এক মৌসুমে একটি দলের পক্ষে যা অর্জন করা সম্ভব তার প্রায় সবটাই করে দেখিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এখন আগামী ২৫ মে ওয়েম্বলির ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করতে পারলেই ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলবে বর্তমান বাভারিয়ান দলটি।
বিদায়ী কোচ ইয়াপ হেইঙ্কেসের অধীনে এরই মধ্যে দলটি ছাড়িয়ে গেছে সেই ৭০ দশকের ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোইনেসের বায়ার্ন মিউনিখকে। দুর্ধর্ষ সেই দলটি ১৯৭৪ থেকে ১৯৭৬ সালের মধ্যে জয় করেছিল নিজেদের প্রথম তিনটি চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা।
এরপরেও বায়ার্ন মিউনিখের ইতিহাসটা বেশ সমৃদ্ধ। ২৩টি লিগ শিরোপা, ১৫টি লিগ কাপ আর ১৫টি ইউরোপিয়ান ট্রফি জয়ই তার প্রমাণ। তিনটি ইউরোপিয়ান কাপের প্রত্যেকটির শিরোপা জয় করা চারটি ক্লাবের মধ্যে একটি বায়ার্ন মিউনিখ। অপর তিনটি ক্লাব হল জুভেন্টাস, আয়াক্স অ্যামস্টারডাম ও চেলসি। চারটি চ্যাম্পিয়ন্স কাপ বা লিগের শিরোপা ছাড়াও তারা ১৯৬৭ সালের কাপ উইনার্স কাপ ও ১৯৯৬ সালের উয়েফা কাপ জয় করে। এসবই বায়ার্ন মিউনিখ জার্মানির সেরা ফুটবল ক্লাব হিসেবে বিশ্বে পরিচিত হওয়ার অন্যতম কারণ।
আর নামের প্রতি সুবিচার রেখে চলেছে তারা এই মৌসুমেও। বুন্দেসলিগা শিরোপা জয় করেছে তারা ২৫টি রেকর্ডসহ। সামনে আরো দুটি ফাইনাল মিউনিখের জন্য অপেক্ষা করছে। আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগে অল জার্মান ফাইনালে মিউনিখের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। ১ জুন জার্মান কাপের ফাইনালও রয়েছে। এই দুটি শিরোপা জয় মানেই প্রথম জার্মান ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কৃতিত্ব গড়া।
মিউনিখ বেশ আশাবাদি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের ব্যাপারে। তবে হেরে যাওয়া মানে হতাশার সাগরে ডুবে যাওয়া। কারণ ২০১০ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা পরাজয়ের তিতকুটে স্বাদ নিয়ে মাঠ ত্যাগ করেছিল।
রেকর্ড নিয়ে বুন্দেসলিগা জয় আবার ১ জুন জার্মান কাপ জিতে যদি মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে যায় তাহলে সব মাটি হয়ে যাবে। ডর্টমুন্ড ২০১১ ও ২০১২ সালে মিউনিখকে পেছনে ফেলে বুন্দেসলিগা শিরোপা জয় করেছিল। শুধু তাই নয় ১২ মাস আগে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ড ৫-২ গোলে হারায় মিউনিখকে।
দুই দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারমিলান ও চেলসির কাছে ফাইনালে হেরে যায় মিউনিখ। অ্যালিয়েঞ্জ এরেনায় নিজের মাঠে পেনাল্টি গোলে চেলসির সাথে গতবারের হারের জ্বালাটা আরো বেশি মিউনিখের। এবার তৃতীয়বার কি ভাগ্যদেবী মিউনিখের সহায় হবে ? জার্মানির মিডফিল্ডার থমাস মুলার বলেন, ‘যদি আপনি তৃতীয়বার হেরে যান, আপনাদের পরাজিত দল হিসেবে ধরে নেয়া হবে। আমি কখনোই এটা চাই না।’ সব মিলিয়ে ক্লাবের ইতিহাসে প্রথম দল হিসেবে ট্রেবল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মিউনিখ।
মিউনিখের কোচ ইয়ুপ হেইঙ্কস এই দুই ফাইনালে দলের সাথে থাকবেন। এরপর মিউনিখের ভার নেবেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। হেইঙ্কসের অধীনে রিয়াল মাদ্রিদ ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল। ৬৮ বছর বয়স্ক হেইঙ্কস বলেন, ‘মানসিকভাবে আমরা অবিশ্বাস্যভাবে দৃঢ়। আমাদের একটিই লক্ষ্য, বড় শিরোপাটি জয় করা। কোন কিছুই আমাদের এই পথ থেকে সরাতে পারবে না।’
