ঝালে ঝোলে অম্বলে

সংসদে যাওয়া না যাওয়া

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:২১
আমাদের দেশে ‘সুখে থাকলে ভূতে কিলায়’ বলে একটা কথা আছে। আমাদের জীবনে এরচেয়ে বড় সত্য আর আছে বলে মনে হয় না। এমনিতেই আমরা সুখ সুখ বলে পাগল হয়ে যাই। সুখের জন্য জীবন পর্যন্ত উত্সর্গ করি। তারপর সুখ পেয়ে গেলে তা হারানোর জন্য ব্যাকুল হয়ে যাই। অনেক কষ্টের অর্জনকে পায়ে মারিয়ে হলেও বিসর্জন দেয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়ি। সুখ আসলে আমরা সহ্য করতে পারি না। আবার সুখ ছাড়া আমাদের একদণ্ডও চলে না। এ এক জটিল সম্পাদ্য। আমরা অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে একটি চমত্কার দেশ, চমত্কার রাষ্ট্রপরিচালন ব্যবস্থা হাতে পেয়েছিলাম, অর্জন করেছিলাম। কিন্তু এগুলোকে যথাযথভাবে পরিচর্যা করতে পারিনি। আমাদের দেশের মানুষের মধ্যে আশ্চর্যরকম স্ববিরোধিতা আছে। আমরা মুখে সবার ভালো চাই। কিন্তু বাস্তবে অন্যের সর্বনাশ না হওয়া পর্যন্ত থামি না। নিজের সুখ, নিজের দলের উন্নতি—এটাই আমাদের আরাধ্য, কিন্তু কোনো অবস্থাতেই আমরা তা স্বীকার করি না। আওয়ামী লীগাররা বলে আমরা ভালো, বিএনপিওয়ালারা বলে আমরা ভালো। উভয়পক্ষ নিজেকে ভালো বলে দাবি করলেও অপরের অবদান কেউই স্বীকার করে না। ফলে একপক্ষ ডাইনে গেলে আরেকপক্ষ সরাসরি বাঁয়ে হাঁটা দেয়। কিন্তু উভয়পক্ষই যা কিছু করে তা করে ‘জনগণের’ নামে। ‘জনগণের’ দোহাই দিয়েই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মানে না। ওদিকে বিএনপি ‘জনগণের’ কারণেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সংসদ বর্জন করছে। সাধারণত যে পথে হাঁটলে উন্নতি-অগ্রগতি হবে, যে পথ অনুসরণ করলে আখেরে কল্যাণ হবে আমরা সে পথে হাঁটি না। আমরা সবার আগে পথ কেটে খাল বানাই। তারপর সে খালে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করি। এভাবে ব্যর্থ হওয়ার পর নৌকার আশ্রয় নিই। সবশেষে আমরা আবার সেই খাল বুজিয়ে পথ বানাতে চাই। এভাবে আমরা প্রতিনিয়ত পথ থেকে বিপথে হেঁটে আমাদের শ্রম-ঘাম ব্যয় করি। আবার পথের সন্ধান পেয়ে গেলে সেই পথকে কিভাবে কর্দমাক্ত করা যায়, খুঁড়ে-কেটে কিভাবে পথের নাম-নিশানা মুছে ফেলা যায় আমরা সেই চেষ্টা করি। তাইতো আমাদের সব দুঃখই চেনা দুঃখ, সব সুখই নিজেদের অবহেলায় হারানো দীর্ঘশ্বাস মেশানো সুখ! আমরা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা আমাদের জন্য ঠিক করেছি। কিন্তু এই ব্যবস্থাটা যেন কিছুতেই কার্যকর না হয় সেজন্য শুরু থেকেই ভূমিকা পালন করে চলেছি। সংসদীয় গণতন্ত্রের ‘খড়ের ঘরে’ শুরু থেকেই অত্যন্ত সততার সঙ্গে ‘আগুন দেয়ার’ দায়িত্ব পালন করছে বিরোধী দল। আমাদের সংসদ যেন ‘সার্কাসের এক চাকার সাইকেলে’ পরিণত হয়েছে। এখানে বিরোধী দল কখনই সংসদে উপস্থিত থাকে না। তারা নানা ছুতো-নাতায় সংসদের কার্যক্রম থেকে বিরত থাকে। গত দেড় যুগ ধরে আমরা এই সংসদীয় গণতন্ত্রের তামাশাই উপভোগ করছি। এটা আমাদের গা-সওয়াও হয়ে গেছে। এখন আমরা বিরোধী দল সংসদে অনুপস্থিত থাকলে মোটেও অবাক হই না, বরং উপস্থিত হলেই চমকে উঠি। অভ্যাস বলে কথা! যেমন আমরা আগামী বাজেট অধিবেশনে বিএনপির অংশগ্রহণের ঘোষণা শুনে চমকে উঠেছি। কেন বাবা, ভালোই তো চলছিল, আপনারা তো রাজপথে বেশ সাফল্য দেখাচ্ছিলেন। সংসদে যোগ না দিয়ে হরতাল-জ্বালাও-পোড়াও-সরকারি দলের মুণ্ডপাত-কথার ফোয়ারা—সবকিছুই বেশ দক্ষতার সঙ্গেই চলছিল। হঠাত্ সংসদে যোগ দেয়ার প্রয়োজন হলো কেন? আমাদের দুর্ভাগ্য হলো, একটা অভ্যেস বা ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেলেই দেখা যায় রাজনৈতিক নেতারা সেই ব্যবস্থাকে বদলাবার জন্য উঠে-পড়ে লাগেন। যেমন এখন বিরোধী দলহীন অকার্যকর সংসদকে কার্যকর করার জন্য এক ধরনের তত্পরতা লক্ষ্য করা যাচ্ছে। সংসদে সরকারি দল ও বিরোধী দল নিয়মিত উপস্থিত হবে, উভয়ে মিলেমিশে দেশের কল্যাণে আইন-নীতি-বিধান প্রবর্তন করবে, একে অপরের গঠনমূলক সমালোচনা করবে, একে অপরকে শ্রদ্ধা-সমীহ করবে—এটাই নিয়ম, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু আমাদের দেশের নেতা-নেত্রীরা এই নিয়মটাকে একেবারে শিকেয় তুলে দিয়েছেন। এখানে সংসদ চলে শুধু সরকারি দলের সদস্যদের উপস্থিতিতে, তাদের খেয়াল এবং মর্জিতে। বিরোধী দল এখানে সংসদে যাওয়াটাকে মোটেও প্রয়োজনীয় কাজ মনে করে না। তবে মেয়াদ শেষ হওয়ার আগে একবার গিয়ে হাজিরা দিয়ে নিজেদের সদস্যপদ নবায়ন করে আসেন। তারপর আবার বর্জন, আবার সংসদকে পাশ কাটিয়ে জ্বালাময়ী ভাষণ। সরকারি দলের মুণ্ডপাত। হরতাল-নৈরাজ্য। জ্বালাও-পোড়াও-ভাংচুর। যখনই আমরা এসবে অভ্যস্ত হয়ে যাই তখনই আসে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আবার সরকার ও বিরোধী দলের মধ্যে আলাপ-আলোচনার তাগিদ, সংসদে আসার আহবান, সংসদকে কার্যকর করার দাবি। আমাদের অভ্যস্ত জীবনাচারে আবার আসে অশান্তি, আবার মতানৈক্য। আমাদের দেশের রাজনীতিতে বিরোধী শিবিরে যারা থাকেন তারা সংসদে না গিয়ে সারাক্ষণ রাজপথ গরম করার ব্যাপারে ব্যস্ত থাকলেও নিজেদের সদস্যপদ কিছুতেই হারাতে চান না। ৯০ দিনের মধ্যে ঠিকই কোনো একটা ছুতো তুলে হাজিরা দিয়ে নিজেদের বেতন-ভাতা-সুযোগ-সুবিধা ধরে রাখেন। এটাকেই বুঝি বলে জাতে মাতাল কিন্তু তালে ঠিক! এবারও বিরোধী দল নিজেদের সদস্যপদ বাঁচাতে সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। যদিও তারা যথারীতি ‘জনগণের’ দোহাই দিয়ে সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ‘জনগণ চাইছে’ বলেই নাকি তারা সংসদে যোগ দিচ্ছে। সংসদে কতদিন থাকবে তা নাকি নির্ভর করছে ‘সরকারের আচার-আচরণ ও ব্যবহারের ওপর’। অর্থাত্ বিরোধী দল সংসদ বর্জনের ‘শর্ত’ ঢোকার আগেই দিয়ে রাখল। এদেশে ‘সরকারের আচার-আচরণ ও ব্যবহার’ কোনোকালেই বিরোধী দলের মনের মতো হবে না। কাজেই কোনো একটা ছুতো ধরে সংসদ থেকে বের হয়ে গেলে বিরোধী দল ‘আইনত’ দণ্ডনীয় হবে না। তারা তো আগেই বলে রেখেছিল! একথা সবাই জানে যে, বিরোধী দল সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্রেফ সদস্যপদ বাঁচাতে। কারণ আসন্ন অধিবেশনের প্রথম ৭ কার্যদিবসের মধ্যে বিরোধী জোট সংসদে না গেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য সংসদ সদস্যদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। বিরোধী জোটের সংসদ সদস্যরা মোট ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত আছেন। সর্বশেষ তারা গত বছরের ২০ মার্চ সংসদে ছিলেন। সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হবে। নবম জাতীয় সংসদের মেয়াদের প্রথম ৫২ মাসে ১৭টি অধিবেশন হয়েছে। প্রথম অধিবেশন ছাড়া বিএনপি জোট অন্য অধিবেশনগুলোতে শুধু সদস্যপদ রক্ষার জন্য গেছে। সামনের সারিতে বিএনপির জন্য ‘কম আসন’ রাখার অভিযোগ তুলে প্রথম অধিবেশন থেকেই সংসদ বর্জন শুরু করে বিএনপির নেতৃত্বাধীন জোট। ভালো কিছু করার ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে না পারলেও সংসদ বর্জনের ক্ষেত্রে আমাদের দেশের রাজনৈতিক নেতারা একটা অসামান্য রেকর্ড গড়েছেন। ১৯৯১ সাল থেকে চারটি সংসদে বিরোধী দলের অধিবেশন বর্জন অনেকটাই নিয়মে পরিণত হয়। তবে বর্তমান সংসদের ৫২ মাসেই বিরোধী দল সংসদ বর্জনে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এখন পর্যন্ত ১৭টি অধিবেশনের ৩৭০ কার্যদিবসের মধ্যে বিরোধী দল সংসদে ছিল মাত্র ৫২ কার্যদিবস। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এখন পর্যন্ত মাত্র আটদিন সংসদে উপস্থিত ছিলেন। অষ্টম জাতীয় সংসদে বিএনপি ছিল সরকারি দল। তখন বিরোধী দল আওয়ামী লীগ ৩৭৩ কার্যদিবসের মধ্যে ২২৩ দিন অনুপস্থিত ছিল। সপ্তম সংসদের বিরোধী দল বিএনপি ৩৮২ কার্যদিবসের মধ্যে ১৬৩ দিন বর্জন করে। আর পঞ্চম সংসদের বিরোধী দল আওয়ামী লীগ ৪০০ কার্যদিবসের মধ্যে ১৩৫ দিন সংসদ বর্জন করে। চারটি সংসদের মধ্যে পঞ্চম ও অষ্টম সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন যথাক্রমে ১৩৫ ও ৪৫ কার্যদিবস। আর ষষ্ঠ এবং নবম সংসদে (১৭তম অধিবেশন পর্যন্ত) বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন যথাক্রমে ২৮ ও ৮ কার্যদিবস। অথচ সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র জাতীয় সংসদ। সংসদকে কেন্দ্র করেই গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি ও ঐতিহ্য। প্রাণবন্ত আলোচনা ও যুক্তি-তর্কে প্রণীত হয় আইন। জবাবদিহিতা নিশ্চিত করতে আর সরকারের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরতে সংসদে কথা বলার চেয়ে উত্কৃষ্ট কোনো মাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে আর দ্বিতীয়টি নেই। সংসদকে কেন্দ্র করেই সুস্থ ধারার রাজনীতি বিকশিত হয়। গণতন্ত্রের অন্যতম প্রধান নিয়ামক হলো একটি কার্যকর ও গতিশীল সংসদ। সদস্যদের ক্ষুরধার আলোচনা-সমালোচনা, যুক্তি ও পাল্টা যুক্তিতে উঠে আসে জনগণের নানাবিধ সমস্যা আর সেগুলো সমাধানের সম্ভাব্য পথপদ্ধতিগুলো। এভাবেই সংসদীয় গণতন্ত্রের দেশে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে থাকে সংসদে। নিজ এলাকার জনগণের জন্য কথা বলার জন্যই সংসদ সদস্য নির্বাচন করেন সাধারণ মানুষ। অথচ নির্বাচিত হওয়ার পর বিরোধী দলের তরফ থেকে শুরু হয় সংসদ বর্জনের পালা। এ নিয়ে তাদের মধ্যে কোনোরকম অনুশোচনা দেখা যায় না। এই প্রতিভাবান সংসদ সদস্যরা সংসদ বর্জনের পক্ষে একটা শক্ত যুক্তি ঠিকই খাড়া করে ফেলেন। সংসদ বর্জন করলেও সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে সংসদ সদস্যরা এখনও পর্যন্ত কোনো ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি। এক্ষেত্রে তারা নীতি-নৈতিকতাকে বিসর্জন দেবার দুঃসাহস ঠিকই দেখিয়ে চলছেন। আজ পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থরক্ষার প্রশ্নে সংসদ সদস্যরা একদিনের জন্যও সংসদ বর্জন করেননি। তারা সংসদ বর্জন করেছেন দলীয় স্বার্থে, দলীয় রাজনৈতিক সিদ্ধান্তে। এরপর সংসদে যোগ দেয়ার ক্ষেত্রে আরোপ করেছেন অজস্র-অসংখ্য শর্ত। রাজনীতিতে শর্ত, দরকষাকষি, কৌশল থাকতেই পারে। তবে তা অবশ্যই জনগণের স্বার্থসংশ্লিষ্ট হওয়া দরকার। বিরোধী দলের পক্ষ থেকে জনজীবনের সমস্যা-সংকট নিরসন ও সার্বিক উন্নয়নের প্রয়োজনে জনগণের গণতান্ত্রিক মানবিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন রাজনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ; কিন্তু সংসদে যাওয়া-না যাওয়া নিয়ে এ ধরনের দরকষাকষি অনভিপ্রেত। বিরোধী দল সংসদে গিয়ে তাদের দাবিগুলো সংসদে জোরালোভাবে উত্থাপন করবে, না মানলে ওয়াকআউটসহ বিভিন্ন পন্থা রয়েছে। সরকারি দলের পক্ষ থেকে নেতিবাচক মনোভাব পোষণ করলে তারা জাতির সামনে তাদের বক্তব্য তুলে ধরতে পারে। সংসদকেই করতে পারে দাবি আদায়ের ক্ষেত্র। সংসদীয় গণতন্ত্রকে যেখানে শক্তিশালী ও কার্যকর করা দরকার। কিন্তু তা না করে বিরোধী দলের ধারাবাহিক সংসদ বর্জন কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না। আইন করে সংসদ বর্জন বন্ধ করাটা এখন সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার স্বার্থেই জরুরি হয়ে দেখা দিয়েছে। সরকারি দলকেও এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিরোধী দলকে ‘তুষ্ট’ করে (অধিক ছাড় দিয়ে, তাদের বেশি কথা বলার সুযোগ দিয়ে, উস্কানিমূলক কথাবার্তা যথাসম্ভব কম বলে) যৌথভাবে আগামী জাতীয় নির্বাচনের একটা গ্রহণযোগ্য ফর্মুলা বের করার এটাই শেষ সুযোগ। এই সুযোগ হারালে আবারও অনিবার্য অনিশ্চয়তার অন্ধকার এসে গ্রাস করতে পারে। মনে রাখা দরকার যে, জাতীয় সংসদ চলাকালে প্রতি মিনিটে সরকারের ব্যয় হয় প্রায় ৪২ হাজার টাকা। এটা যায় জনগণের ট্যাক্সের টাকা থেকে। কিন্তু যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার বিনিময়ে আমাদের জাতীয় জীবনে প্রাপ্তি কতটুকু? এর হিসাব সাধারণ মানুষকে অবশ্যই দিতে হবে। আমাদের দেশের রাজনীতিতে ভালো মানুষের অংশগ্রহণ এখনও কম। সাধারণত ভোটাররা তুলনামূলক ‘ভালো লোক’ অথবা অপেক্ষাকৃত ‘কম খারাপ মানুষ’ বিবেচনায় সংসদ সদস্যদের নির্বাচিত করে থাকেন। আমাদের দেশে গত ২২ বছরের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো একটি দল পরপর দুইবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারে না। এ থেকে একটি বিষয় প্রমাণিত হয় যে, জনগণ একটি জাতীয় নির্বাচনে যে দলের প্রার্থীদের ভোটদানের মাধ্যমে বিশালাকারে জয়যুক্ত করেন, তাদের একটা বড় অংশই পরবর্তী নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ দলের পদপ্রার্থীকে নির্বাচিত হতে সাহায্য করে থাকেন। সুতরাং ভোটদাতাদের এই বিশাল অংশের প্রধান রাজনৈতিক দল দুইটির কারো প্রতিই যে কোনো ধরনের অন্ধ আনুগত্য নেই এটা ধরে নেয়া যেতে পারে। ক্ষমতায় থাকা অবস্থায় তাদের কর্মকাণ্ড, আচার-আচরণ ও যাবতীয় তত্পরতাকেই পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচিত হওয়ার যোগ্যতা-অযোগ্যতার মাপকাঠি হিসেবে জনগণ নির্ধারণ করে থাকেন। সরকারি দলকে এসব বিষয় গভীরভাবে বিবেচনায় নিতে হবে। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পেলেও সংসদ সদস্যরা ঠিকই ‘সংসদ সদস্য’ এই পদের জোরে শুল্কমুক্ত দামি গাড়ি, নামমাত্র মূল্যে রাজধানীর অভিজাত এলাকায় প্লট-বাড়ি ইত্যাদির মালিক বনে যান। সংসদ সদস্য হওয়াটা এদেশে বড় লোক হওয়ার একটা অনায়াস উপায়। পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক দেশে সংসদ সদস্যরা এত সুযোগ-সুবিধা ভোগ করেন বলে আমাদের জানা নেই। যারা স্রেফ সংসদ সদস্য হওয়ার কারণে দেশের ‘এলিট শ্রেণির’ সদস্য বনে যান, এত এত সুযোগ-সুবিধার জোরে রাতারাতি বড়লোক হওয়ার সব উপায় হাতে পেয়ে যান, তারা সংসদে যোগ দেবার বেলায় ছল খুঁজবে, একটা অজুহাত খাড়া করে সংসদ থেকে বের হয়ে আসবে—এই নীতিহীনতার অবসান হওয়া উচিত। লেখক :কলামিস্ট