আলোকপাত

শিশুর বিকাশে পরিচর্যা আবশ্যক

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২৯
আমার কথা শিশুর কথা। কারণ শিশুদেরকে নিয়েই যত স্বপ্ন, যত ইচ্ছে খেলা করে মাথার ভেতর, বুকের ভেতর। একটি শিশুর বেড়ে উঠা মানেই জাতির বেড়ে উঠা। এই বেড়ে উঠা মানে শুধু বড় হওয়া নয়— প্রজ্ঞা ও মেধায় অধিকতর সফলতা অর্জনপূর্বক শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ সকল বিষয়ে সম্যক জ্ঞান আত্মস্থ করে বিকশিত হওয়া। বিকশিত হওয়ার কথা তুললে পরিচর্যার কথাটা সামনে আসবেই। তার মানে কোনো শিশুর বিকাশে পরিচর্যা অত্যাবশ্যক। ঠিক ফুল ফুটানোর মতো। সুগন্ধী ফুলের চাষে দক্ষ মালীর ভূমিকা অত্যাবশ্যক। শিশুদের কথা বলতে, শুরুতেই কিছুদিন আগে ঘটে যাওয়া হূদয়-বিদারক ঘটনাটির কথা মনে পড়ল, শুধুমাত্র ট্রাক ড্রাইভারের অসতর্কতার কারণে ৩৫ জনের অধিক শিশুকে মৃত্যুবরণ করতে হলো যা কিছুতেই মেনে নেয়া যায় না। ভ্যান চাপা দেয়ায় ৭টি শিশুর প্রাণ হারালো। এরকম ঘটনাগুলো হূদয় স্পর্শ করে। কিন্তু আমরা এত সম্মুখগামী যে গতদিনের কথা আর আমাদের মনে থাকে না। ড্রাইভার উপযুক্ত শাস্তি পেল কি না সেটারও খোঁজ রাখি না। প্রস্ফুটিত হওয়ার আগে এমন শিশু-কুঁড়ি যাতে ঝরে না যায় তার দিকে নজর দেয়া জরুরি। জাতিসংঘের নিয়মানুযায়ী ১৮ বছর বয়েসের নিচে সবাই শিশু। আমাদের দেশে এই বয়সের মধ্যে থাকা অনেক শিশু নানারকম অপরাধকর্মে লিপ্ত হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে; এমনকি খুন-খারাবির মতো ঘটনাও ঘটাচ্ছে। এদেরকে সুন্দর পথে ফিরিয়ে আনা বা বিপথগামী না হওয়ার ব্যাপারে কারো কোনো ভূমিকা চোখে পড়ার মতো নেই। এছাড়া শিশু-শ্রম একটা নৈমিত্তিক ব্যাপার। এর বিরুদ্ধেও জোরালো ভূমিকা রাখতে দেখছি না। আরো একটা ব্যাপার বুঝি না, বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু থাকলেও কোনো কোনো মা-বাবা কেন তাদের সন্তানকে এই সুযোগটি থেকে বঞ্চিত করছে? এ বিষয়ে গভীরভাবে ভাবনার অবকাশ রয়েছে। ঐ সকল মাতা-পিতাকে শিক্ষার গুরুত্বটি বুঝানোর দায়িত্ব নিতে হবে, শিশুদেরকে পড়ালেখার গুরুত্ব অনুধাবন করিয়ে তাদেরকে শিক্ষালাভে উদ্বুদ্ধ করতে হবে। এ ব্যাপারে সরকারই পারে এই অসচেতন মানুষকে সচেতন করতে। শিশু সংগঠনগুলোও তার পরিধি অনুসারে দায়িত্ব নিতে পারে। শুধুমাত্র পথশিশু আর অবহেলিত শিশুই নয়, সমাজের বিভিন্ন স্তরের সকল শিশুকে গড়ে তোলার ব্যাপারে ভাবতে হবে। যথেষ্ট পরিমাণ খেলার মাঠ না থাকায়, যথেষ্ট পরিমাণ বিনোদনের সুযোগ না থাকায় অনেক শিশুই কম্পিউটার নির্ভরশীল হয়ে পড়ছে। তারা শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। অথচ সামান্য একটু নজর দিলে এরা এই ভ্রান্ত পথ থেকে সরে এসে সুষ্ঠু সুন্দর জীবন গঠনে অভ্যস্ত হয়ে পড়তো। শিশুদের বিনোদনের জন্য আগে এমিলের গোয়েন্দা বাহিনী, দীপু নাম্বার টু— এরকম কয়েকটি চলচ্চিত্র নির্মিত হলেও এখন তেমনটি হচ্ছে না। অনেকগুলো চ্যানেল থাকা সত্ত্বেও এবং হাজার হাজার নাটক প্রচার হওয়া সত্ত্বেও শিশুদের উপযোগী নাটক দেখতে পাই না। শিশুদের নিয়ে তেমন কোনো ম্যাগাজিন অনুষ্ঠানও দেখি না। বিটিভি মাঝে মাঝে এক-আধটা অনুষ্ঠান প্রচার করলেও তা মানসম্মত নয় এবং শিশুদের দৃষ্টি আকর্ষণে সম্পূর্ণ ব্যর্থ। শিশু নাট্যোত্সবে কিছু মঞ্চ-নাটক দেখার সুযোগ থাকলেও সব শিশুর পক্ষে সেখানে নানা কারণে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই শিশুনাট্য আন্দোলনটা জেলাভিত্তিক করা জরুরি। বর্তমানে শিশুদের জন্য যে সকল বই প্রকাশিত হচ্ছে তার কত ভাগ শিশুদের উপযোগী, কতটা মানসম্মত এসব খুঁজে বের করা ভীষণ কষ্ট। বই প্রকাশের ক্ষেত্রে কোনো নীতিমালা না থাকায় শিশুরা অনেক ভালো বই পাঠ থেকে বঞ্চিত হচ্ছে। বই পড়ায় তারা যেমন আগ্রহ হারাচ্ছে, তেমন লেখালেখির স্পৃহাও পাচ্ছে না আগের মতো। ভবিষ্যতে ভালো লেখক সৃষ্টিতে ভূমিকা রাখতে পারছে না কেউ-ই। দৈনিক পত্রিকার শিশু পাতাগুলোর প্রতিও শিশুদের তেমন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। কোথায় যেন একটা সংকট অনুভূত হচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমি বা সেভ দ্যা চিলড্রেন-এর মতো প্রতিষ্ঠানগুলোও শিশু গড়ায় নানা কর্মসূচি পালন করছে, তবুও ঘাটতি থেকে যাচ্ছে অনেক। আরো একটা ব্যাপার লক্ষ্য করেছি, শিশুদের বিষয়ে কোনো অনুষ্ঠান বা কর্মসূচি হলে পত্র-পত্রিকায় সে-সব সংবাদ অতটা গুরুত্ব পায় না। যেমন আহ্ছানিয়া মিশন ৩শ’একর জমিতে ১০ লক্ষ পথশিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষাদান করিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে— এত বড় একটি সংবাদও ছোট আকারে দু’ একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি মনে করি এ ধরনের সংবাদ গুরুত্ব পেলে ভবিষ্যতে অনেকেই আগ্রহ দেখাবে শিশু গঠনে ভূমিকা রাখতে। যে শিশু জাতির ভবিষ্যত্, যাকে বলি ভিত— সেই ভিত যদি শক্ত না হয় জাতি হিসেবে আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারব না। লেখক :শিশুসাহিত্যিক