বঙ্গবন্ধুর জুলিও-কুরি পদক প্রাপ্তির ৪০ বছর পূর্তি আজ

আপডেট : ২২ মে ২০১৩, ২১:২৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও-কুরি’ পদক প্রাপ্তির ৪০ বছর পূর্তি আজ। ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদ বাঙালি জাতির জনক, আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার মুক্তিকামী মানুষের মহান নেতা এবং গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনের পুরোধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও-কুরি শান্তি পদকে ভূষিত করে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ শান্তি পরিষদের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও একই দিন বিকাল তিনটায় হোটেল ঈসাখায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত। বাংলাদেশ শান্তি পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার ড. আবুল কাশেম বলেন, বর্তমান বাস্তবতায় বিশ্বশান্তি আন্দোলনের গুরুত্ব আরো অধিকহারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, সন্ত্রাস-জঙ্গিবাদি-ধর্মের অপব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্রের নামে ধর্মকে ব্যবহার করে আমাদের দেশে সম্প্রতি যে ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে তা বিবেকবান মানুষ কোনভাবেই সমর্থন করতে পারে না।