১১ মে ২০১৩ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (ন) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে। প্রাদেশিক পরিষদ নির্বাচনে পাঞ্জাবে পাকিস্তান মুসলিম লীগ (ন), সিন্ধে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে ইমরান খানের পাকিস্তান তেহরিকে-ইনসাফ পার্টি (পিটিআই) এবং বেলুচিস্তানে বিভিন্ন দলের অংশগ্রহণে কোয়ালিশন সরকার গঠনে এগিয়ে আছে। দু’টি কারণে এই নির্বাচন গুরুত্বের দাবি রাখে। প্রথমত পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম পিপিপি সরকার পাঁচ বছর ক্ষমতাসীন থেকে মেয়াদ পূর্ণ করেছে; দ্বিতীয়ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে, যে সরকারটিকে জাতীয় পরিষদে শক্তিশালী দু’টি প্রধান বিরোধী দলকে মোকাবিলা করতে হবে।
দেশি-বিদেশি বিশ্লে¬ষকগণ যখন পাকিস্তানকে একটি দুর্বল রাষ্ট্র (weak state) অথবা ব্যর্থ রাষ্ট্র (failed state) হিসেবে প্রায়শই চিহ্নিত করছেন, এ অবস্থায় ১১ মের নির্বাচন পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে নতুনভাবে ভাবতে উত্সাহিত করবে। এই নির্বাচন পাকিস্তানে গণতান্ত্রিক শাসনে উত্তরণে একটি অগ্রগতির সূচক। কিন্তু গণতন্ত্রকে রাজনৈতিক ব্যবস্থায় এবং সমাজে গভীরভাবে প্রতিষ্ঠার পথে দেশটিতে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। যেমন: ইসলামী জঙ্গিদের সহিংসতা, শাসক শ্রেণির দুর্নীতি, চরম বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, সাম্প্রদায়িক শিয়া-সুন্নি দ্বন্দ্ব ইত্যাদি। অন্যদিকে সামরিক বাহিনী এবং বেসামরিক শাসনের মধ্যে দ্বৈত শাসনের উপস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে বহু নিরীহ মানুষের মৃত্যু এবং তা প্রতিরোধে সরকারের ব্যর্থতা গণতান্ত্রিক শাসনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। কেননা ড্রোন হামলার কারণে লঙ্ঘিত হচ্ছে পাকিস্তানের সার্বভৌমত্ব। ফলে দেশটির অভ্যন্তরে যুক্তরাষ্ট্রবিরোধী জনমত শক্তিশালী হচ্ছে।
নির্বাচনোত্তর সরকার যদি পাকিস্তানের ভবিষ্যত্ গণতন্ত্রের রূপটি বহুত্ববাদের আলোকে গড়ে তুলতে সচেষ্ট না হয়, তাহলে গণতন্ত্রের এই অগ্রযাত্রা নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে। বহুত্ববাদ অর্থাত্ বহু পথ এবং মতের সহাবস্থানের সংস্কৃতি একটি সামাজিক ও সাংস্কৃতিক মতবাদ। যে মতবাদ ভিন্নমত ও পথের মানুষকে সকলের জন্য গ্রহণযোগ্য কিছু নীতির উপর ঐকমত্যের অধীনে বসবাস করতে সহায়তা করে। বহু কৃষ্টি ও জাতিভিত্তিক সমাজ ও রাষ্ট্র বহুত্ববাদের নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলে সে রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন এবং কানাডার মতো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এই মতবাদের উপর প্রতিষ্ঠিত। বহুত্ববাদ শুধুমাত্র রাজনীতিতে প্রতিফলিত হয় না, অর্থনৈতিক ক্ষেত্রেও এর প্রয়োগ সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠায় সহায়তা করে।
পাকিস্তান একটি বহুজাতিক রাষ্ট্র। এর প্রধান প্রধান জাত-গোষ্ঠী হচ্ছে পাঞ্জাবী, সিন্ধি, পাখতুন, বালুচ এবং মোহাজের। অথচ এই বৈচিত্র্যকে অস্বীকার করে পাকিস্তান ইসলাম ও ভারত বিরোধিতাকে পুঁজি করে দেশটির শাসকশ্রেণি জাতীয় চেতনা নির্মাণের চেষ্টা করেছে। কিন্তু ইসলাম পাকিস্তানের জাতীয় পরিচয় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তার প্রমাণ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ। সাম্প্রতিক সময়ে শিয়া-সুন্নি দ্বন্দ্ব ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ধারণা অসার প্রমাণ করে। বালুচ, পাখতুন এবং মোহাজের জাতিগত চেতনার উত্থানও এই ধর্মভিত্তিক জাতীয় চেতনার সাথে সাংঘর্ষিক। তাই বলা হয়, পাকিস্তান জাতীয়তাবাদবিহীন একটি জাতি (a nation without nationalism)।
ভারত বিরোধিতার মাধ্যমে পাকিস্তানের জাতীয় সংহতিকে রক্ষা করার প্রয়াস একটি কৃত্রিম দৃষ্টিভঙ্গি। এর উপর ভিত্তি করে পাকিস্তান তার নিরাপত্তা নীতি গড়ে তুলেছে। এই নীতির ভিত্তিতেই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলতে সফল হয়। মার্কিন সহায়তায় সামরিক শক্তি বৃদ্ধি করে। আর পাকিস্তানের এই নিরাপত্তা নীতির দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। স্বাধীনতার কিছুকাল পর থেকেই যেহেতু সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়, ফলে তারাই রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির নির্ধারকে পরিণত হয়। অর্থাত্ বেসামরিক সরকারের পাশাপাশি তারাও একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করা শুরু করে, যা আজও অব্যাহত রয়েছে। বিশেষ করে যখনই কোন বেসামরিক সরকার ভারতের সাথে সম্পর্কের উদ্যোগ নিয়েছে তখনই সামরিক বাহিনী তাতে বাধা দিয়েছে। শুধু তাই নয়, শাসকশ্রেণি অভ্যন্তরীণ জাতিগত সংগ্রামকে ‘ভারতের ষড়যন্ত্র’ হিসেবে চিহ্নিত করে তা নিপীড়নের মাধ্যমে দমন করেছে।
পাকিস্তানে তেহরিক-ই-তালেবানের সহিংসতা গণতান্ত্রিক সরকারের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আরেকটি হুমকি। এ সহিংসতার পেছনে তালেবানদের পাশ্চাত্য গণতন্ত্র বিরোধিতা কাজ করছে। তারা পাকিস্তানকে ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এছাড়াও জামায়াতে ইসলামীসহ আরও ইসলামী দলও একই মতের অনুসারী। এ দলগুলো জাতীয় পর্যায়ে বড় রাজনৈতিক শক্তি না হলেও প্রাদেশিক পর্যায়ে এদের প্রভাব রয়েছে। তাই প্রাদেশিক পর্যায়ে শরিয়াহ শাসনের প্রভাব লক্ষ্য করা যায়। সঙ্গত কারণে জাতীয় পর্যায়ে ধর্মনিরপেক্ষ শক্তির সাথে ইসলামী দলগুলোর একটি টানাপড়েনের সম্পর্ক বিদ্যমান।
ঔপনিবেশিক শক্তির আনুকূল্য এবং জনসংখ্যা বেশি হওয়ার জন্য পাকিস্তান রাষ্ট্র, প্রশাসন এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পাঞ্জাবিকীকরণ অব্যাহত রয়েছে। সামরিক বাহিনী এবং আমলাতন্ত্রে এখনও পাঞ্জাবীদের আধিপত্য। এর ফলে অন্য প্রদেশগুলোর সাথে পাঞ্জাবের একটি দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব প্রদেশগুলোতে একটি পাঞ্জাববিরোধী মনোভাব তৈরি করেছে। এই পাঞ্জাবী আধিপত্যকে যৌক্তিক পর্যায়ে না রাখতে পারলে গণতান্ত্রিক সরকারের জন্য অস্বস্তির কারণ হবে।
অভ্যন্তরীণ চ্যালেঞ্জের পাশাপাশি পাকিস্তানের গণতন্ত্র শক্তিশালীকরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা। যার ফলে হাজার হাজার নিরীহ নাগরিক নিহত হয়েছে। নওয়াজ শরীফ এবং ইমরান খান উভয়ই এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে তাদের নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা ড্রোন হামলা বন্ধ করবেন। অন্যদিকে নিকটতম প্রতিবেশী ভারতের সাথে পাকিস্তানের রয়েছে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক। এই সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের অর্থনীতির জন্য সহায়ক হতে পারে। এ দুই ক্ষেত্রেই সরকার ও সেনাবাহিনীর মধ্যে সহমত প্রতিষ্ঠা নতুন সরকারের জন্য হবে আরেকটি acid test।
লক্ষণীয় বিষয় হচ্ছে যে, পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা সামন্ততান্ত্রিক শ্রেণির হাত থেকে শিল্প পুঁজিপতি শ্রেণির হাতে গেছে, যা পুঁজিবাদী অর্থনৈতিক উন্নয়ন ধারাকেই শক্তিশালী করবে। এই ধারার সাথে পাকিস্তানের সেনাবাহিনীও সংশ্লি¬ষ্ট। পাকিস্তানের রাজনৈতিক অর্থনীতিতে সেনাবাহিনীর অংশগ্রহণ Milbus প্রবণতা হিসেবে পরিচিত। যাহোক, পুঁজিবাদী উন্নয়ন পাঞ্জাবের সাথে অন্যান্য প্রদেশের উন্নয়ন বৈষম্য, শ্রেণিতে শ্রেণিতে বৈষম্য অর্থাত্ ধনী-দরিদ্রের ব্যবধান অব্যাহত রাখবে।
অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্র নীতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিকেও অগ্রাধিকার দিতে হবে। কেননা দুর্নীতি ও অব্যবস্থাপনার কবলে পাকিস্তানের অর্থনীতি। দেশে বিদ্যুত্ এবং গ্যাসের সংকট তীব্র। বর্তমানে শহরে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুত্ থাকে না। পাকিস্তানে রাজস্ব ঘাটতি বাড়ছে। নিরাপত্তার অভাবে দেশটিতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন অনুযায়ী হচ্ছে না। প্রতি বছর পাকিস্তানের চাকরির বাজারে ২০ লাখ যুবক নতুন করে প্রবেশ করছে। সরকারি হিসাব অনুযায়ী বেকারত্ব ৬ শতাংশ। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। ২০১২ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে পাকিস্তানের অবস্থান ছিল ৩৩তম। সংস্থার হিসেবে ২০১২ সালে দেশটিতে দুর্নীতি হয় প্রায় ১২৮ বিলিয়ন ডলার, যা জিডিপি’র ৬০ শতাংশ। এ অবস্থায় বলা যায়, পাকিস্তানের নতুন সরকারের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৩.৫ থেকে ৬ শতাংশে উত্তরণ দুরূহ হবে।
পাকিস্তানের রাজনীতিতে বেসামরিক রাজনৈতিক শক্তির সাথে সেনাবাহিনীর দ্বান্দ্বিক সম্পর্ক দীর্ঘদিনের। পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির বিষয়ে কর্তৃত্ব সেনাবাহিনীর হাতে থাকার কারণে এই দ্বন্দ্ব খুব সহসা দূর হবে এটা বলা যায় না। তবে ১১ মের নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক রাজনীতি টেক অফ (ঊর্ধ্বে আরোহণ) করেছে এটা নিশ্চিত। নির্বাচনে বিজয়ী প্রধান তিনটি দল পিএমএল-পিপিপি-পিটিআই ত্রয়ী শক্তি যতই নিজেরা গণতান্ত্রিক শাসনের প্রতি দায়বদ্ধ থাকবে, ততই পাকিস্তানের গণতন্ত্র শক্তিশালী হবে। সেনাবাহিনী তখন পিছনের সিটে বসতে শুরু করবে। ১১ মের নির্বাচনে জয়ী প্রধান তিনটি দলের রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার উপর অনেক কিছুই নির্ভর করছে।
লেখক :সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Email: [email protected]
