তামাকের ক্ষতি : জনসচেতনতার বিকল্প নেই

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৫৩
প্রতিবছর ৩১ মে পালিত হয়ে থাকে বিশ্বতামাকমুক্ত দিবস। এবারে বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য হলো তামাকের ব্যবহার প্রতিরোধে বিজ্ঞাপন ও স্পনসরশীপ বন্ধ করা জরুরি। তামাকের ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি: বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে তামাকে ৪০০০ এর বেশি কেমিক্যালস আছে যার মধ্যে কমপক্ষে ২৫০টি কেমিক্যালস স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হিসেবে চিহ্নিত এবং ৫০টির বেশি কেমিক্যালস যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী। বিভিন্ন দেশে বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে অল্প বয়সের ছেলে মেয়েদেরকে তামাক চাষে নিয়োগ দেয়া হয় যারা ‘গ্রীন টোব্যাকো’ নামের এক প্রকার অসুখে আক্রান্ত হয়। শরীরের প্রতিটি অঙ্গ তামাকের ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়। ক্যান্সার, হার্টের বিভিন্ন রোগ, স্ট্রোক, চুলপড়া, চোখে ছানি পড়া, শ্বাসকষ্ট ও পায়ে পচন সবই তামাক ব্যবহারের কারণে হয়। জর্দা ও সাদা পাতা ব্যবহারের ফলে খাদ্যনালীতে ক্যান্সার হয়। গর্ভবতী মা ও শিশু তামাকের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বে ৬০ লক্ষ লোক তামাকের ব্যবহারজনিত কারণে মৃত্যুবরণ করেন। অনেকে ধূমপান না করলেও ধূমপায়ীর সৃষ্ট ধোঁয়ার কারণে বায়ু দূষণের ফলে অনৈচ্ছিক ধূমপানের শিকার হন। ফলে একজন অধূমপায়ীও তামাকজনিত ধোঁয়ার কারণে বিভিন্ন রোগের শিকার হন। উল্লে¬খিত ৬০ লক্ষের মধ্যে ৬ লক্ষ লোক নিজে ধূমপান করে না কিন্তু ধূমপায়ীর ধূমপানজনিত কারণে পরোক্ষ ধূমপায়ী হিসেবে মৃত্যুবরণ করে। বর্তমান হার অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৮০ লক্ষ লোক ধূমপানজনিত কারণে মৃত্যুবরণ করবেন, যার প্রায় ৮০% এর বেশি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে হবে। উন্নত দেশগুলোতে শিক্ষিতের হার বেশি ও ব্যাপক সচেতনতার কারণে তামাকের ব্যবহার কমলেও উন্নয়নশীল দেশগুলোতে তামাকের ব্যবহার বেড়েই চলেছে। এর কারণ হিসাবে তামাক কোম্পানীগুলোর ব্যাপক প্রচারণা এবং উন্নয়নশীল দেশগুলোতে নিরক্ষরতাকে দায়ী করা যায়। বাংলাদেশে ১৩ই মার্চ ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন পাস হয়। পরবর্তী সময়ে আইনের সংশোধনী আনা হয়েছে। আইনকে আরো যুগোপযোগী করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইনের জন্য জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের অবদান অপরিসীম। আইনটি পাস হওয়ায় বাংলাদেশ একদিকে বিশ্বসভায় গর্ব বোধ করতে পারে। এখন আমরা পেয়েছি আইনের শক্তি। আইনের শক্তিকে কাজে লাগানো সম্ভব হয়নি বিধায় তামাক নিয়ন্ত্রণ আইনের সুফল আমরা এখনো পুরোপুরি পাইনি। আইনের বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা যদি আইনের সুফল লাভ করতে চাই, তবে এটির বাস্তবায়নে সকলের অংশগ্রহণ তথা সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ধূমপানের লাভ-ক্ষতি বিশ্লে¬¬ষণ করলে দেখা যাবে ধূমপানের যত ক্ষতি সবই নিজের, পরিবারের ও রাষ্ট্রের। লাভ শুধু তামাক কোম্পানীর। ধূমপায়ী নিজের স্বাস্থ্যের ক্ষতি করেন এবং পরিবেশকে দূষিত করেন। তাছাড়া সীমিত আয়ের লোক তাঁর আয়ের একটি অংশ ধূমপানে খরচ করেন। ফলে তার পরিবার প্রয়োজনীয় ভোগ থেকে বঞ্চিত হয়। একজন ধূমপায়ী বিভিন্ন সময় অসুস্থ থাকেন বিধায় কর্মস্থলে ঘন ঘন অনুপস্থিত থাকেন। তাই তামাকের অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি। ধূমপান বর্জনের কৌশল: অনেকে বলেন চেষ্টা করেও ধূমপান ছাড়তে পারছি না। তামাকে নিকোটিন নামে যে রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে তা আসক্তি সৃষ্টি করে। ফলে তামাক বর্জন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে দৃঢ় ইচ্ছশক্তি, সহকর্মী, পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের উত্সাহজনক সহযোগিতা নিশ্চিত করে ধূমপান বর্জন করা সম্ভব। তবে এ ব্যাপারে প্রবল ইচ্ছশক্তিই বেশি কার্যকর। এবারের প্রতিপাদ্য বিষয়: তামাকের বিজ্ঞাপন ও স্পনসরশীপ বন্ধ করে অপরদিকে তামাকের ক্ষতিকর বিষয় ও কুফলগুলো ছবিসহ তুলে ধরলে এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের ছবি এঁকে কোথায় কী কী রোগ হয় ইত্যাদি বর্ণনা করে, বিভিন্ন সাইজের পোস্টার, লিফলেট বিলি-বণ্টন করা হলে এবং সিগারেটের প্যাকেটে এই সমস্ত সতর্কবাণী বড় বড় অক্ষরে লিখে দৃষ্টিগোচর করতে পারলে জনগণ তামাকের কুফল সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন এবং তামাকের কুফল তথা এর ভয়াবহতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে নিজেদের অজান্তে মনের মধ্যে একটি ভয়-ভীত জেগে উঠবে। এভাবে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে আকর্ষণীয় বিজ্ঞাপন ও স্পনসরশীপ বন্ধ করে তামাকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে। লেখক:নির্বাহী সচিব, আধূনিক