আজ বাংলার বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্ম জয়ন্তী। ১৮৯৯ সালের এইদিনে বর্ধমান জেলার এক অজপাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেন সাম্যের কবি, বেদনার কবি ও বিদ্রোহী কবি নজরুল। বিস্ময়কর ধূমকেতুর মতই বাঙলা সাহিত্যে তাহার আবির্ভাব। ধূমকেতু যেমন তাহার পুচ্ছ নাচাইয়া সকল জঞ্জাল সাফ করিবার প্রতিশ্রুতি বহন করিয়া লইয়া আসে, কাজী নজরুল ইসলামও তেমনি সম্বিতহারা বাঙালি জাতির সম্বিত ফিরাইতে শোষক-অত্যাচারী ও মানবতার শত্রুদের বিরুদ্ধে রুদ্র ভয়ংকররূপে আত্মপ্রকাশ করিয়াছিলেন। যেখানে অন্যায়, যেখানে অবিচার এবং যেখানেই লাঞ্ছিত মানবাত্মার ফরিয়াদ, সেখানেই মহাবিদ্রোহী রূপে আমরা তাহাকে দেখিতে পাই। মানুষের যাবতীয় কর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার তিনি। সাম্প্রদায়িক সংকীর্ণতা, মানুষের হীনতা, ক্রুঢ়তা ও হিংস অগ্নি বর্ষিত হইয়াছে। ভিসুভিয়াসের বিপুল রন্দ্র দিয়া যেমন তাহার নাসার বিষ ফুত্কার শুরু হইয়াছিল নজরুল যেন অত্যাচারীদের জন্য সেই ভিসুভিয়াসেরই প্রতিরূপ হইয়া উঠিয়াছিলেন। জ্বালা দিয়া তিনি থামাইতে চাহিয়াছেন সকল ভ্রূকুটিকে, সকল প্রকার অব্যবস্থা এবং তথাকথিত সব বিধি ও নিয়মকে। তিনি অজানা অসীম পূর্ণতা নিয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। মানুষের দুঃখে, কষ্টে এবং দুর্বলের উপর সবলের অত্যাচারের ব্যাপারে তিনি তাহার গানে-কবিতায়-প্রবন্ধে মহাজাগরণ সৃষ্টি করিয়াছিলেন। রবীন্দ্রনাথ ধূমকেতু রূপী নজরুলকে বরণ করিয়া লইয়াছিলেন তাহার প্রচণ্ড প্রবল শক্তিমত্তা ও বীর্যবত্তার প্রতি অকুণ্ঠ স্নেহ বর্ষণের মাধ্যমে। উন্নত মানবাত্মার জয়ভেরী বাজাইয়াছেন নজরুল, তাহার সমস্ত রচনাই অতল স্পর্শী বেদনার মূর্তিমান প্রকাশ। মানুষের প্রতি মানুষের হিংসা-দ্বেষের কদাকার রূপ-দৃষ্টে বেদনায় নীল হইয়া গিয়াছেন কাজী নজরুল।
আজও বিশ্ব অত্যাচারী এবং ইতর স্বভাব মানুষের পদভারে প্রকম্পিত হয়, আর সে কারণেই নজরুলের লেখনী আজও তাই অত্যাচারীর বিরুদ্ধে খড়গ কৃপাণের ন্যায় ঝলসাইয়া ওঠে। আজও তাহার লেখনী তাই প্রাসঙ্গিক। সকল প্রকার ক্ষুদ্রতা, সংকীর্ণতা এবং জাত-পাতের দেওয়াল চূর্ণ করিয়া মহামিলনের বাণী প্রচার করিয়াছেন নজরুল। বাংলা ও বাঙালির শৌর্য, বীর্যবত্তা, সামর্থ্য এবং মেধা-মনন-সাহস ইত্যাদি বিষয়ে তিনি ছিলেন উচ্চকণ্ঠ তুর্যবাদক নকীব স্বরূপ। আবার কুপমন্ডুকতা, সাম্প্রদায়িকতা, যাবতীয় নোংরামী, রুচিহীনতা ও অসংস্কৃত কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সব্যসাচীর ন্যায় জ্বলিয়া উঠিয়াছেন। তিনি ব্যক্তিগত জীবন চর্চার ক্ষেত্রে সর্ববিচারেই ছিলেন অসাম্প্রদায়িক, মানবদরদী এক মহত্প্রাণ শিল্পী। জাতিতে জাতিতে হানাহানি, বিদ্বেষ-সংঘাত, যুদ্ধ-বিগ্রহ, অনুদারতা ইত্যাদি কবিকে ব্যথাহত করিয়াছে, চিত্তকে করিয়াছে বিদীর্ণ ও আশাহত তবুও তিনি কখনই দমিয়া যান নাই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়া বাকরুদ্ধ হইয়া পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষুরধার লেখনী চালাইয়া গিয়াছেন তিনি অকুতোভয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করিয়া।
মানবতা বিনাশী সকল অপতত্পরতার বিরুদ্ধে সাইমুমের বেশে গোর্কীর বেশে আগাইয়া গিয়াছেন তিনি আর এক্ষেত্রে দেশ-কাল-পাত্র ডিঙ্গাইয়া তিনি হইয়া উঠিয়াছেন কালজয়ী এক পুরুষোত্তম ব্যক্তিত্ব। বাংলা ও বাঙালির গৌরব তিনি, তাহার স্পর্ধিত উচ্চারণ এবং তাহার সুর ও বাণী আমাদের গৌরবজনক মুক্তিযুদ্ধের এবং আমাদের মানবতাবোধের অন্যতম শ্রেষ্ঠ পাথেয়। আমাদের মুক্তি চেতনার সঞ্জীবনী শক্তি তিনি। তাই তিনি আমাদের জাতীয় কবির গৌরবদৃপ্ত মর্যাদায় সমাসীন আজ। আমাদের বাঙলা সাহিত্যাকাশের উজ্জ্বলতম সব নক্ষত্রের দিকে তাকাইয়া সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনামাত্র যে ব্যক্তিত্বটিকে প্রচণ্ড বিভা ছড়াইয়া দেদীপ্যমান অবস্থায় দেখিতে পাওয়া যায় তিনি আর কেহ নহেন চিরদুখী ও শায়কবেঁধা পাখী নজরুল ইসলাম। অমৃতস্য পুত্র তিনি। যাহা কিছু সত্য, সুন্দর ও কল্যাণকর তাহারই আরাধনা করিয়া ফিরিয়াছেন কবি প্রবল প্রতাপে। সকল দেশের ও সকল কালের হইয়া উঠিয়াছেন তিনি বিশ্ব শান্তি, আধ্যাত্মিকতা ও মানবিকতার সাধনার মধ্য দিয়া। অপার্থিব প্রেরণায় উজ্জীবিত এই কবি সম্পর্কে অপর এক বাঙালি কবির সেই বিখ্যাত পংক্তিমালা ‘ভুল হয়ে গেছে বিলকুল/আর সব কিছু ভাগ হয়ে গেছে। ভাগ হয়নিকো নজরুল’—তার এই শুভ জন্ম জয়ন্তীতে বিশেষভাবে স্মর্তব্য!
