বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বর্তমান এডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ ও শফি উল্লাহ আল মুনীর লড়াইয়ে নেমেছেন। মুনীর মূলত মোহামেডান কর্মকর্তা হলেও কাউন্সিলর হয়েছেন ঢাকা মেরিনার্স ক্লাব থেকে। অপরদিকে খাজা রহমত উল্লাহ কাউন্সিলর হয়েছেন আবাহনী থেকে। জানা গেছে, আবাহনী থেকে হকি কর্মকর্তা জাকি আহমেদ রিপন কাউন্সিলর হওয়ার কথা থাকলেও তিনি ছাড় দেয়ায় খাজা রহমত কাউন্সিলর হওয়ার সুযোগ পান। মেরিনার ক্লাব থেকে কাউন্সিলর হলেও মুনিরকে সমর্থন দিচ্ছেন মোহামেডান।
নির্বাচনের অবশ্য এখনো কোন দিনক্ষণ ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
কাউন্সিলদের নাম জমা দেয়ার প্রক্রিয়া চলছে। ৭১ কাউন্সিলর হকিতে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফেডারেশন সভাপতির সুপারিশ অনুযায়ী পাঁচ জন কাউন্সিলের নাম অনুমোদন করেছে। জানা গেছে, হকির নির্বাচনের জন্য এনএসসির কোটায় কাউন্সিলর হয়েছেন আব্দুস সাদেক, জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশিদ এবং জাকি আহমেদ রিপন।
কিন্তু হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলছেন, ‘ফেডারেশন থেকে এনএসসিতে কোনো তালিকা তারা পাঠাননি।’ তিনি দাবি করেন, বিভিন্ন জায়গা থেকে নামগুলো এনএসসিতে গিয়েছে। তালিকার প্রথম তিনজনই আবাহনীরই খেলোয়াড়। জাকি আহমেদ রিপন দলের হকি কর্মকর্তা।
মোহামেডানের হকি কর্মকর্ত সাজেদ আদেল এই তালিকা প্রসঙ্গে বলেছেন, ‘আমরা জাতীয় পুরস্কার প্রাপ্ত হকি খেলোয়াড়দের নাম দিয়েছিলাম। কিন্তু সেসব বিবেচনা করেনি ফেডারেশন। পাঁচ জনকে এক ক্লাব থেকে দিয়ে ফেভার করা হয়েছে।’ অ্যাজাক্সের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘বিষয়টি নিরপেক্ষভাবে হওয়া উচিত। একক সিদ্ধান্ত হওয়া উচিত না। সবার মত নিয়ে মনোনয়ন দেয়া হলে ভালো হতো। আমরা ছোট ক্লাব হলেও হকিতে আমাদের অবস্থান আছে।’ তিনি বলেন, ‘আশা করি এটি ঠিক হয়ে যাবে।’
উষার সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বলেন, ‘এনএসসির কোটা আবাহনী কেন্দ্রিক হয়েছে। আরো দুই একজন সিনিয়রদের জায়গা দেয়া উচিত ছিল।’ জাতীয় কাউন্সিলদের তালিকায় অন্তত তিনজন স্পন্সর থাকলে ভালো হতো, এটা হকির স্বার্থেই হওয়া উচিত বলে মনে করেন মেরিনার ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান। তিনি বিষয়টি ফেডারেশন সভাপতির কাছে পুনর্বিবেচনার অনুরোধ করবেন বলে জানিয়েছেন।
