জাতীয় সংসদের বাজেট সেশন অত্যাসন্ন। নতুন বাজেট প্রণীত হচ্ছে ২০১৩-১৪ সালের জন্য। শীঘ্রই তা পেশ করা হবে সংসদ অধিবেশনে। ইতিমধ্যেই বিভিন্ন পেশা ও গোষ্ঠীর মানুষের সংগে আলোচনা করেছেন অর্থমন্ত্রী। মতামত নিয়েছেন বিশেষজ্ঞদের। তারা তাদের অভিমত জানিয়েছেন। অগ্রাধিকার চিহ্নিত করেছেন। এখন তা জানার জন্য অপেক্ষার পালা। কি আছে নতুন বাজেটের প্রস্তাবনায়?
বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থূল দেশজ উত্পাদনের বা জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ। ২০১০-১১ সালের জন্য প্রণীত প্রেক্ষিত পরিকল্পনা অনুসারে দ্রুত দারিদ্র্য নিরসনের লক্ষ্যে জাতীয় আয়ের উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০১৩-১৪ সাল থেকে ২০২০-২১ সাল নাগাদ জিডিপির প্রবৃদ্ধির হার শতকরা ৭.৬ থেকে ক্রমাগতভাবে শতকরা ১০ ভাগে উন্নীত করে এ দেশকে একটি মাঝারি আয়ের দেশে পরিণত করা হবে। সে হিসেবে আসছে নয়া বাজেটে প্রবৃদ্ধির হার নির্ধারিত হওয়ার কথা ৭.৬ শতাংশে। বর্তমান মহাজোট সরকারের প্রথম তিন বছর অর্থাত্ ২০০৮-০৯, ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে যথাক্রমে ৫.৯, ৬.১ ও ৬.৭ শতাংশ হারে। ২০১১-১২ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। অর্জিত হয়েছে ৬.৩ শতাংশ। ২০১২-১৩ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দেখানো হয়েছে ৭.২ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংক বলছে, এবার প্রবৃদ্ধি হবে ৫.৭ শতাংশ। বিশ্বব্যাংক ধারণা করছে, শেষ পর্যন্ত ৫.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী এবার প্রবৃদ্ধি হতে পারে ৬ থেকে ৬.২ শতাংশ। অর্থ বিভাগ তা নাকচ করে দিয়ে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৬.৬ শতাংশ। অর্থমন্ত্রী বলেছেন, এবার জিডিপির প্রবৃদ্ধির হার কোনক্রমেই ৬.৪ শতাংশের কম হবে না। কৃষি ও শিল্পখাতে প্রবৃদ্ধির নিম্নহার, বিনিয়োগের হারে ক্রমাবনতি, ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, পুঁজিবাজারে ধস, লাগামহীন দুর্নীতি, ঘনঘন হরতাল ও স্মরণকালের জঘন্যতম রাজনৈতিক অস্থিরতা ও প্রতিহিংসার পরও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুমান যদি সঠিক হয় তবে আমাদের জাতির জন্য তা হবে খুবই গৌরবের বিষয়। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে তা কতটুকু গ্রহণযোগ্য হবে তাতে সন্দেহের অবকাশ থাকবে।
প্রেক্ষিত পরিকল্পনা অনুসারে আসছে অর্থবছরে প্রবৃদ্ধির হার নির্ধারিত হওয়ার কথা ৭.৬ শতাংশে। এ পরিকল্পনা মোতাবেক গত ৩ বছর ধরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়ে আসলেও বাস্তবে তা অর্জন করা সম্ভব হয়নি। আমাদের চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান না হলে এবং সামষ্টিক অর্থনীতির গুণগত পরিবর্তন ছাড়া আগামী অর্থবছরেও এরূপ উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। কিন্তু তাই বলে বড় আশায় বুক বাঁধতে কোন অসুবিধা নেই। অর্থনৈতিক মন্দা শিথিল হয়ে আসায় বিশ্বব্যাপী এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও তার সম্ভাবনা আছে। এর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা দরকার। একটি সুখকর আবহাওয়া বিরাজমান হওয়া দরকার আমাদের রাজনৈতিক অর্থনীতিতে। আসছে বাজেট অধিবেশনে সংখ্যাতাত্ত্বিক হিসেব-নিকেশের সংগে এ বিষয়টিরও সুরাহা হওয়া প্রয়োজন।
আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার নামিয়ে আনার কথা ২৯ শতাংশে। ২০২১ সালের মধ্যে ১৫ শতাংশে। এর জন্য লক্ষ্য গোষ্ঠীকেন্দ্রিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নকে কৌশল হিসেবে গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনসংখ্যা ৩১.৫ শতাংশে নেমে এসেছে। ১৯৯২ সালে এই হার ছিল ৫৬.৬ শতাংশ। বর্তমানে দেশে দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনসংখ্যার হার প্রায় ২৭ শতাংশ। ২০১২ সালে প্রকাশিত পরিমার্জিত প্রেক্ষিত পরিকল্পনা অনুসারে ২০১৫ সালে আমাদের দারিদ্র্যের হার ২২.৫ এবং ২০২১ সালে ১৩.৫ শতাংশে হ্রাস করার কথা। বর্তমানে দেশে গড়ে আমাদের দারিদ্র্যের হার হ্রাস পাচ্ছে ২.৫ শতাংশ হারে। সেদিক থেকে আগামীতে আমাদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করা সম্ভব হবে বলে মনে হয়। তবে দেশের দরিদ্র জনগোষ্ঠীর শতকরা হার সম্প্রতি দ্রুত হ্রাস পেলেও মোট দরিদ্র মানুষের সংখ্যা তেমনি দ্রুত বাড়ছে। বর্তমানে প্রায় ৪০ থেকে ৪৫ মিলিয়ন লোক এদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি এবং আয় বর্ধনকারী সম্পদের প্রাপ্যতা হ্রাস। ফলে আপেক্ষিক দারিদ্র্য বা আয় বৈষম্যের মাত্রাও বেশি। এ দুইটি সামাজিক দুষ্টক্ষত একসংগে হ্রাস করার জন্য সমাজের কাঠামোগত পরিবর্তন দরকার। ভোগে ও বণ্টনে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা দরকার। কেবল খয়রাতি সহায়তা ও প্রচলিত অর্থে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে তা সম্ভব হবে না। গরিব মানুষের জন্য আয় বর্ধনকারী সম্পদেরও সৃজন করতে হবে। সম্প্রতি আমার সুযোগ হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সহায়তাপুষ্ট বাংলাদেশ ও ভারতের একটি বেসরকারি দারিদ্র্য নিরসনমূলক প্রকল্পে গবেষণা পরিচালনা করার। হতদরিদ্র পরিবার, সংখ্যালঘু ও নৃগোষ্ঠী এ প্রকল্পের লক্ষ্যবস্তু। আয়োজক বেসরকারি সংস্থা ওদের জন্য অর্থের সংস্থান করছে। জমির বন্দোবস্তু করছে। আধুনিক প্রযুক্তির সংগে ওদের সংযোগ ঘটিয়ে দিচ্ছে। গরু, ছগল, হাঁস-মুরগি প্রতিপালনের ব্যবস্থা করছে। আস্তে আস্তে ওরা স্বাবলম্বী হচ্ছে, ওদের আয় বাড়ছে। বৈষম্য হ্রাস পাচ্ছে। সেইসংগে নিশ্চিত হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন। এটি একটি ব্যাপক প্রক্রিয়া, যেখানে আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুসংগসমূহ জড়িত। কেবল দ্রুত আয় বৃদ্ধির মাধ্যমে চুইয়ে পড়া নীতিতে দারিদ্র্যের হার কমানো মোট দরিদ্র জনসংখ্যা হ্রাসের নিশ্চয়তা বিধান করে না। আপেক্ষিক দারিদ্র্য তথা আয় বৈষম্য নিরসনের ক্ষেত্রেও তা সহায়ক নয়।
দারিদ্র্য হূাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সংগে সরাসরিভাবে জড়িত রয়েছে উত্পাদন ও দ্রব্যমূল্য। মূল্যস্ফীতি হলে তা খাদ্য ও পুষ্টি তথা দারিদ্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। চলতি অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। তা অর্জিত হয়নি। এবার সঠিক মূল্যস্ফীতি দাঁড়াবে প্রায় ৮ শতাংশ। নয়া বাজেটে আগামী অর্থবছরের জন্য মূল্যস্ফীতির হ্রাসকৃত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এর জন্য কৃষি ও শিল্পসহ উত্পাদনশীল খাতসমূহে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। ভোগ-বিলাস পরিহার করতে হবে। আমাদের স্মরণ রাখা দরকার যে, দেশের সাধারণ মূল্যস্ফীতির হার কোনক্রমেই ৫ শতাংমের বেশি কাম্য নয়। প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালে সার্বিক মূল্যস্ফীতির হার ৬.০ শতাংশে এবং ২০২১ সালে ৫.২ শতাংশে সীমিত রাখার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ক্রমাগতভাবে হ্রাস করতে হবে। বর্তমানে গত এপ্রিল মাসের তথ্য অনুসারে খাদ্য মূল্যস্ফীতির হার ৮.৫৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূলস্ফীতির হার ৬.৮১ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। এ বোরো মৌসুমে ধানের ফলন তেমন ভালো না হওয়ায় খাদ্যমূল্য বাড়ছে। সামনের মাসগুলোতে তা আরো বেড়ে যাবার সম্ভাবনা আছে।
কৃষির উত্পাদন বৃদ্ধি তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিখাতে ভর্তুকি দেয়া হচ্ছে। মোট টাকার অংকে প্রতি বছর তা বেড়ে গেলেও মোট বাজেট বৃদ্ধির তুলনায় তা আপেক্ষিকভাবে হ্রাস পাচ্ছে। ২০১২-১৩ সালে কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ ছিল ৬ হাজার কোটি টাকা। মোট কৃষি জিডিপির তা ৩.৯ এবং মোট বাজেটের ৩.১৩ শতাংশ। এটি কৃষি জিডিপির ১০ শতাংশে উন্নীত করা উচিত। সেই সংগে ভর্তুকির টাকা খরচে আরো বিচক্ষণ হওয়া দরকার। বর্তমানে কৃষি ভর্তুকির প্রায় সমুদয় টাকা খরচ হয়ে যায় রাসায়নিক সারের ‘ট্রেড গেপ’ বা বাণিজ্য ঘাটতি মেটাতে। এটা চলে যায় ঠিকাদারদের পকেটে। এরূপ ঢালাওভাবে সার আমদানিতে ভর্তুকি না দিয়ে কৃষি ভর্তুকির টাকা সরাসরিভাবে কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়া যেতে পারে। তাতে করে এ সরকারের আমলে ১০ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট খোলার উদ্দেশ্য সফল হবে। তাছাড়া কৃষিপণ্যের মূল্য সমর্থনেও ভর্তুকি দেয়া যেতে পারে। সম্প্রতি এদেশের কৃষকগণ খুবই মূল্য সচেতন হয়ে পড়েছে বলে মনে হয়। ধান-চালের দাম যথাযথভাবে না পেলে তারা উত্পাদনে উত্সাহ হারায়। পরবর্তী ফসলে বিনিয়োগ হ্রাস পায়। উত্পাদন কমে যায়। এমতাবস্থায় কৃষিপণ্যের মূল্য সমর্থন নীতি খুবই সহায়ক ও ইতিবাচক হতে পারে। কৃষিবীমা চালু এবং তা সম্প্রসারণের ক্ষেত্রেও ভর্তুকি দেয়া যেতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এর অভিখাতে গত ২০ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। জীবন ও জীবিকার ক্ষতি হয়েছে অনেক। ভবিষ্যতে এই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য আবহাওয়া পরিবর্তনের সংগে আমাদের অভিযোজন ব্যবস্থা জোরদার করতে হবে। ইতিমধ্যেই সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড গঠিত হয়েছে। তাছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশগুলোর অর্থায়নের প্রতিষ্ঠা করা হয়েছে ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্স ফান্ড। এ দুটো ফান্ডে অর্থ জমা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আগামীতে আন্তর্জাতিক গ্রিন ক্লাইমেট থেকে অনেক অর্থ বাংলাদেশে আসবে আমাদের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধির জন্য। এর একটি উল্লেখযোগ্য অংশ কৃষি গবেষণা ও সম্প্রসারণের জন্য নির্ধারণ করা উচিত। জলবায়ুর অভিখাত মোকাবেলায় প্রথম আমাদেরকে জলমগ্নতা, লবণাক্ততা ও খরাসহিষ্ণু শস্য ও প্রাণী-পাখির জাত উদ্ভাবন করতে হবে এবং তা ক্রমাগতভাবে উন্নয়ন করতে হবে। গতানুগতিক গবেষণার মাধ্যমে তা সম্ভব হবে না। এর জন্য আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো ও বাজেট দরকার।
প্রাক-বাজেট আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ শিক্ষা, স্বাস্থ্য, ব্রীজ, রাস্তাঘাট, গ্যাস ও বিদ্যুত্ সংযোগ, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা, গভীর সমুদ্রবন্দর স্থাপন ইত্যাদিতে বাজেট বৃদ্ধির জন্য সুপারিশ করেছেন। অনেকে উত্তর বঙ্গের সংগে বৈষম্য হ্রাসের জন্যও বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন। কেউ বলেছেন উপজেলা পরিষদের বরাদ্দ বৃদ্ধির জন্য। ব্যবসায়ীরা বলেছেন, কর ও শুল্ক হ্রাসের জন্য। কিন্তু শহরের তীব্র আবাসন সমস্যা সমাধানকল্পে বরাদ্দ বৃদ্ধির জন্য তেমন জোরালো আওয়াজ ওঠেনি কোথাও। বর্তমানে দেশের শহরগুলোতে শতকরা প্রায় ৩০ ভাগ লোকের বাস। ২০২১ সালে তা ৩৫ ভাগে উন্নীত হবে। তখন আবাসন সমস্যা আরো প্রকট হবে। এ সমস্যার আশু সমাধানের জন্য সরকারি উদ্যোগে স্বল্প ব্যয়ে বহুতল বিশিষ্ট অনেক বিল্ডিং/ ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা নেয়া উচিত। এখন যারা বাড়ি ভাড়া করে ঢাকায় থাকেন, তাদের দুঃখের ও অবমাননার কোন সীমা নেই। অবলীলাক্রমে যখন যত ইচ্ছা তত টাকা ভাড়া বাড়িয়ে দিচ্ছে বাড়িওয়ালা। প্রতিবাদ করলে তত্ক্ষণাত্ই বাড়ি ছাড়ার নোটিস জারি হয়ে যায়। এমতাবস্থায় ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।
এবার বাজেটের আকার হতে পারে ২ লক্ষ ২২ হাজার কোটি টাকা। গত বছর ছিল ১ লক্ষ ৯১ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির হার শতকরা ১৬.২৩ ভাগ। এবার উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৯ শত ৭৩ কোটি টাকা। গত বছরের ৫৬ হাজার ৪ শত ৩৯ কোটি টাকার তুলনায় তা ৩১ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৬ হাজার সাড়ে ৮ শত কোটি টাকা রাখা হচ্ছে পদ্মা সেতু নির্মাণের কাজে ব্যবহারের জন্য। অনেকের মতে এটা তেমন বেশি প্রয়োজনীয় বিনিয়োগ ছিল না। এর চেয়ে ঢাকা-চট্টগ্রামের হাইওয়ে চার লেনে উন্নীত করার কাজ ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার কারো মতে একটি খাতে অনেক বেশি টাকা বরাদ্দ করায় অন্যান্য খাতের ন্যায়সংগত বরাদ্দ কমে যাবে। তাতে উন্নয়ন ব্যাহত হবে। এসব যুক্তি দিয়ে প্রকারান্তরে পদ্মা সেতুর কাজকে গুরুত্বের দিক থেকে হালকা করে দেখার চেষ্টা করা হচ্ছে। এরা সম্ভবত বিশ্বব্যাংক কেন্দ্রিক মতাদর্শের অনুসারী। কিন্তু জাতীয় মর্যাদায় যারা বিশ্বাসী, তাদের কাছে পদ্মা সেতুর জন্য এবারের ৬ হাজার কোটি টাকার বরাদ্দ তেমন কিছু নয়।
বাজেটের ব্যয় মেটানোর জন্য এবার আভ্যন্তরীণ খাত থেকে সরকারের আয় নির্ধারণ করা হচ্ছে ১ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের আয়ের তুলনায় তা ২৫ শতাংশ বেশি। এর জন্য কর ও শুল্কহার বৃদ্ধি পাবে না। করের আওতা সম্প্রসারণ এবং অপ্রচলিত সম্পদ ব্যবহারের মাধ্যমে এ অর্থের সংস্থান করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে জাতীয় বাজেটের একটি প্রধান লক্ষ্য হলো ধনীদের নিকট থেকে অর্থ সংগ্রহ বাড়িয়ে গরিবের কল্যাণে তা ব্যয় করা। একটি কল্যাণমূলক রাষ্ট্রে এ প্রক্রিয়া ক্রমাগতভাবেই অব্যাহত থাকে। আমাদের দেশে তা বরাবরই অনুপস্থিত। আর্থিক ও সামাজিক ক্ষমতার বলয়ে অতি সহজে কেউ আঘাত হানতে চায় না। কারণ যারা বাজেট প্রণয়ন করেন এবং তা অনুমোদন করেন তারা ওই ক্ষমতার বলয়েরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
লেখক : কৃষি অর্থনীতিবিদ, গবেষক ও প্রাবন্ধিক
