নেইমার এলে দারুণ হবে: মেসি

আপডেট : ২২ মে ২০১৩, ২২:০৬
নেইমার যদি বার্সেলোনায় আসার ব্যাপারে সিদ্ধান্ত নেন তাহলে সেটা কাতালান ক্লাবটির জন্য দারুণ একটা ব্যাপার হবে বলে মনে করছেন লিওনেল মেসি। কাতারের আল কাস স্পোর্টস চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে মেসি নেইমার ছাড়াও আরো বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে ধরেন। বর্তমান ক্লাব সান্তোস ছেড়ে নেইমারের অন্য কোথাও যোগ দেয়ার বিষয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। তবে গত কয়েক দিনে এ গুঞ্জন আরো তীব্র হয়েছে। বলা হচ্ছে নেইমারের বিষয়ে সান্তোসের সঙ্গে একটি সমঝোতায় আসতে আগ্রহী বার্সেলোনাও। নেইমার অবশ্য বেশ জোর দিয়েই বলেছেন, ২০১৪ সালের আগে ব্রাজিল ছাড়ার ইচ্ছাই নেই তার। ভবিষ্যতে কি হবে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ব্রাজিলিয়ান ফুটবলের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকাটি যদি বার্সেলোনায় আসেন তাহলে সেটা স্পানিশ জায়ান্টদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন মেসি। চারবারের ফিফা বর্ষসেরা আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি জানি না সে এই ক্লাবে (বার্সেলোনায়) আসবে কিনা। তবে আমি নিশ্চিত সে এমন একজন খেলোয়াড় যে কিনা দলে একটা ভিন্ন মাত্রা যোগ করতে সক্ষম।’ আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। মেসিকে তাই কথা বলতে হয়েছে তার বিশ্বকাপ ভাবনা বিষয়েও। এই বিশ্বকাপ তার ক্যারিয়ারে কি যোগ করবে সেটা নয় বরং এর মর্যাদাই তাকে বিশ্বকাপ জিততে দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে জানিয়ে মেসি বলেন, ‘আমি শুধু বিশ্বকাপ জয় করা নিয়েই ভাবছি। এটা আমাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করবে কিনা সে বিষয়ে আমি মোটেই চিন্তিত নই।’ মেসি কথা বলেন তার সাবেক দুই কোচ ফ্রাঙ্ক রাইকার্ড এবং পেপ গার্দিওলার বিষয়েও। আর্জেন্টিনার এক কিশোর বালককে আজকের মেসিতে পরিণত করার বিষয়ে বার্সেলোনায় এই কোচদের অবদান স্বীকার করে মেসি বলেন, ‘তিনিই (রাইকার্ড) সেই ব্যক্তি যিনি কিনা আমার উপর আস্থা রেখেছিল। সে সময় আমার বয়স ১৭। তার অধীনে কাজ করা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময়। আর পেপ (গার্দিওলা) আমাকে বলেছেন, তিনি কোচিং করিয়েছেন এমন খেলোয়াড়দের মধ্যে আমিই সেরা। তিনি বায়ার্নেও সাফল্য পাবেন। তিনি যেখানেই যান না কেন সফল হবেন। কারণ তার মতো আর কেউই খেলাটাকে বুঝতে এবং পড়তে পারেন না’।