প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ এপ্রিল সাভারে ‘রানা প্লাজা’ ধসে নিহত গার্মেন্টস শ্রমিকদের ১২১টি পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা সাভার ট্রাজেডিতে নিহতদের পরিবারের সদস্যদের কাছে এই চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরকালে তিনি সাভারে ভবন ধসে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তারা কান্নায় ভেঙ্গে পড়লে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল কবির ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, সাবেক এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরের আগে সাভারে ভবন ধসের ঘটনায় নিহতদের জন্য নৌ-মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ এক কোটি টাকার অনুদান দেন। তাদের পক্ষে নৌমন্ত্রী শাজাহান খান প্রধানমন্ত্রীর হাতে ওই টাকার একটি চেক প্রদান করেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উন্নয়ন সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা উপস্থাপন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টীলস প্রধানমন্ত্রীকে বাংলাদেশ বিমানের উন্নয়নকল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান উপস্থিত ছিলেন।
