সবাই সুযোগ বুঝে হরতাল দিচ্ছে। বিএনপি, জামায়াত-শিবির, সিপিবি, হেফাজত কেউ বাদ যাচ্ছে না। ৮ ও ৯ বিএনপি সমর্থিত ১৮ দলের হরতালের পর ১২ মে হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। পরে তা প্রত্যাহার করে নেয়া হলে ১২ মে হরতালের কর্মসূচি দেয় জামায়াতে ইসলাম। জামায়াতের হরতাল কর্মসূচি শেষ হতে না হতেই আবারো হরতাল ডেকেছে দলটি। যুদ্ধাপরাধের অভিযোগে দলের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ১৪ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। আবার বিএনপির আজ হরতাল চলছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল তাদের পরবর্তী কর্মসূচি এখনো চূড়ান্ত না করলেও তারা আরো হরতাল দেয়ার কথা বিবেচনা করছে এবং এই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে। এভাবে একের পর এক হরতালে এখন টালমাটাল দেশ। এদেশে হরতালকে এখন যে যার মতো যথেচ্ছ ব্যবহার করছে। হরতালের রীতিমত অপব্যবহার শুরু হয়েছে। কথায় কথায়, কারণে- অকারণে হরতাল দেয়া হচ্ছে। নিজেদের স্বার্থে, দলের স্বার্থে হরতাল ব্যবহার হচ্ছে; দেশের স্বার্থে নয়!
প্রকৃতই দেশের পিছু নিয়েছে হরতাল। দেশের স্বার্থে আমাদের রাজনীতিবিদদের হরতালের বিকল্প খুঁজতে হবে। যেভাবে হরতাল শুরু হয়েছে, সামনে আরও হবে, লাগাতার হরতালেরও হুমকি আছে, তাতে করে দেশের অর্থনীতির কি হবে তাই নিয়ে উদবিগ্ন দেশের আমজনতা। মাত্র ক’দিনের হরতালেই ব্যবসায়ীদের এখন ত্রাহিমধুসূদন অবস্থা। একটি হরতাল মাস, বছর ধরে দেশবাসীকে চরম ভোগান্তিতে ফেলে। মরণ ব্যাধি ক্যান্সারের মতো দেশকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। অর্থনীতির বারটা বাজিয়ে ছাড়ে। বরাবরই আমরা যা দেখছি তা হলো রাজনৈতিক দলগুলো হরতাল দেয় ঐ একই উদ্দেশ্যে। ক্ষমতার লিপ্সা আর উচ্চ মসনদে আটঘাট করে বসতেই হরতাল দেয় রাজনৈতিক দলগুলো। সেই স্বাধীনতার পর থেকেই তা আমরা প্রত্যক্ষ করে আসছি। এবারও তার ব্যত্যয় ঘটেনি। কোন দলের ক্ষেত্রেই তার ব্যতিক্রম হয়ও না।
ফি বছর ধরেই আমরা যা দেখছি কি বিএনপি, কি আওয়ামী লীগ—সবাই মসনদ প্রাপ্তির আকাঙ্ক্ষায় জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক এ ধরনের ঘাতক কর্মসূচি গ্রহণ করে। এরা সবাই ক্ষমতার বাইরে থাকলে হরতালপ্রীতি আর ক্ষমতায় থাকলে হরতালবিরোধী ভূমিকায় থাকেন। সব সময়ই তাই হচ্ছে। এমন আচরণ অন্তত দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে দেশবাসী কখনোই আশা করে না। এখানে দেশবাসীর আশা করা না করায় এদের আসে যায় না। তাই স্বসার্থে যা করবার তাই করে দলগুলো। বিগত সরকারের সময় বিএনপি ক্ষমতায় গেলে তারা আর হরতাল দেবে না; হরতালে এই হয়, ঐ হয়, হরতাল দেশকে পঙ্গু করে দেয় এমন বক্তৃতা-বিবৃতি দেশবাসী অনেক শুনেছে। আজ তাদের কাছে হরতাল অধিকার, হরতাল দেশবাসীর কল্যাণ বয়ে আনবে এমন বক্তব্য শুনছি আমরা। আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন একই বিবৃতি তাদের মুখেও শুনেছে দেশবাসী। তারাও বলেছিলেন হরতাল অধিকার আদায়ের সর্বোত্কৃষ্ট পন্থা। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকলে এক ধরনের বিবৃতি আর ক্ষমতায় না থাকলে তাদের মুখেই শুনি অন্য বুলি। এমনটা দেশবাসী আর শুনতে চায় না। তারা চায় হরতাল নামক মামদভূতের হাত থেকে দেশকে রক্ষা করতে। মসনদের কাড়াকাড়িতে হরতাল যেন আর কোন দলেরই হাতিয়ার হতে না পারে। এজন্য তারা চায় এর সুষ্ঠু সমাধান। দেশবাসী, ব্যবসায়ী, অর্থনীতিবিদ এদের সবারই একটাই দাবি—হরতাল থেকে দেশ ফিরে আসুক। সুদিন ফিরে আসুক দেশে। সব্বারই কথা হরতাল দিয়ে আর দেশকে পঙ্গু করা যাবে না। রাজনৈতিক দলগুলোকে তাদের অধিকার আদায়ে বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। হরতালকে না বলতে হবে। হরতালের বিরুদ্ধে অবস্থান করতে হবে সরকারি দল এবং বিরোধী দলগুলোকে। অধিকার আদায়ের আরো অনেক পন্থা আছে। সে পথেই হাঁটতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে। প্রয়োজনে শক্ত আইন প্রণয়ন করে দেশ বাঁচানোর স্বার্থে তা তাদের করতেই হবে।
দেশে গণতন্ত্র ফিরে আসার পরও বহু হরতাল হয়েছে। হরতাল বিএনপি করেছে, আওয়ামী লীগও করেছে। ছোটখাট দলগুলোও হরতালে কম যায়নি। আর হরতাল করব না বলেও সে কথা রাখতে পারেনি রাজনৈতিক দলগুলো। হরতাল যে বিরোধিতার কোনো শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হতে পারে না, বরং বরাবরই সেটা দেশ-জনতার দুর্ভোগের কারণ হয়ে দেখা দেয়, এটি এদেশের রাজনৈতিক দলগুলো আর কতকাল পরে উপলব্ধি করবে? সত্য উপলব্ধির কি এখনই প্রকৃত সময় নয়?
রাজনীতিবিদদের অবশ্যই হরতালের বিকল্প খুঁজতে হবে। এখন রাজনৈতিক মতবাদ প্রচার বা দৃষ্টি আকর্ষণের জন্য অন্য অনেক মাধ্যম সবার আয়ত্তের মধ্যে চলে এসেছে। রাজনৈতিক কর্মসূচিতে হরতালের আর প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে, হরতাল বা কোন বিষয়ে প্রতিবাদ জানাতে আমাদের রাজনৈতিক কর্মীরা, বিশেষ করে ছাত্ররা এভাবে গাড়ি ভাংচুর করবে কেন? কার গাড়ি? কে ভাংগে? কেন ভাংগে? জনমুখী আন্দোলনের অন্যতম অস্ত্র (?) হিসেবে হরতালকে যেদিন থেকে এদেশের রাজনীতিকরা গুরুত্ব দিয়েছেন, সেদিন থেকেই সর্বনাশের শুরু। সর্বনাশের আগের ধাপ কর্মনাশ। হরতালের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার মতো সাহস মানুষের আর নেই। এখন তো বুঝার সাধ্য নেই কে হরতাল ডেকেছে। শাসক দল নাকি বিরোধী দল। সরকার এবং বিরোধী দলগুলো বিধ্বস্ত-আতঙ্কিত মানুষের অভিব্যক্তিকেই হরতালে ‘সাফল্য’ ‘ব্যর্থতা’ বলে সগর্বে প্রচার করে। হরতাল এখন দেশের জনজীবনে পথসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দেশ এগিয়ে বা পিছিয়ে যাক, হরতাল তার সঙ্গে সঙ্গে আছে। তাই হরতাল ও অনৈতিক আন্দোলন পরিহার করতে হবে। গণতন্ত্রে সুস্থ রাজনীতির বিকল্প নেই। তাই আসুন আমরা হরতাল থেকে বেরিয়ে আসি। বিরোধী দলে থাকাকালীন ‘হরতাল করব না’ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর জনগণকে দেয়া এমন ওয়াদা রক্ষা করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।
লেখক : সাংবাদিক
[email protected]
