হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

দুই মামলায় তৈমুরসহ বিএনপির ১০ নেতার জামিন

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০৪
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ১০ জনকে এক মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রবিবার তাদের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। ৬ মে কাঁচপুর এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সোনারগাঁও থানায় ৩৮ জন এবং সিদ্ধিরগঞ্জ থানায় ১৬৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করে। এই মামলায় বিএনপি ১০ নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে জামিন চান। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। শুনানি শেষে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে।