ঘূর্ণিঝড় মহাসেনের নামটি এখন দেশে এবং বাইরে বেশ পরিচিত। কেন একটি ঝড়ের নাম মহাসেন হলো তা নিয়ে সংবাদ মাধ্যমে কমবেশি ধারণাও দেওয়া হয়েছে। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শ্রীলঙ্কার একজন রাজার নামে এই ঘূর্ণিঝড়টির নামকরণ হয়েছে। এতে অবশ্য শ্রীলঙ্কা প্রতিবাদ করেছে। তারা এই ঘূর্ণিঝড়ের দেয়া মহাসেন নামটি ভুলেও উচ্চারণ করেনি—যদিও ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাতেও আঘাত হেনেছে। সে যাই হোক, মহাসেন নামটি নিয়ে শ্রীলঙ্কার প্রবল আপত্তি থাকলেও আমাদের দেশে এই নামটি খুবই পরিচিতি লাভ করেছে। এমনকি ঘূর্ণিঝড়ের দিন একটি শিশু জন্মগ্রহণ করায় শিশুটির জন্যে তার পরিবার মহাসেন/ মহাসিন নামটিই পছন্দ করেছে। তবে এই মহাসেন ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত বাংলাদেশে ভয়াবহ কোনো প্রাণহানি না ঘটালেও এতে ব্যাপক আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়েছিল। এটি একটি প্রলয়ঙ্করী ঝড় হতে যাচ্ছে এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক মিডিয়া ও আবহাওয়া সংস্থাগুলো দিয়ে যাচ্ছিল। গত ৪ মে বঙ্গোপসাগরের পোর্ট ব্লেয়ার থেকে ৮৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ঝড়টির উত্পত্তি হয়। বাংলাদেশ ভূখণ্ডে আসতে এটা সময় নিয়েছিল প্রায় ১২ দিন অর্থাত্ ১৬ মে বৃহস্পতিবার পর্যন্ত। ফলে দীর্ঘ সময় ধরে মহাসেনের সম্ভাব্য আঘাত ও তাণ্ডব নিয়ে সংশ্লিষ্ট সকল মহলই প্রচার করেছে। তাতে নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ ঘটেছে। সে কারণেই উপকূলবর্তী অঞ্চলে মহাসেন আঘাত হানলেও প্রাণহানির সংখ্যা অনেক কম ঘটেছে, অবশ্য সম্পদহানির বা ক্ষয়ক্ষতি মোটেও কম নয় বলে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা উল্লেখ করছে। তারপরও বলা যায় যে, এ ক’দিন বাংলাদেশের সর্বত্র ঘূর্ণিঝড় মহাসেন নিয়ে নানা ভয়, আতঙ্ক ও আলোচনা চলছিল। এখনো তা আছে। মনে হচ্ছে ঘূর্ণিঝড় মহাসেন নামটি আমাদের দেশের সাধারণ মানুষের কাছে আরো অনেকদিন নানাভাবেই থাকবে।
আমি দেশের রাজনৈতিক অবস্থাটি বুঝতে, উপস্থাপন করতে মহাসেন শব্দটিকে ব্যবহার করেছি, একটি টিভি টকশোতেও দেশের অবস্থা তুলনা করার জন্যে মহাসেনকে রূপক অর্থে ব্যবহার করেছি। আমি দাবি করছি না দেশের রাজনীতি কোনো ব্যাপক প্রলয়ঙ্করী চরিত্র ধারণ করবেই, আবার কিছুই করবে না—এমনটি কতোটা নিশ্চিত করে বলা যায়। মনে আছে ঘূর্ণিঝড় মহাসেন যখন উত্পত্তিগত স্থলে ছিল তখন আবহাওয়া বিশেষজ্ঞগণ বলেছিলেন যে, এর গতিপথ সময়ে সময়ে যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এতো আগে থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো কারো পক্ষেই সম্ভব নয় যে, এর গতি শেষ পর্যন্ত কোনিদকে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়েও কখনো কেউ শেষ কথা বলতে পারবে না, পারা সম্ভবও নয়, যদিও টিভি টকশোতে কিংবা লেখালেখি বা সভা-সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রায়শই অনেককে দেখা যায়, যারা প্রায় চূড়ান্ত কথাই বলে দিচ্ছেন, এমনটিই হবে এমন নিশ্চিত মতামতও দিচ্ছেন। এ ধরনের আলোচনা- সমালোচনা ও মতামত সমাজ, রাজনীতির জন্যে মোটেও নির্ভরযোগ্য নয়, বিশেষজ্ঞ মত তো নয়ই, কারো হয়তো সাময়িক দলীয় তুষ্টি জোগাতে পারে বড়জোর।
তবে যে কথা বলা যেতে পারে তা হচ্ছে, রাজনীতিতেও নানা দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড় তথা দুর্যোগ ঘটতে দেখা যায়। এগুলো নিশ্চয়ই কোনো কারণ ছাড়া ঘটেনি। কার্যকারণ ছাড়া জগতে কিছুই ঘটে না, ঘূর্ণিঝড়ও ঘটে না, রাজনীতিতে নানা উত্থান-পতনও ঘটে না। এ সবই হচ্ছে সার্বজনীন নিয়ম। সেই নিয়মে দেশের রাজনীতিও চলে। বাংলাদেশের রাজনীতিতে এখন এক ধরনের গুমোট অবস্থা বিরাজ করছে, অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরকার এবং বিরোধী দল জাতীয় জীবনের প্রায় সকল ইস্যুতেই পরস্পর বিরোধী মেরুতে অবস্থান করছে। এর অনেকটাই সংকীর্ণ দলীয় বা ব্যক্তিগত অবস্থানের কারণে। এতে যুক্তিসঙ্গত কোনো উপায় কেউ দেখায় না, দেখালে অন্যরা তা মানতে নারাজ। কারণ, এর ফলে নিজের অস্তিত্ব বিপন্ন হওয়ার হীন মানসিকতায় ভোগে তারা। এখানেই মূল সমস্যা।
লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রতিবারই নির্বাচনের আগে দেশে সরকার ও বিরোধী দল পরস্পর বিরোধী অবস্থানে চলে যায়। এ নিয়ে সংঘাত ঘটতে দেখা যায়। অবশ্য ২০০১ সালে নির্বাচনের আগে সে রকম কোন সংঘাত হয়নি। তবে ১৯৯৬ এবং ২০০৬ সালে দেশে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়েছিল। সেই সংঘাতের পেছনে মূল কারণ হিসাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বাস্তব অনুপস্থিতি ছিল। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে এর থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। ২০০৬ সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের ইয়াজউদ্দিনীকরণ হলো, ফলে দেশে এক এগারোর পরিস্থিতি সৃষ্টি হয়। দেশ দুই বছর বিশেষ ব্যবস্থায় পরিচালিত হয়েছিল। এখন আবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। বিরোধী দল মনে করছে, সরকার একদলীয় নির্বাচন করার ইচ্ছা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দিয়েছে। অন্যদিকে সরকার সংবিধান মতো আগামী নির্বাচন করার কথা বলছে। তাতে বিরোধী দল এবং নাগরিক সমাজের একটি অংশ মনে করছে যে, আগামী নির্বাচনে সরকারের হয়তো কোনো অসত্ উদ্দেশ্য রয়েছে। এ নিয়ে প্রতিদিন গণমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। গত প্রায় এক দেড় বছর ধরে এসব কথাবার্তা ও অবস্থান চলে আসছে, তীব্র হচ্ছে, পরিবেশ তাতে উত্তপ্ত হচ্ছে। পৃথিবীর কোনো দেশে রাজনীতি এমন একটি নির্বাচন-কেন্দ্রিক আলোচনা-সমালোচনা, দাবি-দাওয়া ও আন্দোলন-কেন্দ্রিক হতে পারে তা ভাবা যায় না। বাংলাদেশের রাজনীতিতে এর নজির মোটেও নতুন নয়। বরং বেশ পুরাতন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনও চলেছিল প্রায় ৭/৮ বছরব্যাপী। ১৯৯১-১৯৯৬ সময়ের সরকারের সময় প্রায় আড়াই বছর কেটেছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলের আন্দোলন। ভাগ্য ভালো ১৯৯৬-২০০১ সময়ের বিরোধী দলের আন্দোলন পরবর্তী নির্বাচন-কেন্দ্রিক ততোটা হয়নি। যতোটা পূর্ববর্তী ও পরবর্তী সরকারের সময় ঘটেছিল ২০০১-২০০৬ সালের সরকারের শেষ সময়ে দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন ইত্যাদি নিয়ে বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে, সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ নিয়ে সময় ক্ষেপণ হয়, অবশেষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্যে বিদায়ী সরকার পেছন থেকে উদ্বুদ্ধ করে, গোটা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই অচল এবং খেলো করে ফেলা হয়।
উক্ত তত্ত্বাবধায়ক সরকারের ৪ জন উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন, তারপরও কারো সঙ্গে আলোচনা না করে ৪ জন নতুন উপদেষ্টা খুঁজে এনে বসানো হলো। সব বিরোধী দলই তখন রাস্তায় আন্দোলনে যুক্ত হয়। দেশ ভয়াবহ সংঘাতের দিকে চলে যায়। ইয়াজউদ্দিন সাহেব তখন একটা যেনতেন মার্কা নির্বাচন উপহার দিয়ে যেতে সংকল্পবদ্ধ ছিলেন। এসবের কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পাওয়া ভার। তখন দেশ এমন অযৌক্তিক জায়গায় চলে গিয়েছিল। দেশে কোনো বিবেকবান মহলই এমন নির্বাচন ও পরিস্থিতি মেনে নিতে চায়নি। দেশে তখনই মহাসেনের সৃষ্টি হয়েছিল। আমরা হয়তো তখন ঘূর্ণিঝড় মহাসেনের নাম জানতাম না। তবে প্রচণ্ড একটি দুর্যোগপূর্ণ অবস্থা তখন দেশের রাজনীতিতে ধেয়ে এসেছিল। দেশব্যাপী ছড়িয়ে পড়া সংঘাতের হাত থেকে জনগণের মুক্তি পাওয়ার আশঙ্কা চার দিক থেকে উচ্চারিত হতে থাকে। তা থেকেই বঙ্গভবনের মহাক্ষমতাধর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ মুহূর্তের মধ্যে রণে ভঙ্গ দিলেন, তছনছ হয়ে গেল একতরফা নির্বাচনের সকল আয়োজন। এক-এগারো নামে খ্যাত একটি সরকার ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই সরকার দেশের নির্বাচন কমিশন ও ব্যবস্থার বেশকিছু সংস্কার নিয়ে আসে যা পরবর্তী সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি তৈরি করে। প্রয়োজন ছিল এ নিয়ে আরো চিন্তা-ভাবনা করা, কাজ করা। ১৯৯৫-৯৬ সালের নির্বাচন কমিশন এবং নির্বাচনের যথাযথ ব্যবস্থাপনা নিয়ে কোনো নিয়ম-নিষ্ঠা কাজ মোটেও হয়নি, পরবর্তী সময়েও যতো আন্দোলন হয়েছিল তাতে এ সবই উপেক্ষিত ছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আসল জায়গা নির্মাণ ব্যতীত বাংলাদেশ সকল শক্তির ক্ষয় এবং মনোযোগ তত্ত্বাবধায়ক সরকার, সরকার প্রধান কে হবেন, হতে দেওয়া হবে না এসব নিয়েই করেছে। ফলে সংকট আসল ক্ষেত্রে জমা হয়েছে, এক এগারোর সরকারের আমলে কিছুটা লাঘব করা হয়েছে, কিন্তু এ নিয়ে আরো অনেক কিছুই করার বাকি ছিল। কিন্তু সেদিকে কারো মনোযোগ নেই।
গত প্রায় বছর দুই ধরে দেশে আবার তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলনের চেষ্টা, গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তাতেও নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে কোনো দাবি নেই। আলোচনাটি খুব হালকাভাবে হচ্ছে। কিন্তু নির্বাচনকালে কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে কিনা, আইনি বিধানগুলো যথেষ্ট কিনা, প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা, সরকার ব্যবস্থা কতোটা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে, ফলাফল গণনা ও প্রচার ব্যবস্থা কতোটা স্বাধীনভাবে কাজ করতে পারবে ইত্যাদি বিষয় নিয়ে কোনো আলোচনা নেই, উদ্যোগই নেই। এ সব গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আমাদের সরকার এবং বিরোধী দল ব্যস্ত আছে বাদানুবাদ নিয়ে, একে অন্যকে ঘায়েল করা নিয়ে।
একটি কথা মনে রাখতে হবে বাংলাদেশে কারচুপির নির্বাচন কোনো সরকারই আর করতে পারবে না, সেই সময় অনেক আগেই পার হয়ে গেছে। নির্বাচনে জনগণ এখন ছবিযুক্ত ভোটার হওয়ার বাস্তবতা লাভ করেছে। ভুয়া ভোটদাতার সুযোগ নির্বাচনে নেই। গণনার সময় শুধু এজেন্ট নয়, জনগণই কেন্দ্রে উপস্থিত থাকে। সুতরাং বাংলাদেশে আগামী নির্বাচনে কোনো দল হস্তক্ষেপ করে রক্ষা পাবে সেটি ভ্রান্ত স্বপ্নবিলাস ছাড়া আর কিছু নয়। জনগণের ভোট জনগণই রক্ষা করার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। ভবিষ্যতে কারচুপি একেবারেই সম্ভব নয়। তেমনটি কেউ করতে গেলে জনগণ রুখে দাঁড়াতে মোটেও দেরি করবে না। রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের ওপর আস্থা রাখা, নির্বাচনের ব্যবস্থাপনা, আইনি কার্যক্রম যাতে যথাযথ ও সুষ্ঠু হয়, কোথাও প্রভাব বিস্তারের কোনো সুযোগ না থাকে সে সব নিয়ে কাজ করা। তা না করে দেশে এখন যা হচ্ছে, তা কেবলি সমস্যা ও সংকটকে গভীরতর করতে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলেও নির্বাচনের প্রাক্কালে দুই বিপরীত রাজনৈতিক শক্তি পরস্পরের মুখোমুখি দাঁড়ালে দেশ ভয়ানক সংঘাতের দিকে প্রবেশ করবেই। তখন জনজীবন লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা থাকবে। নির্বাচন নিয়ে বর্তমানের টানটান উত্তেজনা মোটেও কোনো সুফল কারো জন্যে বয়ে আনবে না। সে কারণেই সংলাপ ও সমঝোতার তাগিদ সব ক্ষেত্র থেকে আসছে। কিন্তু তা নিয়েও দুইপক্ষ যার যার লাভালাভের হিসাবে আগ-পাছ করছে, এটিও ঠিক হচ্ছে না।
সমস্যার মূল জায়গায় মনোযোগ প্রদান না করলে মহাসেনের আসল চরিত্রটি হয়তো বেরিয়ে আসতে পারে। তখন এর প্রলয়ঙ্করী অবস্থা থেকে কেউ রক্ষা পাবে কিনা জানি না। তবে ঘূর্ণিঝড় মহাসেনের আগমন উপলক্ষে বাংলাদেশ যে ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল তার ফলে প্রাণহানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা গেছে। এখন রাজনীতিতে যে গুমট অবস্থা বিরাজ করছে সেটি যদি কমিয়ে না আনা যায়, দ্বন্দ্ব ও দূরত্ব যদি দূর করা না যায় তা হলে বিপর্যয় এড়ানো প্রায় অসম্ভব হবে এমন আতঙ্কই সকল মহলে বিরাজ করছে। তবে সব বাধা-বিপত্তি আগেই দূর করা গেলে দেশে রাজনীতিতে উঁকি-ঝুঁকি দেয়া মহাসেনও কাটিয়ে ওঠা যাবে তাতে কোন সন্দেহ নেই।— জনগণ তেমনটিই খুব খুব আশা করছে।
লেখক :অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক
