (লাবণী), বেলি খাতনু, সুরভী আক্তার ইতি, তৃষ্ণা চাকমা, মাইনু মারমা (মুনমুন), নুবাই চিং মারমা (আসিয়া বিথি), অম্রাচিং মারমা, সুইনু প্রু মারমা, সাবিনা খাতুন, মিরোনা।
