দেশীয় চিকিত্সার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যখাত সংস্কারের আহবান

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৩০
বাংলাদেশ দেশীয় চিকিত্সক সমিতি’র জাতীয় সম্মেলনে বক্তারা দেশীয় চিকিত্সা সেবার উপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যখাত সংস্কার করা আহবান জানিয়েছে। তারা বলেছেন, দেশের ২০ ভাগ মানুষ কেবল সুচিকিত্সা পায়। আর ৮০ ভাগ মানুষ এখনো দেশীয় চিকিত্সার উপর নির্ভরশীল। অথচ এই সনাতন দেশীয় চিকিত্সা পদ্ধতি এখনো অবহেলিত। দেশের সুচিকিত্সার যেখানে এই দুরবস্থা, সেখানে দেশীয় চিকিত্সা সেবায় সুযোগটি সৃষ্টি করতে পারলে দেশের সাধারণ মানুষ কম খরচে চিকিত্সা সেবা পেতে পারতো। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ দেশীয় চিকিত্সক সমিতি আয়োজিত জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. মজিবুল হক । বক্তারা বলেন, দেশীয় চিকিত্সা সম্প্রসারণের লক্ষ্যে সরকারি উদ্যোগে সারা দেশে ঔষধি গাছের বাগান করতে হবে। প্রতিটি জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ইউনানী-আয়ুর্বেদিক চিকিত্সক নিয়োগ দিতে হবে। জাতীয় উদ্যোগে ভেষজ ঔষধি উদ্যান গড়ে তুলতে হবে। ওষুধের মান নিয়ন্ত্রণে ইউনানী-আয়ুর্বেদিক ওষুধের পৃথক লাইসেন্স ও ওষুধের মান নিয়ন্ত্রণ ও গবেষণার জন্য ইনস্টিটিউট স্থাপন করতে হবে। জেলা ভিত্তিক চিকিত্সক প্রশিক্ষণ, অপপ্রচার রোধকল্পে প্রণীত আইনের অপপ্রয়োগ নিশ্চিত করাসহ ১১দফা দাবি জানান। রেলমন্ত্রী মো. মজিবুল হক দেশীয় চিকিত্সকদের উদ্দেশে বলেন, অনেক ডাক্তার কু-রুচিপূর্ণ বিজ্ঞাপন দিয়ে ভেজাল ওষুধ বিক্রি করে থাকেন। আর যার কারণে প্রকৃত দেশীয় চিকিত্সকরা হয়রানিতে পড়েন। এ কারণে আপনারা নিজেদের স্বার্থেই ঐসব চিকিত্সকের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ইউনানী চিকিত্সা প্রাচীন চিকিত্সা ব্যবস্থা। যেখানে সবাই ছুটে যান, কারণ এই চিকিত্সা ব্যবস্থাটি এখনো মানুষের সাধ্যের নাগালে। তিনি বলেন, এ চিকিত্সা ব্যবস্থা শুধু হেকিমদের উপর ছেড়ে না দিয়ে গবেষণার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, মানবসেবায় আয়ুর্বেদিক চিকিত্সা একটি জাতীয় আন্দোলন। দেশের ৮০ ভাগ মানুষ যেখানে অর্থের অভাবে সুচিকিত্সা সেবা পায় না সেখানে অবশ্যই প্রতিটি জেলায় ইউনানী-আয়ুর্বেদিক চিকিত্সা সেবা নিশ্চিত করতে সরকারি স্বীকৃতি দরকার। দেশীয় চিকিত্সক সমিতির ব্যবস্থাপনা পরিচালক ড. ইউসুফ হারুন ভুঁইয়া বলেন, দেশীয় চিকিত্সা পার্শ্বপ্রতিক্রিয়াহীন একটি অতি পুরাতন চিকিত্সা সেবা। সরকার উদ্যোগ নিলে আমরা দেশীয় চিকিত্সা সেবা দেশের জনগণের জন্যে নিশ্চিত করতে পারি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক ড. করুণা সিন্ধু দাস বলেন, ভারতে ইউনানী-আয়ুর্বেদিক চিকিত্সায় কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র আছে। তিনি ভারতের মতো এদেশেও হাসপাতালে এলোপ্যাথিক চিকিত্সার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিত্সক নিয়োগ দেয়ার কথা বলেন।