বর্ষার আগেই বন্যা

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৫২
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে একদফা প্লাবন ও বৃষ্টিপাত হইয়াছে। কয় দিন বাদেই দেশ জুড়িয়া শুরু হইয়াছে প্রবল বৃষ্টিপাত। বর্ষা যেন আগাম আসিয়া পড়িয়াছে। দক্ষিণাঞ্চল পড়িয়াছে জোয়ারের চাপে। ঋতুচক্র না মানিয়া আগাম বা বিলম্বিত প্রাকৃতিক যেকোনো ক্রিয়া জনজীবনে বিপদ ডাকিয়া আনে। মানুষ নিজের স্বার্থে কখনো পরিকল্পিতভাবে, কখনোবা নির্বিচারে প্রকৃতির জন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া রাখিয়াছে। ফলে প্রকৃতি তাহার প্রতিশোধ নিয়মিতভাবে নিতেছে। এই মুহূর্তে ঢাকার আশপাশে এবং দক্ষিণাঞ্চলে জলজট ও প্লাবন বিরাজ করিতেছে। চরম দুর্ভোগের শিকার হইয়াছে ঐসব অঞ্চলের মানুষ। জোয়ারের চাপে চলতি সপ্তাহের শুরুতে বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলীতে বাঁধের তিনটি স্থান ভাঙ্গিয়া ছয়টি গ্রাম প্লাবিত হইয়াছে। ইহাতে সহস্রাধিক গ্রাম পানিবন্দী হইয়া পড়িয়াছে। একই কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাঁধ ভাঙ্গিয়া চারটি গ্রাম প্লাবিত হইয়াছে। ইহাছাড়া তালতলী উপজেলার তিনটি স্থানে বেড়িবাঁধ ভাঙ্গিয়া আটটি গ্রাম প্লাবিত হইয়াছে। বাড়িঘরে পানি ঢুকিয়া পড়িয়াছে। আর মহাসেনের কারণে যেসব পরিবার গৃহহীন হইয়া পড়িয়াছিল, বাড়তি বর্ষণ ও প্লাবন তাহাদের জীবন করিয়া তুলিয়াছে দুর্বিষহ। জানা গিয়াছে, আক্রান্ত মানুষগুলির জন্য ত্রাণ সরবরাহ পর্যাপ্ত নহে। এই দিকে ভারি বর্ষণের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে পানিবন্দী হইয়া পড়িয়াছে লাখ লাখ মানুষ। জলাবদ্ধতার প্রকট সমস্যা দেখা দিয়াছে টঙ্গী-গাজীপুরেও। বিশেষত ডিএনডি অঞ্চলের মানুষের দুর্ভোগ অবর্ণনীয়। কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় তলাইয়া গিয়াছে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ময়লা পানির ভিতর মানবেতর জীবন যাপন করিতেছে এই মানুষগুলি। বস্তুত এই সংকট মানুষেরই তৈরি। এই অঞ্চলে জলাবদ্ধতার প্রধান কারণ জলাভূমি ভরাট ও দখল। বন্যা নিয়ন্ত্রণ ও সেচব্যবস্থার জন্য যেই অঞ্চলে, প্রকল্প আকারে, বাঁধ নির্মাণ এবং অন্যান্য উদ্যোগ লওয়া হইয়াছিল, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে তা এখন অপরিকল্পিত-বিশৃঙ্খল এক অঞ্চলে পরিণত হইয়াছে। সঙ্গে যোগ হইয়াছে অবৈধ-পরিকল্পনাহীন নগরায়ন। প্রশাসনের নাকের ডগাতে, প্রশাসনেরই আশ্রয়ে-প্রশ্রয়ে ইহা ঘটিয়াছে। আজ ঢাকার নিম্নাঞ্চলে বা দক্ষিণাঞ্চলে যেই দুর্ভোগ দেখা দিয়াছে, আগামী দুয়েক মাসের মধ্যে সত্যিকারের বর্ষা আসিলে এই দুর্ভোগ বাড়িবে বই কমিবে না। প্লাবনপ্রবণ বাংলাদেশের মানুষ ইহা একরকম মানিয়াও লইয়াছে। ইহাকে ঘিরিয়া সাধারণ মানুষের এক ধরনের প্রস্তুতিও থাকে। থাকে সরকারেরও সাংবাত্সরিক তত্পরতা। অভিজ্ঞতা ও দুর্যোগ মোকাবিলার সাহস ক্ষয়ক্ষতির পরিমাণ কমাইয়া আনে। বন্যার পর পানি সরিয়া গেলে জমিয়া থাকা পলিতে ফসলের উচ্চ ফলনও দেখা যায়। তবে সর্বগ্রাসী বন্যা মানুষের ব্যক্তিগত ক্ষতির ন্যায় স্থায়ী কিছু সামাজিক-ঐতিহাসিক ক্ষতি করিয়া দিয়া যায়। বন্যায় নদীগর্ভে বিলীন হয় অথবা চিরতরে ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক-পুরাতাত্ত্বিক কোনো স্থাপনা, গুরুত্বপূর্ণ স্কুল-কলেজ অথবা প্রশাসনিক ভবন। আসন্ন বর্ষায় দেশব্যাপী বন্যা হইলে এই গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলি যাহাতে ক্ষতিগ্রস্ত না হয়, পূর্বপ্রস্তুতির আওতায় তাহা গুরুত্ব দিয়া বিবেচনা করিতে হইবে।