বরুশিয়া ডর্টমুন্ডের আন্তর্জাতিক তারকা মারিও গোয়েটশে এবং ম্যাটস হিউমেলস আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অল জার্মান ফাইনালে বায়ার্ন মিউনিখের সাথে লড়তে হবে ডর্টমুন্ডকে। আর এরকম একটা গুরুত্বপূর্ণ ফাইনালের আগে উভয় খেলোয়াড়ই পায়ের ইনজুরিতে পড়েছেন।
বর্তমানে ২০ বছর বয়সী গোয়েটশে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচটি খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এরপর তিন সপ্তাহ তিনি হালকা অনুশীলন করেছেন। আক্রমণভাগের এই মিডফিল্ডার গত মঙ্গলবার দলের সাথে মাত্র এক ঘন্টা অনুশীলন করতে পারেন। ইনজুরিতে পড়ার পর এটিই গোয়েটশের প্রথম অনুশীলন। ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জোর্ক ক্রীড়া দৈনিক বিল্ডকে বলেন, ‘মারিও উরুতে কিছু একটা অনুভব করছেন বলে অনুশীলনে বিরতি নেন। আমরা নিশ্চিত নই পরিস্থিতি কতটা খারাপ।’
গোয়েটশে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার মতো ফিট হয়ে উঠলে এটাই হবে ডর্টমুন্ডের হয়ে তার শেষ ম্যাচ। কারণ চুক্তির শর্ত অনুযায়ী আগামী মাসেই জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নে যোগ দিতে হবে তাকে।
গোয়েটশের স্বদেশি এবং সেন্টার ব্যাক ২৪ বছর বয়সী হিউমেলস গত শনিবার নিজের মাঠে ২-১ গোলে হফেইনহ্যামের কাছে হারা ম্যাচটিতে গোড়ালিতে চোট পান। এ কারণেই সতর্কতা হিসেবে মঙ্গলবার অনুশীলনের পুরোটাই তিনি বসে কাটান এবং নিবিড় শুশ্রূষা চালিয়ে যান।
