শাঁখের করাতে শাঁখারীবাজার

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২৪
পৃথিবীর সকল আত্মমর্যাদাসম্পন্ন জাতি তাহাদের ঐতিহ্যের যে কোনো অস্তিত্বময় অংশ সংরক্ষণ করিবার যথাসাধ্য চেষ্টা করে। আমাদের দেশেও এই ধরনের উদ্যোগ-আয়োজন একেবারে নাই, তাহা বলা যায় না। পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় ২০০৯ সনে শাঁখারীবাজারকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা দেওয়া ছিল তাহারই অংশ। এখানকার ভবনগুলি ঢাকার পুরাতন সময় ও ঐতিহ্যকে বহন করিতেছে। স্বাভাবিকভাবেই ঢাকার বিস্মৃতপ্রায় ইতিহাস-ঐতিহ্য রক্ষায় এই সকল পুরানো বাড়িঘর-রাস্তা, পুরানো অবকাঠামো সংরক্ষণ ও উন্নয়ন করিবার বিকল্প নাই। কিন্তু এইখানে যাহারা বসবাস করিতেছেন তাহারা কোথায় যাইবেন বা কী করিবেন তাহার সুনির্দিষ্ট ঘোষণা ব্যতিরেকে এই সাধু উদ্যোগ সুসম্পন্ন করা সম্ভবপর হইবে না। এক্ষণে পুরান ঢাকার অসংখ্য বাড়ির ভগ্নদশা ও জরাজীর্ণ দৃশ্য আমাদের হূদস্পন্দন বাড়াইয়া দেয়। ৫০ হইতে ২৫০ বত্সরের পুরাতন এই সকল বাড়িতে অত্যন্ত ঝুঁকির ভিতরেই চলিতেছে মানুষের জীবনযাপন। পলেস্তারা খসিয়া পড়া বাড়িগুলোর ছাদ হইতে মেঝেতে প্রায় সকল সময়ই ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে চুন-সুরকি। অনেক ক্ষেত্রে বাঁশ দিয়াও ঠেকাইয়া রাখা হয় মাথার উপরের ছাদ। দেখিলেই ভয় হয়, একটুখানি জোর বাতাসেই ছাদখানা হয়তো ভাঙিয়া পড়িবে মাথার উপর। এইসব অতিভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলির বেশিরভাগ রহিয়াছে শাঁখারীবাজার এলাকায়। এইসব বাড়ি অতি পুরান বিধায় তখন দুই তলার অধিক ফাউন্ডেশন দেওয়া হয় নাই। পরবর্তীতে আবাসন সংকট বৃদ্ধি পাইলে পুরনো কাঠামোর উপরই ৪-৫ তলা পর্যন্ত তোলা হইয়াছে। প্রায় নয় বত্সর পূর্বে এই শাঁখারীবাজারেই একটি ভবন ধসিয়া ১৯ জনের মৃত্যু হইয়াছিল। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সরকার ঝুঁকিপূর্ণ বাড়িগুলি ভাঙিয়া নূতন ভবন তৈরির উদ্যোগ লইলেও তাহা নানা কারণে বাস্তবায়িত হয় নাই। ফলে মৃত্যুঝুঁকি মাথায় লইয়াই বসবাস করিতেছেন এখানকার লাখ লাখ মানুষ। তবে চার বত্সর পূর্বে ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী পুরো শাঁখারীবাজার এলাকাকে সংরক্ষিত ঘোষণা করিয়া যেই আইন প্রণয়ন করা হইয়াছে, তাহাতে কিছু জটিলতা দেখা দিয়াছে। ইহাতে রাজউকের নগর উন্নয়ন কমিটির নিকট হইতে লিখিত অনুমতি ব্যতীত এইসকল ভবন পুনর্নির্মাণ, পরিবর্তন এমনকি সংস্কারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হইয়াছে। এক্ষণে যেই সকল বাড়ির মালিক সংস্কার করিয়া তাহাদের আবাসস্থলটি বসবাসের উপযুক্ত করিতে চান, তাহা আর সম্ভব নহে। তাহা হইলে এই সকল ঝুঁকিপূর্ণ বাড়ির কোনোটি যদি হঠাত্ ধসিয়া প্রাণহানি ঘটে, তাহার দায় কে লইবে? অবস্থাদৃষ্টে মনে হইতেছে, শাঁখারীবাজারের অধিবাসীরা বর্তমানে ঐতিহ্য সংরক্ষণ ও ভবন সংস্কারের নিষেধাজ্ঞা নামক শাঁখের করাতের উভয় কর্তনের তলে আটকাইয়া পড়িয়াছেন। তাহারা যেন একপ্রকার মৃত্যুকূপে বন্দী হইয়া গিয়াছেন। ইহার মীমাংসা সর্বাগ্রে জরুরি। কারণ জীবনের ঊর্ধ্বে আর কিছু নহে। আমরা মনে করি কোনো স্থান বা স্থাপনাকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসাবে সংরক্ষণ করিতে হইলে সেই সকল স্থানে বসবাসকারী মানুষের যথাযথ পুনর্বাসন সর্বাগ্রে নিশ্চিত করিতে হইবে। তাহাছাড়া তাহার যথাযথ বাস্তবায়ন কখনই সম্ভবপর হইবে না। এক্ষণে সংরক্ষিত এলাকা ঘোষণার পূর্বে এই বিষয়গুলি এড়াইয়া যাইবার কারণে ঐতিহাসিক নিদর্শনগুলি প্রতিনিয়ত ধ্বংস হইবার মতো অনিশ্চয়তায় পড়িয়াছে। পুরাতত্ত্ব ও পুরাকীর্তির ভবনগুলি সংরক্ষণে বিশ্বের বিভিন্ন দেশ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করিয়া থাকে। আমরা মনে করি, সেই সকল উন্নত প্রযুক্তি ব্যবহার করিয়া অতি শীঘ্রই শাঁখারীবাজারের ঐতিহ্য ও সেখানকার মানুষের জীবন রক্ষা করা সম্ভব। এইভাবে ঐতিহ্যের সৌন্দর্য অবিকৃত রাখিয়া তাহা দীর্ঘস্থায়ী ও টেকসই করিবার পাশাপাশি রক্ষা করা সম্ভব হইবে সেইখানকার লক্ষাধিক মানুষের জীবন।