বাঙালি চেতনার অন্যতম উদ্বোধক কাজী নজরুল

আপডেট : ২২ মে ২০১৩, ২১:২৯
‘নজরুল : জীবন ও সাহিত্যের যুগলবন্দী’ শীর্ষক একক বক্তৃতায় অধ্যাপক শান্তনু কায়সার বলেন, শেষ বিচারে জয় হয়েছে বাংলার, জয় হয়েছে নজরুলের। পাকিস্তানবাদী সাহিত্যতাত্ত্বিকরা নজরুলকে খণ্ডিতভাবে উপস্থাপনের অপচেষ্টা করেছিল; কিন্তু ইতিহাস তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলা একাডেমীর প্রেস ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে বুধবার কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূর-উল-ইসলাম। অধ্যাপক মুস্তাফা নূর-উল-ইসলাম বলেন, বাঙালি চেতনার অন্যতম উদ্বোধক কাজী নজরুল ইসলাম। তার গুণকীর্তন নয় বরং তাকে অধ্যয়ন ও অনুধাবন এখন অত্যন্ত প্রয়োজন। স্বাগত বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘জয় বাংলা’ রণধ্বনির উদ্গাতা কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ রচনা প্রকাশ যেমন জাতীয় কবির প্রতি বাংলা একাডেমীর দায়বদ্ধতার পরিচয়, তেমনি একাডেমী নজরুল জীবন ও সৃষ্টির বিভিন্ন বিষয়ে বেশ কিছু গ্রন্থ প্রকাশের উদ্যোগ নজরুল চর্চায় গতি সঞ্চার হবে। অনুুষ্ঠান শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করেন সুজিত মোস্তফা, রাহাত আরা গীতি, আফরোজা মিতা, রোকসানা হোসেন এবং ইউসুফ আহমেদ খান।