নতুন প্রজন্মের হাতে ঢালিউড তার যাত্রা শুরু করেছে। এরই মধ্যে একঝাঁক নতুন অভিনেত্রী একাধিক চলচ্চিত্রে কাজও শুরু করেছেন। এদের মধ্যে দৌড়ে এগিয়ে আছেন মাহি। কারণ তার দুটি ছবি রিলিজ হয়েছে সম্প্রতি। যদিও ছবি দুটির ব্যবসায়িক সাফল্য খুব একটা ভাল নয়। মাহি বড় বাজেটের কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন। পাশাপাশি আইরিনও কাজ করছেন একাধিক ছবিতে। আর সর্বকনিষ্ঠ নায়িকা হিসেবে অমৃতা যাত্রা শুরু করেছেন নতুন দুটি চলচ্চিত্রের মাধ্যমে। মজার ব্যাপার এরা কেউই ছোট পর্দার নায়িকা নন। ছোট পর্দা থেকে উঠে আসা কয়েকজন তারকা বেশকিছু চলচ্চিত্রের মাধ্যমে চেষ্টা করলেও পরে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এই তিন নতুনের ভেতরে কেবল মাহি চলচ্চিত্রে পরীক্ষা দিলেও বাকি দুজনা এখনও দর্শকদের সামনে নিজের মেধার পরীক্ষা দেননি। মাহি’র জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শাকিব খানের বিপরীতে অভিনয়। অন্যদিকে আইরিন তার দুটি ছবিতে যোগ্য নায়ক না পেলেও দেবাশীষের পরিচালনায় আরেফিন শুভ’র বিপরীতে করছেন ‘ভালবাসা জিন্দাবাদ।’ আর অমৃতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সালমান-মৌসুমী’র ‘অন্তরে অন্তরে’ চলচ্চিত্রের রিমেক এ মৌসুমীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এখন শুধু সময়ের অপেক্ষা নতুন প্রজন্মের ঢালিউডে নায়িকা হিসেবে কার অবস্থান দৃঢ় হয় তা দেখার।
