দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে করা মামলা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। মাহমুদা বেগম ও আবুল আসাদ মামলা বাতিল চেয়ে গত ১৩ মে হাইকোর্টে আবেদন করেন। আবেদনকারীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এজে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
দৈনিক সংগ্রামের ছাপাখানায় দৈনিক আমার দেশ পত্রিকা ছাপানোর অভিযোগে গত ১৩ এপ্রিল রাতে রমনা থানায় মামলাটি দায়ের করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মামলায় মাহমুদুর রহমানের মা আমার দেশ পাবলিকেসন্স এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মাহমুদা বেগম ছাড়াও আসামি করা হয় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে। প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।
