আসন্ন বাজেটকে কেন্দ্র করিয়া চলিতেছে নানাবিধ আলোচনা-সমালোচনা। ২০১৩-১৪ অর্থবত্সরের বাজেট কত বড় হইতেছে, বাজেটের কোন কোন খাতে কী বরাদ্দ থাকিতেছে, কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হইতেছে তাহা নিয়া আলোচনা চলিতেছে। বাজেট বিষয়ে সবচাইতে বেশি আলোচিত হইতেছে বাজেটের আকার। সোয়া দুই লক্ষ কোটি টাকা হইতে যাইতেছে এই বাজেট। যাহারা বাজেট নিয়া গবেষণা-পর্যালোচনা করেন, তাহাদের কেহ কেহ বলিতেছেন যে, এবার একটা বৃহত্ বাজেট হইতেছে এবং এত বড় বাজেট হওয়াটা কাম্য নহে। বিষয়টিকে নির্বাচনী বত্সরের প্রেক্ষিতে দেখা হইতেছে। নির্বাচনী বত্সরের বাজেটে রাজনৈতিক বিবেচনাপ্রসূত প্রজেক্টগুলির প্রাধান্য থাকে। সেদিক হইতে আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের অপচয়ের সম্ভাবনা বেশি থাকে বলিয়া বাজেটের আকার ছোট করার জন্য চাপ থাকে। কিন্তু অন্যদিকে যে জিনিসটা মাথায় রাখিতে হইবে তাহা হইল- কোন দল দেশ চালাইবে তাহা ঠিক করার জন্য হইল নির্বাচনী বত্সর। কিন্তু সরকারতো হইল একটি চলমান প্রক্রিয়া। অর্থনীতির দিক হইতে চিন্তা করিলে, অর্থনীতির যে ধারাবাহিকতা তাহার প্রেক্ষাপটে বাজেট প্রণয়ন হওয়া উচিত। নির্বাচনী বত্সর হইলে কিছু কিছু প্রজেক্ট নির্বাচনের কথা চিন্তা করিয়া প্রণয়ন করা হইয়া থাকে। কিন্তু সেইটুকুকে কমানোর জন্য যদি আমরা বাজেটকে ছোট রাখিতে বলি, তাহা হইলে ছোট বাজেট হইতে আমাদের প্রয়োজনীয় প্রজেক্টগুলি কমাইয়াও সরকার চাহিলে নির্বাচনী প্রজেক্ট বাজেটে রাখিতে পারিবে। ফলে বাজেটের আকার ছোট করিলেই নির্বাচনী বিবেচনায় যে প্রজেক্টগুলি নেওয়া হয় সেগুলি কমিয়া যাইবে, তাহা মনে করার কারণ নাই। হয়তো কিছুটা কমিতে পারে, কিন্তু অনেকটাই থাকিয়া যাইবে। অন্যদিকে, ছোট বাজেটের পার্শ্বপ্রতিক্রিয়াও মাথায় রাখিতে হইবে।
একটু অপচয় বেশি হইতে পারে বা নির্বাচনী বত্সর বিবেচনা করিয়া, অর্থনীতির যে ধারাবাহিকতা তাহাকে মাথায় না রাখিয়া যদি আমরা বাজেটের আকার ছোট করি তবে তাহা কিন্তু আমাদের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হইতে পারে। এখন যাহারা সরকারে আছেন, তাহারা হয়তো আবার আসিবেন অথবা আসিবেন না। যদি নূতন একটা দল ক্ষমতায় আসে তখন নূতন সরকার পরের অর্থবত্সরে তাড়াহুড়া করিয়া যে বাজেট দিবে তাহা অর্থনীতির ধারাবাহিকতার জন্য সহায়ক নাও হইতে পারে। তাহার মানে যদি নির্বাচনী বিবেচনা মাথায় রাখিয়া এ বত্সরের বাজেটটাকে অর্থনীতির ধারাবাহিকতায় তৈরি না করা হয়, আর পরের বত্সরের বাজেট যদি তাড়াহুড়া করিয়া তৈরি করা হয় অর্থনৈতিক বিবেচনা না নিয়া, তাহা হইলে আমাদের দুই বত্সরের বাজেট অর্থনৈতিক ধারাবাহিকতার বাহিরে প্রণীত হইবে; যাহা অর্থনীতির জন্য অবশ্যই ক্ষতিকর হইবে। ফলে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ কিছু বাড়িতে পারে-সেই চিন্তা করিয়া অর্থনৈতিক ধারাবাহিকতা মাথায় না রাখিয়া বাজেট প্রণয়ন করা উচিত নহে। আর সেদিক হইতে চিন্তা করিলে বাজেটে অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখিতে হইবে। আজকে বাংলাদেশে যে বিনিয়োগ-স্বল্পতা, আমদানি-স্বল্পতা, ব্যাংকিং খাতের ঋণস্বল্পতা—সেসব বিষয় মাথায় রাখিলে, বাংলাদেশের সামগ্রিক চাহিদা ধরিয়া রাখিতে হইলে সরকারের দিক হইতে বরাদ্দ বাড়াইতে হইবে। বাজেটের আকার একটু বড় করিতে হইবে। সরকারের দিক হইতে বরাদ্দ বাড়াইতে হইলে অবশ্যই অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উপর চাপ পড়িবে। দীর্ঘমেয়াদে হয়তো মূল্যস্ফীতি বাড়িবে, কিন্তু তাহার পরেও আমাদের প্রবৃদ্ধির চিন্তা করিয়া বাজেটকে বড় রাখিতে হইবে। আর মনে রাখিতে হইবে যে, গত বত্সরের ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট যদি মূল্যস্ফীতি মাথায় রাখিয়া সমন্বয় করা হয় তাহাও কিন্তু ২ লক্ষ ৮-১০ হাজার কোটি টাকার মত হওয়া উচিত। সেখান হইতে যদি ১০-১৫ হাজার কোটি টাকা বাড়ানো হয় বরাদ্দে, তবে তাহা খুব একটা বড় ধরনের বৃদ্ধি না বাজেটের ক্ষেত্রে।
