স্মরণ

কিংবদন্তির নাম এম এ মামুন

আপডেট : ২৬ মে ২০১৩, ২২:০৩
চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের অবস্থান। এই স্কুলটিকে কেন্দ্র করে কিংবদন্তি হয়ে ওঠেন একজন হার্ড-বিটন (Hard bitten) শিক্ষক। তিনি এম.এ মামুন। ১৯৫৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সে স্কুলের প্রধান শিক্ষক। একজন অসামান্য প্রতিভাবান ব্যক্তি, দক্ষ শিক্ষা সংগঠক ও গুণী শিক্ষক হিসেবে উক্ত সময়কালে এম.এ মামুন প্রবাদপ্রতিম ব্যক্তিত্বে পরিণত হন। স্বল্প সময়ের মধ্যে তাঁর সুখ্যাতি চট্টগ্রাম অঞ্চল ছাড়িয়ে সারাদেশে ব্যাপ্ত হয়ে পড়ে। অবস্থা এমন দাঁড়ায় যে, স্কুলের নামের আগে উচ্চারিত হতে থাকে এম.এ মামুনের নাম। অন্যভাবে বলা যায়, মসজিদ্দা স্কুল ও প্রধান শিক্ষক এম.এ মামুন সমার্থক হয়ে ওঠেন। আমাদের দেশের অন্য কোনো শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমনটা হওয়ার নজির আমার জানা নেই। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ফলে কোনো ছাত্র বিপথগামী হওয়ার সুযোগ পেতো না। এম.এ মামুনের সংশোধনমূলক পদ্ধতি চালু করার কারণে অনেক বখে যাওয়া ছেলে পরীক্ষায় ভালো ফল করে এবং কেউ কেউ জীবনে সুপ্রতিষ্ঠিত হয়। বলাবাহুল্য, অন্তত এ কারণে হলেও তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো একটা নোবলেস অব্লিজ (Noblesse-oblige) অর্থাত্ তা করা আমাদের একটা দায়িত্ব হয়ে পড়ে। ওঁর মামুনের হাতে না পড়লে ওরকম ছেলেরা উঞ্ছবৃত্তি করে বেড়াতো। এম.এ মামুন শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন আলোকিত মানুষ তৈরির প্রত্যাশায়। তিনি নিজে আলোকিত মানুষ বলে পেশা ও নেশাকে সিমেট্রিক্যাল বা সুসামঞ্জস্য করা সম্ভব হয়। নইলে ইচ্ছে করলে পেশা পরিবর্তন করে আর্থিক দিক দিয়ে সচ্ছল জীবনে পুনর্বাসিত হওয়ার সুযোগ তিনি বেশ কয়েকবার পান। কিন্তু মানুষ গড়ার নেশায় আচ্ছন্ন এম.এ মামুন নিজের ভাগ্যোন্নয়নের পথে পা বাড়াননি। সে যাই হোক, এম.এ মামুন ও মসজিদ্দা স্কুলের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে। তাতে করে অনেক দূরবর্তী এলাকা থেকে পিতামাতা তাদের দুর্বিনীত ছেলেদের মসজিদ্দা স্কুলে তাঁর মামুনের হাতে তুলে দিতে শুরু করেন। প্রাসঙ্গিকভাবে উল্লেখ না করলে তা অনুচিত হবে যে, এম.এ মামুন একজন শিক্ষক হিসেবে ছিলেন যুগপত্ মেধাবী ও শুদ্ধাচারী। সে কারণে পিতামাতা, অভিভাবকরা তাঁকে পার্সোনা গ্রেটা (Persona grata) বা অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি বলে মনে করতেন। বিদ্বত্সমাজে তাঁর ঈর্ষণীয় খ্যাতি ছিলো। এম.এ মামুন ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ২৫ বছর সীতাকুণ্ড থানা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভারতের হরিনা ক্যাম্পে রাজনৈতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধে প্রশংসনীয় অবদান রাখেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বাধীনতা অর্জনের পর তাঁকে সরকার সীতাকুণ্ড অঞ্চলের পলিটিক্যাল্ এডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেন। সে দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দক্ষতার পরিচয় দেন। বস্তুত সে দুঃসময়ে এম.এ মামুন একজন পেট্রন-সেইন্ট্ (Patron Saint)-এর মতো কাজ করে সকল মহল কর্তৃক উচ্চ প্রশংসিত হন। এম.এ মামুনের নির্লোভ মন-মানসিকতা, বিষয়-বৈরাগ্য এবং যে কোনো প্রকার দুর্নীতি দমনে আপসহীনতা সে অঞ্চলের লোকেরা এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি মনে করতেন, Those who believe money can do everything are frequently prepared to do everything for money. সুতরাং লোলজিহ্বা লোকদের সামাল দিতে তাঁকে সারাক্ষণ সতর্ক থাকতে হতো। দ্যাট্ ওয়াজ এ টাফ্ জব্। অনেক সুযোগ থাকা সত্ত্বেও এম.এ মামুন কখনো দুর্নীতির ফাঁদে পা দেননি। তাই আমৃত্যু তিনি অতি সাধারণ জীবনযাপন করে গেছেন। ইচ্ছে করলে তিনি তাঁর সন্তানদের জন্যে ভক্তবাঞ্ছাকল্পতরু হতে পারতেন। কিন্তু নৈষ্ঠিক ব্যক্তিত্ব এই মহান শিক্ষক কখনো তা হতে চাননি। রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও তিনি ছিলেন পুরোপুরি নিরাকাঙ্ক্ষা, কষিত কাঞ্চন। এরকম বৈশিষ্ট্য খুব কম সংখ্যক লোকের মধ্যে থাকে। এম.এ মামুন ভুলেও কখনো নিজের সংকীর্ণ স্বার্থে অনৈতিকতার কুল-ডি-স্যাক (Cul-de-sac) বা কানাগালিতে পা দেন, এমন কথা বলার জন্যে একজন লোককেও খুঁজে পাওয়া যাবে না। তাঁর এই অসাধারণ সততা পরিচিত সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে। ভবিষ্যতেও করবে। ঊষা সমাগমে আবাসিক মুসলিম ছাত্রদের নিয়ে স্কুলের মসজিদে জামাতে নামাজ আদায় করতেন তিনি। দিনে পাঁচবার এর কোনো ব্যতিক্রম হতো না। একই সাথে আবাসিক অমুসলিম ছাত্রদের জন্যে যথাসময়ে নিজ নিজ ধর্ম পালন বাধ্যতামূলক ছিলো। তাতে করে সামপ্রদায়িক সমপ্রীতি বিরাজ করতো শিক্ষার্থীদের মধ্যে। এখানে একটি বিষয় উল্লেখ করতে হয়। এম.এ মামুনের প্রাতিষ্ঠানিক শিক্ষার মান অর্থাত্ অ্যাকাডেমিক ক্যারিয়ার খুবই দীপ্তিমান বা ব্রিলিয়ান্ট। তিনি বিটি পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে রাজনীতির সাথে জড়িত হয়ে পড়লেও শিক্ষকতা ও রাজনীতিকে তিনি কখনো গুলিয়ে ফেলেননি। খুব কম লোকের পক্ষেই এমনটা করা সম্ভব হয়ে থাকে। রাজনীতিক এম.এ মামুন, শিক্ষক এম.এ মামুনকে একটি মুহূর্তের জন্যও পেছনে ফেলতে পারেননি। ৩ মে ২০১৩ মহান শিক্ষক এম.এ মামুনের তিরোধান আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি। মসজিদ্দা হাইস্কুলের সামনে দিয়ে চলাচলের সময় পরিচিত যে কোনো লোকের মনের আয়নায় প্রতিবিম্বিত হতে থাকবে শিক্ষাক্ষেত্রে এক কিংবদন্তির মুখাবয়ব। তিনি এম.এ মামুন। একজন শুদ্ধাচারী শিক্ষাগুরু যিনি আমৃত্যু তাঁর আদর্শের প্রতি আন্তরিক ও আপসহীন ছিলেন। মহান প্রভু আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। লেখক: হূদরোগ বিশেষজ্ঞ ইমেইল: [email protected]