ডিসিসির খাদ্য পরীক্ষাগার

আপডেট : ২২ মে ২০১৩, ২১:১৭
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) খাদ্য পরীক্ষাগারটির অবস্থা অত্যন্ত নাজুক ও শোচনীয়। পরীক্ষাগারটির যন্ত্রপাতি বলিতে তেমন কিছু নাই। সেই সঙ্গে নাই পর্যাপ্ত জনবল ও কেমিক্যাল। পরীক্ষাগারটি আয়তনে ছোট হওয়ায় সব আইটেমের পরীক্ষা করাও সম্ভব হয় না। ইতোমধ্যে ঢাকা মহানগরীকে দুইটি সিটি করপোরেশনে বিভক্ত করা হইয়াছে। কিন্তু ঐ একটি পরীক্ষাগার থাকায় কাজের চাপও বাড়িয়াছে। ইহাতে জোড়াতালি দিয়া চলিতেছে পরীক্ষা-নিরীক্ষা। ফলে ঢাকা মহানগরীর হোটেল-রেস্টুরেন্টগুলোর খাদ্যপণ্যের মান নিয়া প্রশ্ন থাকিয়াই যাইতেছে। ভেজাল খাদ্য বিক্রির প্রতিকার হইয়া পড়িতেছে কঠিন। ঢাকা মহানগরীতে এখন সোয়া এক কোটির বেশি মানুষ বসবাস করেন। তাহাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এমনিতেই চ্যালেঞ্জ স্বরূপ। এজন্য ব্যাপক ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কিন্তু সেরকম কোন আয়োজন ও কর্মসূচি নাই আমাদের। আর্থিক সীমাবদ্ধতাও ইহার একটি প্রধান কারণ। তবে আন্তরিকতারও অভাব বিদ্যমান বলিয়া অনেকে মনে করেন। যাহাই হউক, সিটি করপোরেশনের মাত্র একটি পরীক্ষাগারের অস্তিত্ব ও তাহার হতদশা দেখিয়া যে কেহ বিচলিত বোধ না করিয়া পারেন না। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক। এজন্য খাদ্য পরীক্ষাগারটিকে স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী করা একান্ত দরকার। জানা যায়, ঢাকা মহানগরীর খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে ডিসিসির একটি স্বাস্থ্যবিভাগ রহিয়াছে। নগরীর ওয়ার্ড পর্যায়ে রহিয়াছে স্বাস্থ্য পরিদর্শক। দুই সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে আছেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা। তাহাদের দায়িত্ব পরিদর্শকদের কার্যক্রম মনিটর করা। তাহারা এই দায়িত্ব কতটা পালন করিতেছেন বা পালন করিতে পারিতেছেন ইহাও একটি প্রশ্ন। খাদ্যপণের ভেজাল নিয়ন্ত্রণে তাহাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা। কিন্তু যেখানে পরীক্ষাগারটির প্রতি অবহেলা প্রদর্শন করা হইতেছে ও ইহার জনবলের অভাব রহিয়াছে, সেখানে এই কাজটি সুচারুরূপে সম্পাদন করা দুরূহ। সংকট ও সীমাবদ্ধতার কারণে বর্তমানে শুধু দুগ্ধজাত ও চর্বিজাতীয় খাদ্যপণ্যগুলি পরীক্ষা করা হইতেছে। তাই পরীক্ষাগারটিতে জনবল বাড়ানো ও অভিজ্ঞ পরীক্ষক নিয়োগ দান জরুরি হইয়া পড়িয়াছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানাইয়াছেন যে, পরীক্ষাগারটিতে জনবল, যন্ত্রপাতি ও আধুনিক সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চলিতেছে। বলা বাহুল্য, যে কোন যন্ত্রপাতি দক্ষতার সহিত পরিচালনার জন্য দরকার সঠিক সংখ্যক জনবল। যথাসময়ে জনবল নিয়োগ দান না করা হইলে সেসব যন্ত্রপাতি যতই অত্যাধুনিক হউক না কেন, তাহা শেষপর্যন্ত কোন কাজে আসে না। অব্যবহারের কারণে অল্পদিনেই তাহা নষ্ট হইয়া যায়। তাই আধুনিক মেশিনারি সংগ্রহের পাশাপাশি টেকনিশিয়ান ও পরীক্ষকদের নিয়োগ দিতে হইবে একই সময়ে। অনেক সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করিতে আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি হয়। এমতাবস্থায় সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত জনবল জরুরি ভিত্তিতে ডেপুটেশন বা প্রেষণে নিয়োগ প্রদান করা যায় কিনা তাহাও ভাবিয়া দেখা যাইতে পারে। কেননা আমরা জানি, এসব প্রতিষ্ঠানে জনবলের সংকট যেমন আছে, তেমনি কাজ নাই এমন কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যাও নেহায়েত কম নহে। অর্থাত্ সরকার চাহিলে সুসমন্বয়ের মাধ্যমে যে কোন জনবল সংকট দূর করিতে পারে। তবে স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য নূতন করিয়া নিয়োগ প্রক্রিয়া অবশ্যই অব্যাহত রাখিতে হইবে।