প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানের নির্বাচনে জয়লাভের পর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শরিক হওয়ার আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ একটা আবেগঘন প্রকাশ। এই আমন্ত্রণের মাধ্যমে নওয়াজ শরীফ ভারতের সাথে প্রকৃতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। বিষয়টিকে কোনভাবেই আকস্মিক বা অপ্রত্যাশিত বলা যাবে না। নওয়াজ শরীফ বেনজীর ভুট্টোকে পরাজিত করে যে দফায় বিজয়ী হয়েছিলেন, সেবারও তাদের দলের নির্বাচনী ইশতেহারে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক গড়ার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। দুঃখজনকভাবে ঐ সময় ভারতের দিক থেকে যে সাড়া মিলেছিল তাকে মোটেই উষ্ণ বলা যাবে না। ঐ সময়কার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অবশ্য অমৃতসর থেকে বাসে করে লাহোরে গিয়েছিলেন। ঐ সময় দুই প্রধানমন্ত্রী পাক-ভারত সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে অভিমত যেমন ব্যক্ত করেন এবং সে লক্ষ্যে কিছু পদক্ষেপও নিয়েছিলেন। দুঃখের বিষয় হল, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। নওয়াজ শরীফকে যদিও কারগিল যুদ্ধে দুর্ভাগ্যজনক নরহত্যার জন্য দায়ী করা যায় না। কারগিল যুদ্ধের ঘটনায় দায়ী তত্কালীন সেনাপ্রধান এবং পরবর্তীকালের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। পারভেজ মোশাররফ ভেবেছিলেন ভারতের কৌশলগত স্থান কারগিল দখল করে ভারতকে হেনস্থা করবেন। নওয়াজ শরীফ ভারতের মাটিতে অলক্ষ্যে পাকসেনা পাঠানো সম্পর্কে অবহিত ছিলেন না। জেনারেল মোশাররফ এখনো কারগিল সম্পর্কে যে মন্তব্য করেন তা হল ‘অল ওয়্যার অন বোর্ড’। কিন্তু এ বক্তব্য সঠিক নয়। নওয়াজ শরীফকে মোশাররফ অনিচ্ছাকৃতভাবে একটি যুদ্ধে জড়িয়ে ফেলেছিলেন এবং এই যুদ্ধটা শুরু করেছিলেন মোশাররফই। যদিও এই যুদ্ধে তিনি হেরে যান।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কারগিল যুদ্ধে কী হয়েছিল তা তদন্তে কমিটি গঠন করে একটি ভাল উদ্যোগ নিয়েছেন। আমি বিশ্বাস করি কারগিল থেকে পাক সেনাদের প্রত্যাহারের ব্যাপারে নওয়াজ শরীফ আমেরিকার দ্বারস্থ হয়েছিলেন। পাক সেনাবাহিনীর নৈতিকতা বজায়ের লক্ষ্যেই তিনি একাজে প্রবৃত্ত হয়েছিলেন। নওয়াজ শরীফ বিষয়টি প্রেসিডেন্ট ক্লিনটনের সামনে উপস্থাপন করেছিলেন। যদিও তারা দু’জনেই জানতেন যে, কারগিল জেনারেল মোশাররফের সৃষ্টি। যাহোক, কারগিলের ঘটনায় কে দোষী তা নির্ণয় শেষে তাতে সরকারি সীলমোহর সন্নিবেশ হতে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। একইসাথে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় (২৬/১১) জড়িতদের ব্যাপারটিও তদন্তের আওতায় আসতে যাচ্ছে। নওয়াজ শরীফ প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতে সীমান্ত অতিক্রম করে এ ধরনের হামলার কোন ঘটনা ঘটবে না।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের কথা মনে হলেই ভেসে ওঠে নৈরাজ্য, সহিংসতা, একই সাথে তামাশার কথা। এমনকি সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর ছেলেকে অপহরণের বিষয়টিকেও আকস্মিক বা অপ্রত্যাশিত বলা যাবে না। এবারের নির্বাচনের একটি লক্ষ্যযোগ্য দিক হল, রাজনৈতিক দলগুলো সম্ভাব্য বিজয়ী প্রার্থীকেই মনোনয়নদানে সচেষ্ট ছিলেন। দলগুলো তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কেও অবহিত ছিলেন। নির্বাচনের আগেই উপলব্ধি করা গিয়েছিল যে, নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ পাঞ্জাবে শক্তিশালী। আসিফ আলী জারদারির পিপলস পার্টি সিন্ধুতে শক্তিশালী। আবার ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি খাইবার পাকতানখাওয়ায় শক্তিশালী। আর নির্বাচনী ফলাফলও সেই আলোকেই হয়েছে। যদিও নওয়াজ শরীফের বিজয়ের একটি তাত্পর্যপূর্ণ দিক হল, শহর ও গ্রামের আসনগুলোতে তার দল সমানভাবে জয়লাভ করেছে।
এবারের নির্বাচনের একটি লক্ষ্যযোগ্য দিক হল:সবগুলো দলই নির্বাচনী ইশতেহারে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, একইসাথে সম্পর্কোন্নয়নের কথা বলেছে। এতে আমি মোটেই বিস্মিত হইনি এবং আমার কাছে তা অপ্রত্যাশিতও মনে হয়নি। কেননা আমি দেখেছি, উভয় পক্ষের কমন ম্যানরাই সুসম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে থাকেন। সরকারগুলো রাজনীতি করে থাকে। তারা এখন উপলব্ধি করছে যে, পাকিস্তান বা ভারতের মধ্যকার অস্থিরতা আর ‘বিক্রি’ করা যাবে না। নির্বাচনী বৈতরণী পার হতে ভারতবিরোধী শ্লোগান আর কোন লাভ বয়ে আনে না। যদিও উভয় পক্ষ অসংগতির উপর গুরুত্ব আরোপ করে থাকে কিন্তু কমন পয়েন্টসের উপর নয়। এক্ষেত্রে আমি নওয়াজ শরীফের বিজয়ের কথা উল্লেখ করে বলব, তিনি বরাবর ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। আমি ভাবছি এই প্রবণতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জেগে উঠতে বিলম্ব কেন তা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে ভাবতে হবে। নওয়াজ শরীফ বলেছেন, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তিনি যতটা পথ এগিয়েছিলেন তা তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি মনে করি পাক-ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কেননা এর মানেটা হল সংকীর্ণতা, অনুদারতার স্থলে ঔদার্য ও সংস্কারমুক্ততার বিজয়।
পাক নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণও লক্ষণীয় এবং এজন্য ভোটাররা অবশ্যই ধন্যবাদার্হ। ভুললে চলবে না, নির্বাচন ভণ্ডুলে তালেবানরা ভয়াবহরকম হুমকি দিয়েছিল। কেননা বোমাবাজি, সহিংসতা পাকিস্তানে স্বাভাবিক জীবন যাত্রায়ই একটা বড় বাধা। কিন্তু পাকিস্তানি জনগণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে ছিল বদ্ধপরিকর। নওয়াজ শরীফ তিনবার প্রধানমন্ত্রীর পদ লাভ করলেন। এর মানে হল, কোটি জনতা এমন একজনকে আবার জিতিয়ে আনল যিনি বলে আসছেন যে, প্রধানমন্ত্রীই সেনাবাহিনীর বস।
নওয়াজ শরীফকে তার কর্মপরিকল্পনার রূপরেখা তৈরি করতে হবে। পূর্বেকার সরকার গৃহীত অনেক পদক্ষেপই তাকে প্রতিপালন করতে হবে। একইসাথে তার প্রধান কর্তব্য হল নির্বাচনী প্রতিশ্রুতির সর্বাধিক বাস্তবায়ন। এর মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের ব্যাপারটিও। পাকিস্তানে বেকার সমস্যা প্রকট। ফলে অসংখ্য পথভ্রষ্ট তরুণ উগ্র ও ধর্মীয় নেতাদের ফাঁদে পা দিয়ে তাদের দলে ভিড়ছে। নওয়াজ শরীফ সরকারকে এই সংকট সমাধানে পদক্ষেপ নিতে হবে। কেননা ভোটারদের সন্তুষ্টি খুবই জরুরি। এরাই তাকে ক্ষমতায় ফিরিয়ে এনেছে।
জনগণের প্রধান আক্ষেপ হল, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র ব্যাপকভাবে দুর্নীতিতে নিমজ্জিত। এক্ষেত্রেও নওয়াজ শরীফকে পদক্ষেপ নিতে হবে। নওয়াজ শরীফের আরেকটি প্রধানতম কাজ হল সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি করা। নওয়াজ শরীফের প্রতি পরামর্শ হল তিনি যেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে পুনর্গঠন করেন। কেননা এসব প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সামরিক বাহিনীকে দূরে সরিয়ে রাখার এটা একটা সর্বোত্কৃষ্ট পন্থা। সামরিক বাহিনী ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। সাবেক সামরিক কর্মকর্তারা দেশের ৭০ ভাগ ব্যবসা-বাণিজ্য ও আবাসন খাত নিয়ন্ত্রণ করে থাকে। সরকারি ঠিকাদারি পাওয়ার ক্ষেত্রেও তাদের রয়েছে অগ্রাধিকার। কোন গণতান্ত্রিক সরকার এহেন কর্মকাণ্ডের নীরব সাক্ষী হতে পারে না। সামরিক বাহিনীর কাজ হল দেশরক্ষা, দেশ পরিচালনা নয়। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ম্যাচুরিটিও প্রতিভাত হয়েছে। পাকিস্তানের স্বাধীনতা লাভের পর এই প্রথমবারের মত দেশটিতে নির্বাচিত রাজনৈতিক দলের অধীনে সাধারণ নির্বাচন হল। পাকিস্তানে সেনাবাহিনীর অবস্থান সেন্টার স্টেজে। সম্ভবত এখনো সেই অবস্থান বিদ্যমান। অশান্ত দেশে খণ্ড-বিখণ্ড রাজনৈতিক কাঠামো সেনাবাহিনীর জন্য সহায়ক। সেনাবাহিনী এখনো স্বাভাবিকতার জন্য নানাভাবে বার্তা দিয়ে যাচ্ছে।
জারদারি আগামী সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের পদে থাকবেন। তার কার্যকাল শেষে মুসলিম লীগ নেতাকে এমন একজন গ্রহণযোগ্য প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে যিনি নওয়াজ শরীফের প্রাত্যহিক কর্মকাণ্ডে অবাঞ্ছিত হস্তক্ষেপ করবেন না। একইসাথে অধিক মাত্রায় খবরদারি করা বিচার বিভাগের প্রতিও নওয়াজ শরীফকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী দীর্ঘদিন ধরে আসীন এবং ডিসেম্বরে তিনি অবসরে যাবেন। ঐ পদে নিয়োগদানের ক্ষেত্রেও নওয়াজ শরীফের নিস্পৃহ দৃষ্টিভঙ্গি কাম্য নয়। উল্লিখিত পদক্ষেপসমূহের মাধ্যমে নওয়াজ শরীফ তার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সমর্থ হবেন। একইসাথে তিনি স্বাধীনভাবে শাসনকার্যও পরিচালনায় সক্ষম হবেন।
গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব সমধিক। জেনারেল মোশাররফ ব্যক্তিশাসন চালু করতে গিয়ে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছেন। সন্দেহ নেই, সাম্প্রতিক নির্বাচন আবার প্রমাণ করেছে যে, গণতান্ত্রিক শক্তিই পুনরায় জয়লাভ করেছে। জনগণ নিশ্চিত করেছে যে, পাকিস্তানে বছর কয়েক আগে গণতান্ত্রিক পদ্ধতির যে যাত্রা শুরু হয়েছিল তার মূলোত্পাটন হয়নি। এক্ষণে নওয়াজ শরীফেরই দায়িত্ব হল জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে তাদের বিশ্বাসকে অটুট রাখা। দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদন নওয়াজ শরীফকে প্রভূত সাহায্য করবে।
লেখক :ভারতীয় কলামিস্ট
ভাষান্তর :কায়কোবাদ মিলন
