বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার জনগণ ও বিরোধীদলকে ভয় পেয়ে সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে। পৃথিবীর কোনো দেশে গণতান্ত্রিক অধিকার মিছিল মিটিং বন্ধ করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। এসরকারও পারবে না। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপির মুক্তির দাবিতে বুলু মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. মোশাররফ বলেন, সরকার যদি জনগণকে ভয় না করতো, বিরোধীদলকে ভয় না পেত, তাহলে নির্দলীয় সরকার ব্যবস্থা কেন বাতিল করলো। যেহেতু এদেশের জনগণ ও বিরোধীদলকে এই সরকার ভয় পায় সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া এমপি, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল হোসেন, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী প্রমুখ বক্তব্য দেন।
