বায়ার্ন মিউনিখের বাস্তিয়েন শোয়েনস্টেইগার আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের অল জার্মান ফাইনালে যখন বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবেন তাতে কোন পেনাল্টি পেলে তিনি আবারো শট নেয়ার জন্য মুখিয়ে থাকবেন। গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে না পারার ক্ষত মোচনের জন্যই এই ঝুঁকি নেবেন তিনি। গতবারের ফাইনালে চেলসি বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় শিরোপা তুলে নিয়েছিল। অপরদিকে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল শোয়েনস্টেইগারকে।
বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কসের মতে ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ‘বিশ্বের সেরা মিডফিল্ডার’। কিন্তু বড় মাপের খেলোয়াড়দের কাতারে উঠে আসার জন্য তার দখলে নেই কোন বড় মাপের শিরোপা।
শোয়েনস্টেইগার ২০০২ সালে মাত্র ১৮ বছর বয়সে বায়ার্নের হয়ে অভিষেক নেয়ার পর এ পর্যন্ত বাভারিয়ানদের হয়ে ছয়টি বুন্দেসলিগা এবং পাঁচটি জার্মান কাপ জয় জিতেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বারবার শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছেন তিনি । জার্মানির হয়ে ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। এছাড়া ২০০৬ সালের ইউরো ও ২০১০ সালের বিশ্ব কাপে তৃতীয় এবং ইউরো ২০১২-তে সেমিফাইনালে খেলেছেন। সব মিলিয়ে তার আন্তর্জাতিক ম্যাচ হলো ৯৮টি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের হয়ে দুইবার ফাইনালে (২০১০, ২০১২) উঠলেও হারের বিস্বাদ নিতে হয় তাকে। গত বছর চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শোয়েনস্টেইগারের পেনাল্টি শটটি ডানপাশের পোস্টে লাগলে বায়ার্ন নিজেদের মাঠে হেরে যায়। সেই হারের ক্ষত এখনো মুছে যায়নি শোয়াইনির। কিন্তু তিনি এবং তার সতীর্থরা দৃঢ়ভাবে জানিয়েছেন ওয়েম্বলিতে কিছু একটা করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। শোয়েনস্টেইগার বলেন, ‘চেলসির সাথে সেই হার চলতি মৌসুমে আমাকে আরো অনুপ্রাণিত করে তুলছে।’
চলতি মৌসুমে শোয়েনস্টেইগার ও নতুন খেলোয়াড় জাভিয়ার মার্টিনেজ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এমন অপ্রতিরোধ্য জুটি হয়েছেন যে, বায়ার্নের সাফল্যে তাদের ভূমিকা বেশ বড়। এ কারণেই মিউনিখ চলতি মৌসুমে রেকর্ড গড়ে বুন্দেসলিগা শিরোপা জয় করতে পেরেছে। দলটি এখন জার্মান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের অপেক্ষায় আছে । চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার পথে শেষ চারে তারা বার্সেলোনাকে ৭-০ গোলে হারিয়ে দেয়। অসাধারণ এই মিডফিল্ডার মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিমুক্ত থেকে নিজের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিদায়ী কোচ হেইঙ্কস তার প্রশংসা করে বলেন, ‘আমাদের দক্ষ খেলোয়াড় সে। দলের মস্তিষ্ক। ছন্দটা ধরে রাখতে পারে। অবশ্যই হতাশ ছিল সে (২০১২ ফাইনাল); কিন্তু ফুটবলারকে এটা নিয়ে বেঁচে থাকতে হয়। আমার কাছে বাস্তিয়েন বিশ্বের সেরা মিডফিল্ডার।’ চলতি মৌসুমে তিনি আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। সেইসাথে বলেন, ‘যদি কোচ চান আমি আবারো পেনাল্টি নিতে চাই।’ ডর্টমুন্ডের সাথে ফাইনাল নিয়েই কথাটি বলেছেন তিনি।
হেইঙ্কসের কথায় তিনি সম্মানিতবোধ করলেও পা মাটিতেই রাখছেন। তিনি বলেন, ‘আমি এই বক্তব্যের তারিফ করছি। কিন্তু দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
আগামী শনিবার যদি আবারো ব্যর্থতা নেমে আসে তার মানে এই নয় যে, জার্মানির বাভারিয়ার ছোট শহর কোলবারমোরে জন্ম নেয়া এবং ১৪ বছর বয়সে বায়ার্নের যুব দলে যোগ দেয়া খেলোয়াড়টির সব কিছু শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘অবশ্যই আন্তর্জাতিক শিরোপা জিতে নেয়া অসাধারণ হবে। আমি খুশি হবো যদি এটা ঘটে। যদি নাও ঘটে তবুও। কারণ কেন জিততে পারছি না এর কারণ রয়েছে। তারপর আমরা আবারো চেষ্টা করবো। আমি দীর্ঘদিন বাঁচবো না, যদি এটা এখন জিতে নেই। ’
