সত্ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৫৩
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিয়াল্লিশ বছর হল। যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল তা আজ বিস্মৃত প্রায়। স্বাধীনতার দীর্ঘদিন পরও আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সমর্থ হইনি। অথচ সম-সাময়িককালে এশিয়া তথা বিশ্বের কয়েকটি দেশ স্বাধীনতা অর্জন করেছিল। তারা আজ আমাদের চেয়ে উন্নয়নে এগিয়ে গেছে। অথচ আমরা এখনও পিছিয়ে আছি। স্বয়ংসম্পূর্ণ তথা স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রায় সব উপাদানই এখানে বিদ্যমান। কিন্তু এই উপাদানগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। আমাদের আছে বিপুল মানবগোষ্ঠী যা দেশের প্রধান উপাদান, প্রাকৃতিক সম্পদ, কৃষিবান্ধব ভূমি, পর্যটন কেন্দ্র ও উন্নয়নমুখী শিল্পখাত যা দিয়ে এ দেশের স্বনির্ভরতা অর্জন সম্ভব। কিন্তু এই স্বনির্ভরতা শুধু স্বপ্নই থেকে গেছে। দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও যোগ্য নেতৃত্বের অভাবই স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেয়নি। দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য যে নেতৃত্বের প্রয়োজন তা তৈরি হচ্ছে না। সত্ ও যোগ্য নেতৃত্ব তৈরির যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সেগুলোই আজ অস্থিরতায় ভুগছে। দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা লেগেই আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিক মূল্যবোধ বিকাশের পরিবর্তে স্বার্থপরতা, আধিপত্য বিস্তার ও নীতিহীন কর্মকাণ্ডের চর্চা হচ্ছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দেশকে নিয়ে ভাবার পরিবর্তে হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িয়ে পড়ছে। লেজুড়ভিত্তিক দূষিত ছাত্র রাজনীতির কারণে ছাত্রসমাজ আগামীদিনের কর্ণধার হতে পারছে না। আর দেশের এই দূষিত ছাত্ররাজনীতিকে পরিচালনা করছে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকরা। আজকের ছাত্রসমাজ দেশের জন্য রাজনীতি করছে না, তারা রাজনৈতিক দলের নেতাদের সমর্থক হিসেবে ব্যবহূত হচ্ছে। এছাড়া আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে তা হচ্ছে নীতিহীন শিক্ষা। ব্রিটিশ আমলের সেই শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের দেশে বিদ্যমান। ব্রিটিশ ভারতে লর্ড মেকলে প্রণীত প্রথম শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য ছিল একশ্রেণির এলিট তৈরি করা, যারা চিন্তা ও চেতনায় হবে ইংরেজ। তারা দেশ প্রেমিক হবে না। সেই নীতিহীন, মূল্যবোধবর্জিত শিক্ষাব্যবস্থার ভিত এখনো আমাদের দেশে রয়ে গেছে। এই নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থার কারণে আমাদের শিক্ষার্থীদের মন ও মানস গঠিত হচ্ছে। ফলে তারা আগামী দিনের সত্ ও যোগ্য নাগরিক তৈরি হচ্ছে না। দেখা দিচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, যাতে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। আমাদের ছাত্র রাজনীতির সোনালী অতীত রয়েছে। সেই সোনালী অতীত থেকে শিক্ষা নিতে হবে। রাজনৈতিক নেতাদের ছাত্রসমাজকে নিজেদের কাজে ব্যবহার করা যাবে না। ছাত্ররাজনীতি যেন তার নিজ গতিতে চলতে পারে সে ব্যবস্থা থাকতে হবে। ছাত্ররাজনীতি হবে দেশের মানুষের জন্য, মানুষের স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের মানবিক মূল্যবোধ বিকাশের জন্য। আগামীর বাংলাদেশ যেন সমৃদ্ধশালী হয় সেজন্য কি করতে হবে, তাই হবে ছাত্র রাজনীতির বিষয়। উন্নয়ন ও দুর্নীত বিষয় দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্নীতি দমনের জন্য চাই সত্ ও যোগ্য নেতৃত্ব। বর্তমানে দেশের প্রায় সব উন্নয়ন ও সেবামূলক খাতে দুর্নীতি বিরাজ করছে। আর এজন্যই দেশের সামগ্রিক উন্নয়ন প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এমন কোন খাত নেই যেখানে দুর্নীতি নেই। আজকে যারা নেতৃত্বের আসনে বসে আছেন তারাই বড় দুর্নীতিবাজ, কারণ তারা সত্ নন। সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। সাধারণ মানুষকে শোষণ করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে। ফলে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে সম্পদের সুষ্ঠু বন্টন হচ্ছে না। সমাজে মানুষে মানুষে বৈষম্য বাড়ছে। দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। একটি দেশের উন্নয়ন মানে দেশের সামগ্রিক উন্নয়ন। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন, সেবার মান বৃদ্ধি, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই দেশের উন্নয়ন। দেশের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কিছু লোক থাকবে যারা চিন্তা ও কর্মে সত্ হবে। তারা তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাদের মধ্যে লোভ-লালসা থাকবে না, তাদের মধ্যে থাকবে মানবিক মূল্যবোধ। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা নিরলস কাজ করে যাবে। ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। আমাদের দেশের অগ্রগতি দেখে উন্নয়ন স্বাপ্নিকরা এদেশকে সম্ভাবনাময়ী বলে থাকেন। দেশের কিছু খাত যেমন মানব সম্পদ রপ্তানিতে প্রবাসী আয়, পোশাকশিল্প, হিমায়িত চিংড়ি রপ্তানি, তথ্য-প্রযুক্তি খাতে অনেকটা এগিয়ে গেছে। অন্যান্য খাতেও আমাদের এগিয়ে যেতে হবে। বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম-দুর্নীতি দূর করতে হবে। আর এজন্য দরকার সত্ ও যোগ্য নেতৃত্ব। পরিশেষে বলা যায়, দেশের উন্নয়নে দরকার সত্ ও যোগ্য নেতৃত্ব যারা হবে কাজে উন্নয়নকর্মী ও চেতনায় উন্নয়ন স্বাপ্নিক। তাদের মানবিক মূল্যবোধ সর্বদা জাগ্রত থাকবে। তাই শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সত্ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। তাহলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। লেখক : শিক্ষার্থী, এমএসসি, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া