ডিএনডিবাসীর দুর্ভোগ কি শেষ হইবে না

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২৪
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই প্রতিবারের মতো আবারও পানিবন্দী হইয়া পড়িয়াছে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভিতরে বসবাসরত কয়েক লক্ষ মানুষ। কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় তলাইয়া গিয়াছে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রায় অচল হইয়া পড়িয়াছে জনজীবন। বৃষ্টি অব্যাহত থাকিলে পরিস্থিতির আরও অবনতি অনিবার্যই বলা চলে। ডিএনডিবাসীর এই দুর্ভোগ দীর্ঘদিনের। বত্সরের প্রায় অর্ধেক সময় তাহাদেরকে জলাবদ্ধতাজনিত অবর্ণনীয় দুর্ভোগ ও চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করিতে হয়। বিভিন্ন সময়ে এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হইয়াছে। নেওয়া হইয়াছে কিছু কিছু উদ্যোগও। কিন্তু গত দুই দশকেও ডিএনডিবাসীর দুর্ভোগের অবসান হয় নাই। সর্বশেষ ২০১০ সালে জলাবদ্ধতা নিরসনে ২৩৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহীত ‘ড্রেনেজ ইমপ্রুভমেন্ট অব ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হওয়ার কথা ছিল চলতি ২০১৩ সালের জুনের মধ্যে। বিশালাকার এই প্রকল্পটি বাস্তবায়িত হইলে শুধু যে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হইবে তাহাই নহে, একই সাথে প্রকল্প এলাকায় পোশাক শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিবে বলিয়াও আশাবাদ ব্যক্ত করা হইয়াছিল। সেই আশাবাদ হয়তো অমূলক ছিল না। কিন্তু উদ্বেগের বিষয় হইল, আগামী মাসে যেই প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হইবার কথা, সেই প্রকল্পটির এখন কী অবস্থা এবং কবে নাগাদ তাহা বাস্তবায়িত হইবে সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাহা জানাইতে পারেন নাই। সরকারি তথ্যমতে, ডিএনডি এলাকায় বর্তমানে প্রায় ১২ লক্ষ লোকের বসবাস। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এই সংখ্যা ৩০ লক্ষের কাছাকাছি। প্রকৃত সংখ্যা যাহাই হউক, অত্র এলাকার যাবতীয় ঘরবাড়ি, দোকানপাট, শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান সবই গড়িয়া উঠিয়াছে অপরিকল্পিতভাবে। এইখানে আবাসিক কিংবা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা কিংবা অনুমতি ছিল না। কারণ খাদ্যে স্বনির্ভরতা অর্জনের জাতীয় লক্ষ্যকে সামনে রাখিয়া শুধু বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প হিসাবেই ষাটের দশকের মাঝামাঝি পর্যায়ে ‘ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট’ নামক এই প্রকল্পটি গড়িয়া তোলা হইয়াছিল। কিন্তু স্বাধীনতার পরে প্রশাসনের নাকের ডগায় স্বল্প ও মধ্য আয়ের মানুষ এখানে ব্যাপকভাবে বসতি স্থাপন শুরু করে। নগরায়নের প্রক্রিয়ায় অতি দ্রুত কৃষিজমি রূপান্তরিত হয় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্লটে। কিন্তু কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয় নাই। আর নিয়মনীতি রক্ষা করা যাহাদের দায়িত্ব রহস্যজনক কারণে তাহারা তখন নীরব দর্শকের ভূমিকা পালন করিয়াছে। ফলে শুধু যে সম্ভাবনাময় এই কৃষি প্রকল্পটি ঝুঁকিপূর্ণ জনবসতিতে রূপান্তরিত হইয়াছে তাহাই নহে, একই সাথে অবৈধভাবে দখল হইয়া গিয়াছে পানি নিষ্কাশনের জন্য অপরিহার্য খাল এবং নালা-নর্দমাগুলিও। আর এই অপরিণামদর্শিতার মারাত্মক কুফল ভোগ করিতে হইতেছে ডিএনডিবাসীদের। পাশাপাশি ইহাও অনস্বীকার্য যে, এখন আর অতীত লইয়া ঘাটাঘাটি করিবার কোনো অবকাশ নাই। বাস্তবতাকে মানিয়া লইয়া জনদুর্ভোগ লাঘবে দ্রুত যথোচিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। ইহাই এখন সময়ের দাবি। মনে রাখিতে হইবে যে, বর্ষা মৌসুম আসন্ন। পরিস্থিতির আরও অবনতি ঘটিবার আগেই লক্ষ লক্ষ পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা নিতে হইবে। ডিএনডি পাম্প হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আশ্বস্ত করিয়াছেন যে, বৃষ্টিতে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। ময়লা-আবর্জনা ও দখলের কারণে শাখা খালগুলি ভরাট হইয়া যাওয়ার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হইয়াছে বলিয়া তিনি জানান। তবে পানিবন্দী মানুষ এখন আর কোনো আশ্বাস কিংবা অজুহাত শুনিতে আগ্রহী নহে। তাহাদের একমাত্র চাওয়া হইল, অনতিবিলম্বে অসহনীয় এই বন্দীদশা হইতে মুক্তি। আমরা আশা করি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন। নিশ্চিত করিবেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের বাস্তবায়ন।