ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান স্পট ফিক্সিং বিতর্ক দেশটির সীমানা পার হয়েছে আগেই। প্রথমদিন থেকেই বলা হচ্ছে করাচির সঙ্গে দারুণ যোগাযোগ এই বাজিকর চক্রের, গতকাল দিল্লি পুলিশ ইঙ্গিত দিয়েছে এক পাকিস্তানি আম্পায়ার জড়িত থাকতে পারেন! এবার ভারতীয় এক টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বাংলাদেশের একজন ক্রিকেটারের নামও উঠে এসেছে তদন্তে। চ্যানেলটি অবশ্য কোন নাম প্রকাশ করেনি। এ খবর সত্যি হলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্যও ভয়াবহ হিসেবে আবির্ভূত হবে। ভারতের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএনের ওয়েবসাইটে গতকালই দিল্লি পুলিশের বরাত দিয়ে জানানো হয়—আইপিএলের এই ফিক্সিং কেলেঙ্কারিতে শীর্ষস্থানীয় এক বাংলাদেশি ক্রিকেটার জড়িত। এই ক্রিকেটার অবশ্য আইপিএল টুর্নামেন্টে কখনো খেলেননি!
এই তথ্য জানার পর প্রশ্ন উঠেছে কে হতে পারেন সেই ক্রিকেটার? দিল্লি পুলিশের সূত্র সিএনএন-আইবিএনকে কোনো নাম জানাতে পারেনি। তবে এটুকু বলতে পেরেছে যে, সাবেক আইসিএল ক্রিকেটার বাবুরাও যাদবের মাধ্যমে এই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ হয়েছে আইপিএল বাজিকর সুনীল ভাটিয়ার সঙ্গে। ভাটিয়া ও যাদব দুজনই বর্তমান কেলেঙ্কারিতে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার আছেন। এই দুজন বিপিএল চলাকালীন ঢাকায় এসেছিলেন এবং বাজিকর হিসেবে চিহ্নিত হওয়ার পর দুজনকেই বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ। একইসঙ্গে তারা বলছে, বিপিএলেও বর্তমান আইপিএলের বাজিকর এই চক্রটি সক্রিয় থাকতে পারে!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা অবশ্য কোনো প্রতিক্রিয়াই জানাতে পারলেন না কাল। বিসিবি’র পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এই প্রতিবেদকের কাছ থেকে খবরটা প্রথম শুনেছেন দাবি করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকেন। তবে অন্য কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে আলাপ করে বোঝা গেল, তারা বিষয়টি জানেন এবং এই খবরে যথেষ্ট শঙ্কিত ও বিস্মিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বললেন, ‘এটা সত্যি হলে খুবই শকিং। জানি না, কী অপেক্ষা করছে আমাদের জন্য।’
ভীন্ দেশি ম্যাচ ফিক্সিংয়ে এই প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটারের নাম জড়ানোর শঙ্কা তৈরি হলেও বিপিএলে ফিক্সিং কিন্তু নতুন কোনো শব্দ নয়। বিপিএলের প্রথম আসর থেকেই এর পিছু নিয়েছিল ফিক্সিং বিতর্ক।
বিপিএলে প্রথম ফিক্সিংয়ের বোমাটা ফাটিয়েছিলো মাশরাফি বিন মুর্তজা। তিনি অভিযোগ করেছিলেন, এক সাবেক ক্রিকেটার তাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করে সাবেক ক্রিকেটার শরিফুল হক প্লাবনকে। এরপর প্রথম আসরেই বাজিকর সন্দেহে ড্রেসিংরুমের সামনে থেকে গ্রেপ্তার হন পাকিস্তানি নাগরিক সাজিদ খান এবং তার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে পাকিস্তানি ওপেনার নাসির জামসেদকে জিজ্ঞাসাবাদও করা হয়। পরে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী অভিযোগ করেন, প্রথম মৌসুমে তিনি একাই কমপক্ষে তিনটি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন। এরপর ভারতীয় টেলিভিশন চ্যানেলের স্ট্রিং অপারেশনে ‘ম্যাচ পাতাতে পারি’ বলে স্বীকারোক্তি দিয়ে নিষিদ্ধ হওয়া আম্পায়ার নাদির শাহ গোপন ক্যামেরার সামনে বলেন, বিপিএলে ম্যাচ পাতানো হয় এবং তিনি নাসির জামসেদের নাম উল্লেখ করেন।
সর্বশেষ বিপিএল আসরেও অন্তত দু’বার ফিক্সিং ব্যাপারটা আলোচনায় উঠে আসে। প্রতাপশালী দল ঢাকা ওয়ারিয়র্স হঠাত্ করে চট্টগ্রামের ভাগ্য নির্ধারণী এক ম্যাচে নিজেদের তারকা মাশরাফি ও সাকিব আল হাসানকে বিনা কারণে বসিয়ে রেখে আলোচনার জন্ম দেয়। একই আসরে খুলনা রয়্যালসের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তোলে রংপুর রাইডার্স এর মালিক পক্ষ!
এখন দেখার বিষয় এতোদিন ভেতরে ভেতরে ফিসফিসানি হিসেবে থাকা বিপিএলের ফিক্সিং গুঞ্জন আইপিএল পর্যন্ত সত্যিই পৌঁছে যায় কী না!
