হেফাজতের সমাবেশে উপস্থিত সবাই কি হেফাজতে ইসলাম ?
সম্প্রতি শাপলা চত্বরে যা ঘটে গেল তা কেউ আশা করেনি ঠিকই কিন্তু এটা আশা করেনি যে তাদের কথা দিয়ে কথা না রাখা। সরকার যদি তাদের প্রতি সদয় না থাকতো তাহলে সভা সমাবেশের অনুমতি দিতো না। সরকার সদয় ছিল বলেই ৫ মে তাদেরকে শাপলা চত্বরে সভা করার অনুমতি দিয়েছে। কিন্তু তারা সভাস্থলে আসা থেকে অভিযানের পূর্ব পর্যন্ত যে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো তাতে কোন দেশের জনগণ ও সরকার নিরব ভূমিকা পালন করতে পারে না। তারা অনেক গাড়িতে আগুনসহ ভাংচুর করেছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে। অনেক লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। যে লাইব্রেরিগুলোতে কোরায়ানসহ অন্যান্য ধর্মীয় পুস্তক ছিল। এভাবে যখন ক্রমেই তাদের অমানবিক নির্যাতন বেড়ে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ বাহিনীর অভিযান শুরু হলো। দেশের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর এ অভিযান যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। অভিযানের পর তারা যেভাবে গুজব ছড়িয়ে ছিল যে তাদের ১হাজারের বেশি কর্মী নিহত হয়েছে। তাদের এ অভিযোগ নিশ্চয় গুজব বলে আমি মনে করি। ১হাজারের বেশি কর্মী মারা গেল তারা কারা? যদি হেফাজত হয় তাহলে তাদের তালিকা কই? আজ সকলের মনে একটাই প্রশ্ন হেফাজতের সমাবেশে উপস্থিত সকলে কি আসলেই হেফাজত ইসলাম নাকি?
অর্জুন রায়
বি.বি.এস (ব্যবস্থাপনা)
কারমাইকেল কলেজ, রংপুর।
সরকার ও হেফাজতের
ভুলের খেসারত
হলো ৫ মে
গত ৫ মে দিনটি ছিল আমাদের জন্য কলঙ্কময় ও দুঃখজনক। এ ঘটনাটি আমাদের কারো কাম্য ছিল না। এ ঘটনার জন্য সরকার হেফাজতকে দায়ী করেছে। সরকার বলছে, হেফাজতে ইসলাম গাড়ি পুড়িয়েছে। গরিব মানুষের দোকান পুড়িয়েছে। কিন্তু পরিবহন মালিক ও দোকানদারদের বক্তব্যে এসেছে যারা আগুন দিয়েছে তাদেরকে দেখলে হেফাজতে ইসলামের কর্মী বলে মনে হয় না। তাহলে কারা আগুন লাগালো বইয়ের দোকানগুলোতে? কারা গাড়ি ভাংচুর করলো?
হেফাজত ৫ তারিখ থেকে দেশ চালানোর ঘোষণা দেয়। এটিই ছিল তার সবচেয়ে বড় ভুল। এ বক্তব্যটি ছিল হেফাজতের জন্য স্ববিরোধী। তেমনি ছিল সরকারের জন্য অসম্মানজনক। কারণ তারা পূর্বেই নিজেদেরকে অরাজনৈতিক ঘোষণা করেছে। আর এ বক্তব্যের কারণে সরকার তাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নেয়। তাই সরকার তাদের ব্যাপারে এত কঠিন সিদ্ধান্ত নেয়। তাছাড়া হেফাজতে ইসলাম ঐদিন শাপলা চত্বরে না আসলেও পারতো। এটা ছিল তাদের দূরদর্শিতার অভাব।
সরকারের ঐদিন হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়া ঠিক হয়নি। কারণ তারা পূর্বেই বড় ধরনের পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে। এটা সরকারের বুঝা দরকার ছিল। আবার সরকার অনুমতি দিয়ে কর্মসূচিতে বাধা দেয়ার কারণও আমাদের বোধগম্য নয়। রাতের অন্ধকারে অভিযানের বিষয়টিও পরিষ্কার নয়। সরকারের বড় ভুল ছিল ঐদিনই ২টি চ্যানেল বন্ধ করা। এটা দুই-একদিন আগে-পরে করলে জনসাধারণ বিভ্রান্তিতে কান দিত না। সব মিলিয়ে সরকারের ভাবমূর্তি কিছুটা কমেছে। রেহাই পায়নি হেফাজতও। আমরা আর এ ধরনের কালো অধ্যায়ের পুনরাবৃত্তি চাই না।
মো. আ. রহামন হাওলাদার
বি,এস,এস (২য় বর্ষ), শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়।
শাপলা চত্বর :একটি কংলকিত ইতিহাসের
নিরব সাক্ষী
৫ মে রবিবার ২০১৩, রাজধানীর শাপলা চত্বরে যা ঘটে গেল তা এদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সৃষ্টি করে দিলো। এই দিনটা আমাদের কাছে অনেক বেদনাদায়ক, লজ্জার আর কলঙ্কের। সেদিন ১৩ দফার নামে হেফাজতে ইসলাম এবং পুলিশের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধেছিল তা দেখে পুরো দেশই স্তব্ধ হয়ে গিয়েছিল। দিন রাত শাপলা চত্বরে যা ঘটেছিল তা আসলে কোন মুসলিম গণতান্ত্রিক দেশের সভ্য সমাজে যে হতে পারে তার জ্বলন্ত উদাহরণ দিল সেদিনের শাপলা চত্বর। শাপলা চত্বরের ঘটনার পর নিজেকে একজন মুসলমান দাবি করতে লজ্জা হয়। কারণ যখন প্রকাশ্যে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, দিনের আলোতে পবিত্র কোরান শরীফে আগুন ধরিয়ে দেয়া হয় তখন আমাদের লজ্জা ছাড়া কি বা থাকতে পারে। সেদিন নিজেদের চোখে দেখতে হয়েছিল পবিত্র কোরানে আগুন জ্বলছে । আসলে সেদিন ঐ সব কাফেররা শুধু পবিত্র কোরানেই আগুন ধরিয়ে দেয়নি, দিয়েছে মুসলমানদের বুকে। সেদিন কেবল পবিত্র কোরানের পাতাগুলো পুড়ে যায়নি পুড়ে গেছে এ দেশের মুসলমানের বিশ্বাস, মর্যাদা আর গৌরব, ছাঁই হয়ে গেছে মানুষের মনুষ্যত্ববোধ আর বিবেক।
তানজিনা আফরিন স্বর্না
বি.এস.এস অনার্স, তৃতীয় বর্ষ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারী বিএ কলেজ, বরিশাল।
শাপলা চত্ত্বরে যা ঘটলো তা খুবই দুঃখজনক
মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম যা করে গেল তা ইতিহাসের জঘন্যতম কাজকেও হার মানায়। এমন কোন কাজ নেই যা তারা করে নাই। অর্ধশতাধিক গাড়ি ভাংচুর ও পোড়ানো, রাস্তার সৌন্দর্য বর্ধনের রোড ডিভাইডারের অনেকদিনের বড় বড় গাছ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, ক্ষুদ্র ব্যবসায়ীদের একমাত্র সম্বল দোকান পোড়ানো, বায়তুল মোকাররমের জায়নামাজ, তসবি, অসংখ্য ধর্মীয় গ্রন্থ, এমনকি বিশ্বের নজিরবিহীন ঘটনা দুইশতের অধিক পবিত্র কোরান পোড়ানো। পুলিশের এসআই শাহজাহানকে নির্মমভাবে হত্যা করে তার সঙ্গে থাকা পিস্তল ও গুলিসহ নিয়ে যাওয়া এবং আরো পঁচিশ পুলিশকে গুরুতর আহত করা। সবার মুখে মুখে এখন একই প্রশ্ন, তারা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়? আমরা হাজার হাজার বছর যাবত্ হিন্দু-মুসলমান, খ্রিস্টান-বৌদ্ধ একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে পাশাপাশি বসবাস করছি। কিন্তু কিছু অসাধু স্বার্থান্বেষী লোক আমাদের মধ্যে প্রবেশ করে ধর্মকে ব্যবহার করে দেশটাকে আফগান ও পাকিস্তান বানানোর পাঁয়তারা করে নিজ স্বার্থ হাসিল করতে চায়। আমাদের সবারই উচিত এদের কঠোরহস্তে দমন করা।
পি,বি জয়
ফুলখালীরচালা বি,এম ও কৃষি কলেজ
ঘাটাইল, টাঙ্গাইল।
