মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদেশে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে বয়স ও বার্ধক্যজনিত সমস্যা জামিনের জন্য বিবেচ্য হতে পারে না। কারাগারে কায়সারের খাবার ও পরিচর্যায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকেও নির্দেশ দেয়া হয়। এর আগে মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশ মো. কায়সারকে ট্রাইব্যুনালে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
মুঈনুদ্দিন ও আশরাফের বিষয়ে আদেশ ২৭ মে : এদিকে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিষয়ে আগামী ২৭ মে প্রয়োজনীয় আদেশ দেবে ট্রাইব্যুনাল। গতকাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
