যেভাবে খেলোয়াড় কিনবে ক্লাবগুলো ....

সর্বোচ্চ পারিশ্রমিক ২০ লাখ, সর্বনিম্ন তিন লাখ

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০১
প্রথমবারের মত প্রিমিয়ার ক্রিকেট লিগে নিলামের মাধ্যমে খেলোয়াড় কিনবে ক্লাবগুলো। তবে নিলামের পদ্ধতিটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত হবে না। নিলাম হবে লটারির মাধ্যমে। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্লাবদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত নেয়। জাতীয় দলের খেলোয়াড়সহ মোট ২৪ জন খেলোয়াড় বাছাই করে শীর্ষ তালিকায় রাখা হবে। ১২টি ক্লাবের নাম থাকবে লটারির; লটারিতে যার নাম আগে আসবে সেই দল প্রথম ২৪ জন খেলোয়াড় থেকে একজন কিনতে পারবে। প্রথমে কিনে নেয়া ক্লাব ফের খেলোয়াড় কেনার সুযোগ পাবে সবার পরে। এভাবে ২৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে প্রতিটি ক্লাব দুইজন খেলোয়াড় কিনতে পারবে। ১৮১ জন খেলোয়াড়ের মধ্য থেকে শীর্ষ ২৪ জন খেলোয়াড়ের নিলাম শেষে বাকি খেলোয়াড়ের নিলাম অনুষ্ঠিত হবে। গ্রেডিং পদ্ধতি নিয়ে খেলোয়াড়রা আপত্তি জানালেও বিসিবি এই পদ্ধতিতে প্রিমিয়ার লিগ শুরু করবে। আগামী দু’দিনের মধ্যে এই গ্রেডিং পদ্ধতি ঠিক করবে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। খেলোয়াড়দের পারিশ্রমিক সর্বোচ্চ কত হতে পারে এ ব্যাপারে এখনো কিছু ঠিক করেনি বোর্ড। খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক করবে ক্লাবগুলো। তবে গতকাল বিসিবির এডহক কমিটির সদস্য লোকমান হোসেন ভুঁইয়ার সাথে কথা বলে জানা গেছে, সর্বোচ্চ পারিশ্রমিক হতে পারে ২০ লাখ টাকা। আর সর্বনিম্ন হতে পারে তিন লাখ টাকা।