স্পিনার ব্রুস মার্টিন চোট পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন নিউজিল্যান্ডের তারকা স্পিনার ড্যানিয়েল ভেটোরি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তিনি খেলবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি ব্ল্যাক ক্যাপসরা।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গতবছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টের পর আর কোন টেস্টে মাঠে নামা হয়নি ভেটোরির। ইনজুরি থেকে ফিরে মাত্রই নিউজিল্যান্ড থেকে ভারতে গিয়েছিলেন আইপিএল-এ অংশ নেয়ার জন্য। কারণ তাকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ দিতে শুধু ওয়ানডে সিরিজের জন্যই বিবেচনা করছিল কিউই ক্রিকেট বোর্ড। তবে অন্য কোন বিকল্প না থাকায় লর্ডস টেস্টে ‘কাফ ইনজুরি’র শিকার হওয়া মার্টিনের বদলি হিসেবে তাকে জরুরি ভিত্তিতে উড়িয়ে আনে তারা। গতকাল বুধবার দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি। এর আগে প্রথম টেস্টে সফরকারীরা ১৭০ রানে পরাজিত হয়।
