ইহা কোনো বিচ্ছিন্ন ঘটনা নহে

আপডেট : ২৮ মে ২০১৩, ২০:৪৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাসায় যুবলীগের দুই নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন হইলেও বিস্মিত হয় নাই। কারণ ইহা কোনো বিচ্ছিন্ন ঘটনা নহে, বরং দেশের বিদ্যমান বাস্তবতারই প্রতিফলন মাত্র। জানা যায়, জমি দখল হইতে প্রাপ্ত টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করিয়া এই হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে। জোরপূর্বক জমি দখলের এই অপকর্মে উভয় পক্ষই অংশ নিয়াছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়াছে, যাহারা খুন হইয়াছেন তাহাদের অতীত রেকর্ডও ভালো নহে। বিশদ বলিবার প্রয়োজন নাই। এইসব বৃত্তান্ত ভুক্তভোগী জনগণের নখদর্পণে। দেশের বিভিন্ন স্থানে প্রায় নিয়মিতই এই ধরনের হত্যাকাণ্ড কিংবা প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটিতেছে। বেশিরভাগ ঘটনার অন্তর্নিহিত কারণও প্রায় অভিন্ন। দলীয় পরিচয়কে ব্যবহার করিয়া চলিতেছে দখল, দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতা। প্রায়শ তাহা আধিপত্য প্রতিষ্ঠা কিংবা ভাগ-বাটোয়ারার রক্তাক্ত লড়াইয়ের রূপ পরিগ্রহ করিতেছে। সবই হইতেছে পুলিশ ও প্রশাসনের নাকের ডগায়। কিন্তু ক্ষমতার জাদুর কাঠির ছোঁয়ায় হয় তাহারা নীরব দর্শকের ভূমিকা পালন করিতেছেন, অথবা বিপুল উত্সাহে নিজেরাও শরিক হইতেছেন এই দুষ্কর্মে। আর তাহার মারাত্মক কুফল ভোগ করিতেছে সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাহাদের পিঠ দেওয়ালে ঠেকিয়া গেলেও পরিত্রাণ মেলে না। পরিত্রাণ যাহাদের হাতে ক্ষমতার দম্ভ তাহাদের ভেদ-বুদ্ধিকে আচ্ছন্ন করিয়া রাখে। এইভাবেই চলিয়া আসিতেছে। সরকার বদল হইতেছে। কিন্তু অবস্থা বদলাইতেছে না। ক্ষমতা যে চিরস্থায়ী নহে এবং সীমা লঙ্ঘনের পরিণাম যে ভালো হয় না—সেই শিক্ষা বা অভিজ্ঞতা সকলেরই আছে। এই ধরনের অপরিণামদর্শিতা কিংবা অবিমৃষ্যকারিতার জন্য ক্ষমতাসীনদের চরম মূল্যও দিতে হইয়াছে বিভিন্ন সময়ে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হইল, কেহই কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। অতীতে যাহা হইয়াছে, এখনও ঠিক তাহাই হইতেছে। ক্ষমতাসীনরা আগে যেমন কোনো নিয়ম-কানুন, রীতি-নীতির তোয়াক্কা করেন নাই, তেমনি এখনও করিতেছেন না। ইহা কোনো নূতন কথা নহে যে, গণতন্ত্রের জন্য ধৈর্য, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নাই। কোনো প্রকার জোর-জবরদস্তি ও স্বেচ্ছাচারিতার স্থান নাই গণতন্ত্রে। আইনের শাসন ও মানবাধিকারই হইল গণতন্ত্রের মূল ভিত্তি। ইহাও তাহাদের অজানা নহে যে, আইনের চোখে সকলেই সমান এবং কেহই আইনের ঊর্ধ্বে নহে। কিন্তু বাস্তবতা হইল, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে ক্ষমতাসীনরা এইসবের তোয়াক্কা করেন না। মুখে গণতন্ত্রের কথা বলিলেও বেশিরভাগ ক্ষেত্রে তাহারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করেন। আর পদে পদে অন্যদের মানবাধিকার হরণ বা লঙ্ঘন করেন। ফলে এক পর্যায়ে ভুক্তভোগী মানুষের ধৈর্যচ্যুতি ঘটে। তাহারা আইন নিজের হাতে তুলিয়া নিতে শুরু করে। পাশাপাশি, সন্ত্রাসী-দুর্বৃত্ত এবং সীমা লঙ্ঘনকারীরাও আরো বেপরোয়া হইয়া উঠিবার সুযোগ পায়। বগুড়ায় যাহা ঘটিয়াছে এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যেইসব খুন-খারাবির ঘটনা ঘটিতেছে তাহাও ইহার ব্যতিক্রম নহে। ক্রমবর্ধমান এই সন্ত্রাস ও হানাহানির লাগাম টানিয়া ধরিতে হইলে আইনের শাসনের কোনো বিকল্প নাই। এই দায়িত্ব নিশ্চিতভাবে ক্ষমতাসীনদের ঘাড়েই বর্তায়। দেশে আইনের শাসন নিশ্চিত করার পূর্বশর্ত হইল—আপনি আচরি ধর্ম অপরে শিখাও। অর্থাত্ সর্বাগ্রে নিজেদের আইন মানিয়া চলিতে হইবে। দল, মত ও সামাজিক বা রাষ্ট্রীয় পদ-পদবি-পরিচয় নির্বিশেষে আইন লঙ্ঘনকারীকে দাঁড় করাইতে হইবে বিচারের কাঠগড়ায়। আইনকে তাহার নিজস্ব গতিতে চলিতে দিতে হইবে। আর ইহার ব্যত্যয় ঘটিলে শুধু যে বগুড়ার জোড়া খুনের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটিতে থাকিবে তাহাই নহে, একই সাথে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার আগুনেও তাহা ঘৃতাহুতি করিবে। আখেরে ইহার পরিণাম যে কতোটা ভয়াবহ হইতে পারে তাহাও কাহারো অজানা নহে।