শাপলা চত্বরে যা ঘটে গেলো

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৩১
শাপলা চত্বরে যা ঘটেছিল তা অপপ্রচার চালানো হয়েছে গত ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যেসব অপপ্রচার রটেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে- ওইদিন রাতে নাকি যৌথ বাহিনীর অপারেশনে শত শত তৌহিদী জনতা আহত হয়েছে! এটা অপপ্রচার বলছি। কারণ ওইদিন রাত প্রায় দুইটা থেকে চারটা পর্যন্ত সময় টিভি চ্যানেলে আমি যৌথ বাহিনীর অভিযান লাইভ (সরাসরি) দেখেছি। তাতে দেখেছি র্যাব, পুলিশ, বিজিবি এই তিন বাহিনী হেফাজতে ইসলামের কর্মীদের উপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড প্রভৃতি অস্ত্র ব্যবহার করে তাদেরকে সমাবেশ স্থান ত্যাগ করতে বাধ্য করে। অবশ্য হেফাজতে ইসলামের কর্মীরাও পুলিশ বাহিনীর দিকে সুযোগ বুঝে ককটেল ছুঁড়ছিল। তবে আসল কথা হলো, মৃতের সংখ্যা শত শত হওয়া তো দূরের কথা, ওই ২ ঘণ্টায় একটা লাশও দেখিনি। তবে ৫ মে সমাবেশ চলাকালে দুপুরের পর পল্টনে পুলিশের সাথে সংঘর্ষে কয়েকজন মারা যায়। তবে তারা হেফাজতে ইসলামের কর্মী কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। কারণ হেফাজতে ইসলামের কর্মীরা ইসলামের হেফাজত করার জন্য মতিঝিলে এসেছিলেন। যারা শান্তির ধর্ম ইসলামের হেফাজত করতে এসে অকারণে পুলিশের সাথে সংঘর্ষ বাধায়, হকারদের দোকানে আগুন দেয় এবং পবিত্র কুরআন পোড়ায় তারা আর যার কর্মীই হন না কেন সত্যিকার হেফাজতে ইসলামের কর্মী হতে পারেন না। আরেকটা কথা, রাতের বেলা হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দেয়াতে যারা ভাবছেন দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন তাদের জ্ঞাতার্থে বলছি, হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেয়া হয়েছিল ৫ মে দিনের জন্য, রাতের জন্য নয়। হেফাজতে ইসলাম সেই শর্তে রাজি হয়েই সমাবেশ করতে এসেছিল। কিন্তু পরে তাদের কোন মন্ত্র পড়ানো হলো যে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে হলেও মতিঝিল না ছাড়ার সিদ্ধান্ত নেয়! মতিঝিল বাংলাদেশের অর্থনৈতিক আদান-প্রদানের প্রাণকেন্দ্র। এখন এই জায়গাটা যদি যে কোন দলের (রাজনৈতিক কিংবা অরাজনৈতিক) কারণে কয়েকদিন বন্ধ হয়ে যায় তাহলে দেশ অচল হতে বাধ্য। সেটা আমাদের কারোরই কাম্য হতে পারে না। সবশেষে বলতে চাই, ইসলামের হেফাজতের জন্য ভণ্ড হেফাজতিদের প্রয়োজন নেই। এই দেশে শুধু ইসলাম নয়, সব ধর্মই সুষ্ঠুভাবে বিরাজ করছে। এখন আমাদের উচিত দেশকে রক্ষা করা। মিকসেতু মিঠু লেভেল-০১, টার্ম-০৩, বিএসসি ইন ওয়েট প্রোসেসিং ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ধর্মের অবস্থান খুবই সীমাবদ্ধ ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। রাজনীতিতে ধর্মের অবস্থান খুবই সীমাবদ্ধ, এক কথায় নেই বললেই চলে। যদিও হেফাজতের উত্থান ধর্মকে কেন্দ্র করে এবং তাদের ভাষায় অরাজনৈতিক অবস্থান নিয়ে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, মহান আল্লাহর ঘোষিত এই বাণী থেকে বলা যায়, রাজনীতি কিন্তু সেই পূর্ণাঙ্গ জীবনেরই অংশ। সুতরাং রাজনীতিতে ইসলামের প্রবেশ অবশ্য কাম্য, এই যুক্তিকে সামনে রেখে হেফাজতের তথাকথিত অরাজনৈতিক ব্যানারে রাজনীতিতে পদার্পণ। আশা করবো গণতান্ত্রিক সরকার আমলে এমন ভুলের পুনরাবৃত্তি আর ঘটবে না। ফজলুল করীম রিয়াদ, ৩য় বর্ষ, সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ মে শাপলা চত্বরে গণতান্ত্রিক কোন দেশে এরকম ঘটনা ঘটে না ইসলাম অবিনশ্বর বিশ্বাস ও চেতনার নাম। এই চেতনা যে অবিশ্রান্ত ধারায় অব্যাহত ছিল অতীতে, একইভাবে অব্যাহত থাকবে ভবিষ্যতে। যারা ইসলামকে বিশ্বাস করেন সত্য ধর্মরূপে এবং ইসলামকে মেনে নিয়েছেন নিজেদের জীবন বিধান হিসেবে তারাই প্রকৃত মুসলমান। স্বভাবতই তাদের ধর্ম বিশ্বাস আক্রান্ত হলে এবং তাদের ধর্ম প্রবর্তকের অবমাননা করা হলে তারা বিক্ষুব্ধ হয়ে উঠবেন, আন্দোলন করবেন এবং অপরাধীদের বিচার চাইবেন। এই বিচার কারো বিশ্বাস বা অবিশ্বাসের জন্য নয়; বরং তার কর্মকাণ্ডের জন্য। ৫ মে শাপলা চত্বরে ছিল লাখো বিক্ষুব্ধ মুসলমানের সমাবেশ। প্রাণের দাবি নিয়ে আসা লাখো তৌহিদী জনতার সমাবেশ। তাদের দাবিগুলো অযৌক্তিক ছিল না এবং সরকার পতনের ডাকও তারা দেননি। তারপরও সরকার তাদেরকে যে পন্থায় দমন করেছে এবং স্তব্ধ করে দিয়েছে, গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এ ধরনের দৃষ্টান্ত পাওয়া যাবে না। আবদুস সাত্তার আইনী, ৫ম ব্যাচ, ৬ষ্ঠ সেমিস্টার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, জহুরুল হক হল, রুম ৪০০৪, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চোখে কালো চশমা অতঃপর একটি কালো অন্ধকার রাত ৫ মে আল্লামা শাহ আহম্মদ শফী সাহেবের ডাকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হেফাজতকর্মী ঢাকা অবরোধে অংশ নেয়। এর মধ্যে মাদ্রাসাসহ অনেক সাধারণ মানুষ নবী রাসুলের কটূক্তিকারী ব্লগারদের ফাঁসির দাবিতে রাজপথ অবরোধ করে। মধ্যরাতে বিদ্যুত্ বন্ধ করে দেয়া হয়। কালো অন্ধকার ভয়াল সেই রাত। রাবার বুলেট, টিয়ার সেল, শটগানের গুলি, সাউন্ড গ্রেনেট ইত্যাদির মাধ্যমে মাত্র ১০ মিনিটে ছত্রভঙ্গ করে দেয়া হয় হেফাজতকর্মীদের। অন্ধকারে দিশেহারা সেইসব হেফাজতকর্মীদের কি অবস্থা হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তাজমুল হুদা (উল্লাস), মাস্টার্স- ২য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সা’দত কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয়), করটিয়া, টাঙ্গাইল