রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম মোর্শেদা আক্তার খুশি (১৪)। সে পূর্ব নাখালপাড়ার জাকির ইকবাল পাঠানের ৩৮২/১/১ নাম্বার বাসায় কাজ করতো। বুধবার দুপুর ১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, বাসার লোকজন সকালের দিকে খুশির রুমে গিয়ে ডাকাডাকি করে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ওড়নায় পেঁচানো অবস্থায় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। গৃহকর্তা জানিয়েছেন বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
