গতকাল শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ চারের খেলা। তাই হওয়ার কথা। কিন্তু গতকাল এই কথাটা বদলে যাওয়ার একটা উপক্রম হয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল আইপিএলের চলমান এই আসরের। আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গতকালই শুনানিতে বসেছিল। শেষ পর্যন্ত অবশ্য আইপিএল আপাতত রক্ষা পেয়েছে; উচ্চআদালত কোনো স্থগিতাদেশ দেননি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অত্যন্ত ‘অসতর্ক’ বলে উল্লেখ করে ১৫ দিনের মধ্যে বর্তমান স্পট ফিক্সিং নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বেঞ্চ। ভারতীয় উচ্চ আদালতের এই মনোভাবই আসলে বুঝিয়ে দেয়, চলতি আইপিএল স্পট ফিক্সিং বিতর্কে সে দেশ আসলে কতোটা কেপে উঠেছে। দেশটির ক্রিকেট অঙ্গন ছাপিয়ে রাজনীতি, চলচ্চিত্র, কূটনীতি, সংসদ, বিচারালয়; সব জায়গাতেই এখন মুখ্য বিষয় হয়ে উঠেছে শ্রীশান্থদের এই প্রতারণার ঘটনা। শুরু থেকেই এই ঘটনার সঙ্গে মুম্বাই চলচ্চিত্র জগতের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা ছিল। গতকাল আলোচনা আরও তীব্র হয়েছে এই ফিক্সিং কান্ডে সম্পর্কিত থাকার অভিযোগে মুম্বাইয়ের প্রয়াত অভিনেতা ও সাবেক কুস্তিগীর দারা সিংয়ের ছেলে আরেক অভিনেতা বিন্দু দারা সিং গ্রেপ্তার হওয়ায়।
আইপিএলে কমপক্ষে তিনটি ম্যাচে অর্থের বিনিময়ে বাজিকরদের চাহিদা মোতাবেক বল করার অপরাধে ১৬ মে টেস্ট ক্রিকেটার শ্রীশান্থসহ ৩ ক্রিকেটার গ্রেপ্তার হন। সেই থেকে গতকাল পর্যন্ত বিন্দু দারা সিংকে নিয়ে কমপক্ষে ১৯ জন ক্রিকেটার-বাজিকর গ্রেপ্তার হয়েছেন; এর মধ্যে সাবেক-বর্তমান ক্রিকেটার গ্রেপ্তার হয়েছেন ৫ জন। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ক্রিকেটার হলেন রঞ্জির সাবেক খেলোয়াড় বাবুরাও যাদব।
একের পর এক গ্রেপ্তার ও একের পর এক নামকরা লোকেদের এই আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িত হয়ে পড়ার ঘটনায় ভারতের সরকার যে বিচলিত; সেটা আগের দিন আইনমন্ত্রীর কথায় পরিষ্কার বোঝা গেছে। এবার উচ্চ আদালতের বিশেষ বেঞ্চ বুঝিয়ে দিলেন, ব্যাপারটার একটা পরিণতি তারা এবার দেখতেই চান। আইপিএলের ওপর স্থগিতাদেশ চেয়ে এক ভক্তের করা রিটের শুনানি আসলে হওয়ার কথা ছিল আজ। কিন্তু গতকালই শেষ চারের খেলা শুরু হয়ে যাবে বলে গতকাল দুপুরে শুনানি করে ফেলা হয়।
প্রধান বিচারপতির বেঞ্চেই হয় এই শুনানি। পুরো ঘটনায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিসিসিআই যথেষ্ট দায়ী বলেই মনে হয়েছে। তারা ক্ষোভও প্রকাশ করেছেন। তবে সমর্থকদের কথা বিবেচনায় নিয়ে আইপিএল চালু রাখার অনুমতি মিলেছে। কিন্তু আদালত পরিষ্কার বলে দিয়েছেন, ১৫ দিনের মধ্যে রবি সাওয়ানির কমিটিকে আদালতেই রিপোর্ট জমা দিতে হবে।
এই পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘আসল সমস্যা হল বিসিসিআইয়ের গা এলানো মনোভাব। এই ব্যাপারটা অবশ্যই বন্ধ করতে হবে।’যদিও আদালতের এই পর্যবেক্ষণের প্রতিক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে বিসিসিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কখনোই ফিক্সিং বা বাজিকরদের কোনো ছাড় দেননি। আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, ‘বিসিসিআই কখনোই ছাড় দেয়নি। বাজিকর টের পেলেই তাদের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে; যা অন্য কোনো বোর্ড করে না। আইপিএল তো বছরে দেড় মাস চলে; বাকি সময়ও তো বাজি চলে। ফলে শুধু আইপিএলকে দোষ দিয়ে লাভ কী?’
শুধু আইপিএল বা ক্রিকেট নয়; আইপিএলের এই কান্ডে আসলে আরও অনেক জগতের লোকজনই ফাসবে বলে মনে হচ্ছে। শুরু থেকেই বলা হচ্ছে, শ্রীশান্থকে কোনো এক মডেলের মাধ্যমে টোপ দিয়ে এই পথে আনা হয়েছে। সেই ‘পথে আনা’র কাজটি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ করেছেন বলেই সন্দেহ পুলিশের। এরই মধ্যে শ্রীশান্থের ল্যাপটপে মুম্বাইয়ের এক কাস্টিং ডিরেক্টরের পাঠানো এক গাদা মডেলের ছবি পাওয়া গেছে। এই কাস্টিং ডিরেক্টর অবশ্য দাবি করছেন, শ্রীশান্থ নিজের কোম্পানির মডেল পছন্দ করার জন্য ছবি চেয়েছিলেন।
কিন্তু কথায় কাজ হচ্ছে পুলিশ মুম্বাই ও কলকাতার চলচ্চিত্র জগতে হানা দেয়া শুরু করেছে। অনুমান করা হচ্ছে এই জগতের অনেকেই গ্রেপ্তার হতে পারেন। এরই মধ্যে দারা সিংয়ের ছেলে, এখনকার ব্যস্ত পার্শ্ব অভিনেতা বিন্দু দারা সিং গ্রেপ্তার হয়েছেন এবং তাকে ৫ দিনের রিমাণ্ডে নেয়ার আগেই শিকার করেছেন, তিনি বাজিকর ও ক্রিকেটারদের মধ্যে ‘মিডল ম্যান’ হিসেবে কাজ করতেন।
এদিকে এই গ্রেপ্তার নিয়ে এক ধরনের স্নায়ুর লড়াই শুরু হয়েছে মুম্বাই পুলিশ ও দিল্লী পুলিশের মধ্যে। একদিকে দিল্লী পুলিশ টানা গ্রেপ্তার করে যাচ্ছে; গতকালও তারা চান্দিলার এক আত্মীয় বাড়িতে জানা দিয়ে চান্দিলার ক্রিকেট সরঞ্জামের ভেতর থেকে ২০ লাখ রূপী উদ্ধার করেছে। পাল্টা মুম্বাই পুলিশ মুম্বাইয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে উঠে পড়ে লেগেছে।
