রাজস্থান-হায়াদ্রাবাদ লড়াই আজ

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ স্থান নিয়ে প্লে-অফ নিশ্চিত করা রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়াদ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। আগের আসরে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা এই দুই দল এবার টুর্নামেন্টের শুরু থেকেই আছে দারুণ ছন্দে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে বিপর্যস্ত রাজস্থান শেষ দুটি লিগ ম্যাচ হারলেও, প্লে অফে উত্তরণের জন্য শেষ দুটি ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না সানরাইজার্সের জন্য। আর সে দুটি ম্যাচে জিতেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মতো শক্তিশালী দুই দলকে টপকে শীর্ষ চারে জায়গা করে নেয় কুমার সাঙ্গাকারার দল। আজকের ম্যাচেও তাই নিশ্চিতভাবেই তারা থাকবে দারুণ আত্মবিশ্বাসী। অন্যদিকে পিছিয়ে নেই রাহুল দ্রাবিড়ের রাজস্থানও। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি নেট রানরেটের হিসেবে সামান্য ব্যবধানে সানরাইজার্সকে পেছনে ফেলে নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান। চলমান আসরে দু’বার পরস্পরের মুখোমুখি হয়ে দুটি দলই জিতেছে একটি করে ম্যাচ। আজকের ম্যাচটি যারা হারবে তাদেরকে সরাসরি বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। আর যারা জিতবে ফাইনাল নিশ্চিত নয় তাদেরও। কারণ শিরোপার লড়াইয়ে অংশ নিতে হলে আরেকটি শেষ প্লে-অফ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচে যে হারবে তার বিরুদ্ধে। ঐ ম্যাচ জিততে পারলে তবেই মিলবে আগামী ২৬ মের ফাইনালের টিকেট।