গেল বসন্তেও যে আশাবাদের কথা শুনিয়েছিলেন তিনি, গ্রীষ্মের শেষ না হতেই তার শোকগাথা রচিত হবে কেন? তাহলে বিগত সময়ে ভবিষ্যত্মুখী উন্নয়ন পরিকল্পনার যে স্বপ্ন আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেখিয়েছিলেন, তার ভিত তিনি মজবুত করতে পারেননি। যে কারণে তার মুখে শুনি হতাশার বাণী। তিনি সম্প্রতি কয়েক বারই অর্থনীতি নিয়ে তার উত্কণ্ঠার কথা বলেছেন। বলেছেন, বিনিয়োগ মন্দার কথা। আসছে বাজেটকে কেন্দ্র করে তার ‘হিসাব মেলানোর কষ্ট’টাও স্বীকার করেছেন অকপটে। নিজের দোষ স্বীকার করা কিংবা ব্যর্থতাকে আড়াল না করে খোলাসা করাই শ্রেয়। অর্থমন্ত্রী হয়তো তাই করেছেন। কারণ, তিনি আর মন্ত্রী হতে চান না। কিন্তু ঘরে ঘরে কর্মসংস্থান, মধ্য আয়ের দেশে পরিণত হওয়া আর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের দারিদ্র্য পরিস্থিতি কমানোর যে স্বপ্ন তিনি বা বর্তমান সরকার দেখিয়েছিল তাকে তো স্বাগত জানিয়েছিল সবাই। এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু করে গেল বসন্ত পর্যন্ত যে আশাবাদের কথা শুনেছি, তা আমআদমি থেকে শুরু করে হাট থেকে হাটে, কলে-কারখানায় সবাইকে আশ্বস্ত করেছিল। পরিকল্পনার লক্ষ্যগুলো এক পলকে দেখলে যে কেউ বলতে বাধ্য হবেন যে, এ-তো সেই সময়কালের কথা যাকে বাংলাদেশের মানুষ ‘বেস্ট অফ টাইম’ বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তুু সেই বেস্ট অফ টাইমের কথা কেন হঠাত্ ‘নিতান্তই গল্প’ হয়ে গেল- সে প্রশ্নটি আজ উন্নয়ন ভাবুকদের মনে দোল খাচ্ছে। অথচ বর্তমান সরকার যখন দায়িত্ব নেয়, তখন সরকার দলের কাছে তা ছিল ‘ ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম’। এত বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভের পর আজ আরেকটি নির্বাচন যখন আসন্ন, তখন দেশের জন্যও বর্তমানটা হতে পারতো ‘বেস্ট অফ টাইম’। কিন্তুু তা হয়নি। সে কারণেই বোধ করি সরকারের শেষ সময়ে এসে যখন অর্থমন্ত্রীর মত দায়িত্বশীলদের মুখে হতাশার কথা শুনি, তখন ডিকেন্স রচিত ‘এ্যা টেল অফ টু সিটিজে’র একটা উদ্ধৃতি মনে পড়ে যায়- ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম......ইট ওয়াজ দ্য সিপ্রং অফ হোপ, ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিজপেয়ার’।
শীত নয়, বর্ষার আগেই বরফাচ্ছন্ন হয়ে গেছে আমাদের অর্থনীতি। সব দিক থেকেই। মধ্যিখানে জ্বালানি সরবরাহ কিছুটা উন্নতি করলেও তার আবার ভয়ানক অবনতি ঘটেছে। কলে-কারখানায় ঠিকমত গ্যাস সরবরাহ নেই। তাতে উত্পাদন বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু ব্যাংক ঋণের সুদতো গুণতে হচ্ছে। কিস্তি দিতে হচ্ছে। নইলে খেলাপি হয়ে যাচ্ছে। এমনিতেই বেসরকারি খাতে ঋণপ্রবাহ কঠোর করে রেখেছিল সরকার। সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতে ব্যাংকই ছিল প্রধান ভরসা। কারণ, গত বাজেটের লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয়নি। একইভাবে বাড়েনি বৈদেশিক উত্স থেকে সরকারের আয়। বরং পাইপ লাইনে বৈদেশিক সাহায্যের অংকটা বেশ ফুলে উঠছে। নানা কারণে বৈদেশিক উত্সগুলোর সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন চলছিল। আশা করা হয়েছিল পদ্মা সেতু প্রকল্পে বড় অংকের বৈদেশিক ঋণ আসবে। তাতো দুর্নীতির খাঁচায় আটকে গেছে। বরং আগামী বছরের জন্য বাজেট সহায়তাও না দেয়ার কথা বলেছে বিশ্বব্যাংক।
একদিকে বৈদেশিক ঋণসহায়তা কমে যাওয়া, অভ্যন্তরীণ রাজস্ব আয় কম হওয়া এবং বিনিয়োগ মন্দার মধ্যে ব্যাংক থেকে ঋণ করেই দৈনন্দিন ব্যয় সামাল দিয়েছেন অর্থমন্ত্রী। সে কারণেই আগামী বছরের বাজেট পেশ যখন আসন্ন, তখন তার উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। উত্তরসূরির চিন্তা না থাক, নির্বাচনকে সামনে রেখে আগামী বাজেটটা তাকে দিতে হবে দলের স্বার্থেই। সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের বাজেটে জনগণকে খুশি করার চেষ্টা থাকে সব সরকারের। হয়তো আগামী অর্থবছরের বাজেটেও তেমন কিছু পদক্ষেপের ঘোষণা দিতে হবে তাকে। কিন্তু ‘লোক দেখানো’ এ্সব ঘোষণা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয় বলেই হয়তো অর্থমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন অর্থনীতির হালচাল ভাল যাচ্ছে না। আগামীতেও ভাল যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে আমাদেরও।
আসছে সাধারণ নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, তাতে সংশয় শুধু নয়, উদ্বেগও আছে। ইতিমধ্যে একের পর এক হরতালের কর্মসূচি অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি বিধ্বংসী এই হরতাল নিয়েও রাজনীতি কম হয়নি। হরতাল গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তুু অর্থনীতির স্বার্থে আমরা ঐকমত্যে আসতে পারি যে, উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন কোন কর্মসূচি দেব না। যদিও বাস্তবে এটি সম্ভব হবে না। বরং যখন যারা ক্ষমতায় আসেন, তারাই হরতালের বিরোধিতা করেন। কিন্তু ক্ষমতা যাওয়ার পর তারাই আবার হরতাল করেন। বাংলাদেশের বৃহত্ দুটি বড় দলই এ কাজটি করেছেন। কিন্তু এভাবে আর কতদিন?
পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের চেয়ে পরে স্বাধীনতা অর্জন করেছে এমন দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে, তারা অনেক এগিয়ে গেছে। ওসব দেশেরও সমস্যা কম ছিল না। কিন্তু জাতীয় অগ্রগতি তারা নিশ্চিত করতে পেরেছে। যা আমরা পারছি না। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর নতুন করে নির্বাচনের সময় এলেই সংঘাত অনিবার্য হয়ে পড়ে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে না এসে পরিত্রাণ নেই। কারণ, আমাদের অর্থনৈতিক অচলাবস্থার জন্য এটাও একটি কারণ। অর্থমন্ত্রীও বলেছেন, রাজনৈতিক সংঘাতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই শুধু যে তার ব্যবস্থাপনা দুর্বলতার কথা বলবো তা নয়, বরং সংঘাতের রাজনীতিও এখানে অন্যতম অনুষঙ্গ হিসাবে কাজ করছে। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের কথাই যদি ধরি, তবে দেখা যাবে পোশাক রফতানি কমে গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা আর অব্যাহত শ্রমিক অসন্তোষ ক্রেতাদেরও অসন্তুষ্ট করেছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ন হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। সর্বশেষ হিসাব অনুযায়ী এপ্রিল (২০১৩) মাসে পোশাক রপ্তানি কমেছে আগের মাসের চেয়ে পাঁচ শতাংশ।
সার্বিক রফতানি কমে গেলে কিংবা রেমিটেন্স আয়ে ভাটা পড়লে অর্থনীতি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাতে কমে যাবে দেশের জাতীয় প্রবৃদ্ধির হার। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশে। অথচ যা হবার কথা ছিল ৭ দশমিক ২ শতাংশ। এই হিসাব নিয়েও বিভ্রান্তি রয়েছে। হিসাব বাড়িয়ে দেখানোর অভিযোগ সরকারের বিরুদ্ধে অনেক আগে থেকেই। এবছর যে প্রবৃদ্ধির হার কমবে তার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থা দুটির পক্ষে বলা হয়েছিল, প্রবৃদ্ধির হার সাড়ে ৫ শতাংশের মত হবে।
বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি অর্জিত হবে কিভাবে? এক হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গত বছরের তুলনায় প্রায় ৭৫ হাজার কোটি টাকা বেশি বিনিয়োগের প্রয়োজন ছিল। অথচ এই সময়ে বিনিয়োগের প্রবৃদ্ধি না বেড়ে উল্টো কমে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান শিল্প-কারখানাগুলোই টিকে থাকতে পারছে না। নতুন উদ্যোক্তারা ভরসা পাবেন কিভাবে। ফলে বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়নি। তথ্যে দেখা গেছে, গত চার বছর ধরেই জিডিপিতে বিনিয়োগের অবদান ধীরে ধীরে কমে আসছে। ২০০৯ অর্থবছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অবদান ছিল ১৯ দশমিক ৭ শতাংশ। যা ২০১২ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ১ শতাংশে। এ অবস্থায় টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনা ধরে রাখতে এবং কর্মসংস্থান নিশ্চিত করতে আগামীতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। বিনিয়োগ না বাড়ালে বেকারত্ব ও অর্ধ-বেকারত্বের হার আরো বাড়বে- একথা নিশ্চিত বলা যায়। কিন্তুু বিনিয়োগ বাড়ানোর চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত? তাকে আয় বাড়াতে হবে। আয় বাড়াতে না পারলে যতই লক্ষ্য স্থির করুন না কেন, কাজ হবে না। বরং অহেতুক স্বপ্ন দেখিয়ে তার অপমৃত্যুর কথাও বছর শেষে জাতিকে জানাতে হবে। তা একজন অর্থমন্ত্রীর জন্যই শুধু নয়, জনগণের জন্যও শ্রেয় নয়। আর এখানেই আসে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষতার কথা। বিগত বছরগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে হয়তো গ্রীষ্মে এসে বসন্তের আশাবাদ শোকগাথায় পরিণত হতো না।
লেখক: কথাসাহিত্যিক ও সাংবাদিক
