ব্রাজিলের কোচ লুইজ ফিলিপ স্কলারি বিশ্বাস করেন নেইমার বার্সেলোনায় চুক্তিবদ্ধ হলে আদর্শ হয়ে উঠতে পারেন। আশা করা হচ্ছে আগামী মৌসুমেই কাতালানদের সাথে যোগ দিচ্ছেন নেইমার।
বার্সা নেইমারের ব্যাপারে সান্তোসের সাথে প্রাথমিক চুক্তির কাজ সম্পন্ন করেছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। চেলসির সাবেক কোচ স্কলারি ইতোমধ্যে ন্যু ক্যাম্পের প্রেসিডেন্ট স্যান্দ্রো রোসেলের সাথে যোগাযোগ করেছেন। স্কলারির আলোচনায় ছিল ফরোয়ার্ড নেইমারের ফুটবল প্রতিভা। স্কলারি ক্যানাল প্লাসকে বলেন, ‘ক্রীড়াবিদ হিসাবে সে অনুকরণীয় উদাহরণ। আমি স্যান্দ্রো রোসেলের সাথে আলোচনায় বলেছি যে, সে অনুশীলনে কেমন আচরণ করে এবং ছেলেটির ব্যক্তিত্বও অসাধারণ। বার্সেলোনা পরিষ্কারভাবে তাকে দলভুক্ত করার দৌড়ে এগিয়ে রয়েছে। বার্সেলোনার জন্য অসাধারণ এক চুক্তি হবে তার। লিওনেল মেসির পাশে আগামী মৌসুমে সে সমর্থকদের অনুকরণীয় হয়ে উঠতে পারে।’
স্কলারির বক্তব্য নেইমারের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনকে শক্তিশালী করছে। কারণ সান্তোসের সহ-সভাপতি অডিলিও রড্রিগুইয়েজ জানান, নেইমার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নেইমার আমাদের বলেছে যে, সে বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হতে চায়। আরো অনেকে তার ব্যাপারে আগ্রহী কিন্তু তার অগ্রাধিকারে বার্সা রয়েছে। নেইমারের জন্য রিয়াল মাদ্রিদ কোন আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। তবে আমরা জানি প্রস্তাব আসবে।’ তিনি আরো জানান, বার্সেলোনার সাথে কথাবার্তা চলছে তবে কোন কিছু এখনো নিশ্চিত বা সিদ্ধান্ত নেয়া হয়নি।
